Showing posts with label কুরআন অনুবাদ. Show all posts
Showing posts with label কুরআন অনুবাদ. Show all posts

কুরআনের হেদায়েত সবার জন্য

কুরআনের হেদায়েত সবার জন্য

الحمد لله وسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد...

সংক্ষেপে তিনটি কথা আরয করছি।

প্রথম কথা, মসজিদের সাথে আমাদের সম্পর্ক কেবল রমযান কেন্দ্রিক হওয়া উচিত নয়। মসজিদের সাথে আমাদের সম্পর্ক হবে দায়েমী। দুনিয়াতে জান্নাতের নমুনা মসজিদ।

দ্বিতীয় কথা, কুরআন মাজীদের সাথে আমাদের সম্পর্ক যেন হয় দায়েমী। একবার একজনকে দেখেছি, তাঁর ভক্তদেরকে বলছেন, তিলাওয়াত করতে না পারলে কুল হুওয়াল্লাহ দুই শ বার পড়েন। এ কথাটা শুনে আমার বড় কষ্ট লেগেছে। সূরা ইখলাস দু শ বার কেন চার শ বার পড়। এক হাজার বার পড়। কিন্তু এটা পুরো কুরআন শেখার বিকল্প কীভাবে হয়? না পড়তে পারলে শিখেন- এ কথা বলতে হবে। মুসলমানকে কুরআন শিখতে হবে। পড়তে পারতে হবে।

আমরা রমযানে তারাবীতে কুরআন শুনলাম। কুরআন শুধু শোনা- এটা কোনো মুমিনের শান হতে পারে না। মুমিনকে কুরআন শোনানোর যোগ্যতা অর্জন করতে হবে। এক সূরা, দুই সূরা, এক পারা, দুই পারা এভাবে পরিমাণ বাড়াতে হবে। পুরা কুরআন যেন তিলাওয়াত করতে পারে, দেখে দেখে পুরা কুরআন পড়তে পারে এমন যোগ্যতা অর্জন করতে হবে। এজন্য আমরা এই রমযান থেকেই মেহনত শুরু করি। প্রয়োজনে আলিফ বা তা ছা থেকে শুরু করি।

কুরআন শেখা ফরয। সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখা সবার উপর ফরয। শেখার জন্যে এখন আপনাদের কোনো ওযর নেই যে, আমরা কুরআন শেখার জন্যে কোনো রাস্তা পাইনি। দশ বছর আগের বৌনাকান্দি আর এখনকার বৌনাকান্দিতে কত পার্থক্য! দশ বছর আগের হযরতপুর আর এখনকার হযরতপুরে কত পার্থক্য! পুরা কুরআন সূরা ফাতেহা থেকে নাস পর্যন্ত দেখে দেখে সহীহ-শুদ্ধভাবে পড়তে পারার যোগ্যতা যুবকদের সবাইকে অর্জন করতে হবে। অর্জন করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর বুড়োরা ছোট ছোট সূরা দিয়ে শুরু করবেন। আর বড় বড় সূরা অংশ বিশেষ করে শিখতে হবে। শিখতে শিখতে কবরে যাব। শেখা বন্ধ করে কবরে যাওয়ার চেয়ে শিখতে শিখতে কবরে যাওয়া কি ভালো না?

হযরত হারদুঈর ঘটনা। তাঁর সাথে সম্পর্ক রাখতেন এমন এক জেনারেল শিক্ষিত লোক। হয়ত ডাক্তার হবেন। তিনি নাযেরা শিখেছেন। আগ্রহ হল, পুরা কুরআন হিফয করবেন। তার বুঝ হল, আমি যদি হিফয শেষ করতে নাও পারি, হিফয করতে করতে কবরে যাই...। ঠিক যখন তার এক পারা দুই পারা করে (সম্ভবত) আঠার পারা  হিফয হল, তখন আল্লাহ্র পক্ষ থেকে ডাক এসেছে। তিনি কবরে চলে গেছেন। তো এখন আল্লাহ্র পক্ষ থেকে কী আশা করতে পারি। শুরু করা তো আমার সাধ্যের ভেতরে আছে। শেষ করানো আল্লাহ্র কাজ। কুরআন শেখার ক্ষেত্রে এ কথা বড় অন্যায় যে, নামাযে তো কেবল আমার চার সূরা দরকার। আচ্ছা, কুরআন কি শুধু নামাযের জন্য, না যিন্দেগীর জন্য?

তৃতীয় বিষয় হল, বুযুর্গদের একটি উক্তি আছে। বড় চমৎকার। পুরা বাস্তবসম্মত কথা- رب تال للقرآن والقرآن يلعنه অনেক মানুষ আছে এমন যে, সে কুরআন তিলাওয়াত করে আর কুরআন তাকে লানত করে। অর্থাৎ সে নিজেই কুরআনের ভাষায় নিজকে লানত করে চলেছে। কুরআন তিলাওয়াত করতে করতে সে হয়ত পড়ছে  فَنَجْعَلْ لَعْنَتَ اللهِ عَلَى الْكَاذِبِينَ মিথ্যাবাদীদের উপর আল্লাহ্র লানত। ও লোক মিথ্যাবাদী। সে তিলাওয়াত করছে অথচ মিথ্যা ছাড়ছে না। সে হয়ত পড়ছে- أَلَا لَعْنَةُ اللهِ عَلَى الظَّالِمِينَ অত্যাচারীদের উপর আল্লাহর লানত অথচ সে নিজেই মানুষের উপর যুলম করে। যেখানেই তার ক্ষমতা থাকে সেখানেই সে যুলুম করে। এভাবে সে নিজেই নিজেকে কুরআনের ভাষায় লানত করে।

তিলাওয়াত শব্দটা বড় তাৎপর্যপূর্ণ। তিলাওয়াত শব্দের মধ্যে এই কথাও আছে যে, যা পড়বে সে অনুসারে চলবে। তালা-ইয়াতলু- পেছনে পেছনে চলা। পড়ব আর যা পড়ছি ওটার পেছনে পেছনে চলব। কুরআনের হেদায়েতগুলো মেনে চলব। তিনটা কথা বলা হল আল্লাহ আমাদেরকে আমল করার তাওফীক দান করুন।



দ্বিতীয় মজলিস

আমরা যদি চিন্তা করি, এই রমযানে আমাদের দেশে কত খতম হয়েছে; তারাবীতে, তাহাজ্জুদে, নফলে; মসজিদের তারাবীতে, ব্যক্তিগত তারাবীতে...। আর যদি সারা বিশ্বের কথা ধরা হয় তাহলে তো বলতে হবে, খতম অনবরত চলতে থাকে। হারামে তারাবী চলছে। আরো পশ্চিমে আরো পরে তারাবী শুরু হবে। চব্বিশ ঘণ্টা সব জায়গায় ঘুরে ঘুরে তারাবী চলতে থাকে।

আমাদেরকে যে কথাটি মনে রাখতে হবে তা হল, তিলাওয়াত কুরআনের একটি হক, একমাত্র হক নয়। তিলাওয়াত অনেক গুরুত্বপূর্ণ হক তবে কুরআনের আরো বড় বড় হক রয়েছে। কুরআনের সব হককে যদি এক কথায় বলতে চাই, তাহলে কুরআনের ভাষায়-

وَ قَالَ الرَّسُوْلُ یٰرَبِّ اِنَّ قَوْمِی اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا.

আর রাসূল বলবেন, হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় এ কুরআনকে পরিত্যক্ত করে রেখেছিল। -সূরা ফুরকান (২৫) : ৩০

মক্কার মুশরিকরা যখন দাওয়াত কবুল করেনি তখন হয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেকায়েত করেছেন- সেটা এখানে উদ্ধৃত হয়েছে, অথবা আখেরাতে শেকায়েত করবেন- সে কথা এখানে উদ্ধৃত হয়েছে। কুরআনকে ছেড়ে দেওয়ার অর্থ কী, কীভাবে হয়? যত কিছু কুরআন ছেড়ে দেওয়ার অধীনে আসে তত কিছু হিজরানে কুরআনের আওতায় আসে।

এর বিপরীত হল, কুরআনকে গ্রহণ করা। কুরআনের হক আদায় করা এবং যথাযথভাবে আদায় করা। যদি আমরা কুরআন তিলাওয়াতের হকের কথা বলি তাহলে শুধু তিলাওয়াতই আল্লাহ ফরয করেছেন- তা নয়। حَقّ تِلَاوَتَه... তিলাওয়াতের হক আদায় করে তিলাওয়াত করা জরুরি। তিলাওয়াতের হক আদায় করার জন্য কমপক্ষে তিনটা বিষয় দরকার। ১. তিলাওয়াত বিশুদ্ধ হতে হবে। ২. বুঝে বুঝে তিলাওয়াত করতে হবে। ৩. তিলাওয়াত মোতাবেক আমল করতে হবে। তাহলে এটা হবে হক আদায় করে তিলাওয়াত করা।

হক আদায় করে কুরআন তিলাওয়াত করতে হবে- এ কথার উপর এ আয়াত যে দালালাত করে এটা এ আয়াতের দালালাতুন নস। الدلالة بالطريقة الأولوية। দালালাতুন নস অনেক সময় ইবারাতুন নস থেকে অধিক শক্তিশালী হয়। আবলাগ হয়। কথাটা তালিবুল ইলম ভাইদের জন্য বলে রাখলাম।

এই আমরা তিলাওয়াত শুনলাম, এটা যদি বুঝে শুনে হয়- চাই সেটা নির্ভরযোগ্য কোনো অনুবাদনির্ভর হোক- যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে, কুরআনের কত বিধান পরিত্যক্ত হয়ে আছে।

প্রথম ঈমানের বিষয়টা ধরি। যেসব করণীয় সম্পর্কে কুরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় বিষয়  ঈমান। কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান সম্পর্কে যত আয়াত আছে আমরা আমাদের সমাজে তালাশ করে দেখি- কোন্ ঈমান আল্লাহ ফরয করেছেন আর সমাজে আছে কী? কত আকীদা কুরআন ফরয করে দিয়েছে আর আমাদের সমাজের বড় অংশ সে আকীদার কাছেধারেও নেই। কুরআনের তালীমগুলোকে ব্যাপকভাবে চর্চা করা দরকার।

 هُدىً لِلنَّاسِ কুরআন তো সবার জন্যে হেদায়েত। যাদের দিলে আল্লাহ্র ভয় নেই আখেরাতের ভয় নেই, তারা এখান থেকে হেদায়েত গ্রহণ করে না। এটা তাদের দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আল্লাহ তো দিয়েছেন সবার জন্যে।  হেদায়েত গ্রহণ করে, উপকার গ্রহণ করে কেবল মুত্তাকীরা- هُدًى لِلْمُتَّقِينَ । যদিও শুধু মুত্তাকীদের জন্য দেননি। দিয়েছেন সবার জন্যে।

প্রয়োজন কুরআনে কারীমের সকল হেদায়েতের ব্যাপক চর্চা। বিশেষত ফরযে আইন শ্রেণির হেদায়েতগুলোর তো অত্যাবশ্যকভাবে ব্যাপক চর্চা দরকার। এমনিভাবে যে শ্রেণির মানুষের জন্য যে হেদায়েতগুলো বিশেষভাবে দেওয়া হয়েছে সে শ্রেণির মানুষের মাঝে ওই হেদায়েতগুলো বিশেষভাবে প্রচার-প্রসার করা দরকার।

মুসলিম বিশ্বের যত দেশ আছে সব দেশের সরকারকে, প্রশাসনের লোকদেরকে কুরআন মাজীদ কী কী কথা বলেছে? বিচারকদেরকে কী বলেছে? আইনের লোকদেরকে কী বলেছে?

যত অ্যাডভোকেট আছে সবাইকে কুরআন এক কথা বলে দিয়েছে-

وَ لَا تَكُنْ لِّلْخَآىِٕنِیْنَ خَصِیْمًا.

খেয়ানতকারীদের পক্ষে ওকালতী করতে যেও না। যে হকের উপর আছে তার পক্ষে তুমি সাফাই গাও। তাকে আইনি সহযোগিতা দাও। যে হকের উপর নেই, যে খেয়ানত করছে, তার পক্ষে তুমি দাঁড়াতে পারো না।

তারা কি কুরআন পড়ে না? কুরআনের তরজমা পড়ে না? হয়ত না। হয়ত এমনও লোক থাকবে, যারা কুরআন ধরেও দেখে না। কিন্তু এ সকল বিধান সকলেই জানে।

পুরো মুসলিম বিশ্বে যত আদালত আছে, কোর্ট আছে, বিচারপতি ও বিচারক আছে, সবাইকে কুরআন বলে দিয়েছে-

اَفَحُكْمَ الْجَاهِلِیَّةِ یَبْغُوْنَ   وَ مَنْ اَحْسَنُ مِنَ اللهِ حُكْمًا لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ.

যারা ওহীর ইলম থেকে বঞ্চিত তোমরা কি তাদের বিধান চাচ্ছ? অথচ তোমরা দাবি কর তোমরা মুমিন। তোমরা মুসলিম। তাদের তাহযীব তামাদ্দুন, তাদের আইন ও সংবিধান কীভাবে তোমাদের আইন হয়? এর ভিত্তিতে কীভাবে তোমরা ফায়সালা কর? তুমি যদি মুমিন হয়ে থাক তবে কুরআনের চেয়ে ভালো বিধান তোমাকে কে দিবে? এর চেয়ে বড় আইন কে দেবে? কার কাছে যাচ্ছ? তোমার রব তো আল্লাহ। তোমার খালিক মালিক আল্লাহ। আল্লাহ্র বান্দাদের উপর হুকুমত করবে, আল্লাহ্র বান্দাদের ঝগড়া মিটাবে, মামলা মোকাদ্দমার ফায়সালা করবে, বিচার করবে, সেই বিচারের নীতি তুমি কার থেকে নেবে? তোমার খালিক থেকে নাও। তোমার মালিক থেকে নাও। যিনি মাবুদ তার কাছ থেকে নাও। সবকিছু কুরআনে আছে।

وَ مَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْن.

আল্লাহ্র নাযিল করা বিধান মোতাবেক তুমি ফায়সালা করছ না, তুমি যালিম না হয়ে আর কী হবে?

তুমি মুমিন। তোমার হেদায়েতের জন্য আল্লাহ কুরআন দান করেছেন, এর মধ্যে সবকিছু আছে। একজন বিচারকের জন্যে যা কিছু দরকার, একজন সরকার প্রধানের যা কিছু দরকার সব হেদায়েত ও নির্দেশনা এবং মূলনীতি দেওয়া আছে। একজন আইনজীবীর যা দরকার হয় আছে। একজন ব্যবসায়ীর যা দরকার হয় আছে। সামাজিক রীতিনীতির জন্য যা দরকার সব আছে। একটা ভালো সমাজের জন্যে যা দরকার সব আছে। যত শ্রেণির মানুষ এবং মানব জাতির যত ধরনের সমস্যা হতে পারে সবকিছুর হেদায়েত এবং সমাধান কুরআনে আছে। আল্লাহ তো তোমাকে ইলমে ওহী দান করেছেন। কুরআন-সুন্নাহর মাধ্যমে এই উম্মতকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন। তুমি কেন অন্যের দুয়ারে হাত পাতবে?!

কুরআনে কারীম সকল ক্ষমতাধর শাসকগোষ্ঠীকে সম্বোধন করে নমুনা দিয়ে দিয়েছে-

اَلَّذِیْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَ اٰتَوُا الزَّكٰوةَ وَ اَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَ نَهَوْا عَنِ الْمُنْكَرِ  وَ لِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ.

যাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজের নির্দেশ  দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে। আর সকল কাজের পরিণাম আল্লাহ্র এখতিয়ারে। -সূরা হজ¦ (২২) : ৪১

কুরআন তাদেরকে জানিয়ে দিয়েছে সেই নির্দেশও, যা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাঁকে আল্লাহ তাআলা নবুওতও দান করেছিলেন এবং বাদশাহীও দান করেছিলেন। বাদশাহী কী এবং কেন তা জানিয়েছেন আল্লাহ তাআলা তাঁকে। এবং সেই হেদায়েত কুরআনে নাযিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের জন্য বিধান করে দিয়েছেন। ইরশাদ হয়েছে-

يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِیْفَةً فِی الْاَرْضِ فَاحْكُمْ بَیْنَ النَّاسِ بِالْحَقِّ وَ لَا تَتَّبِعِ الْهَوٰی فَیُضِلَّكَ عَنْ سَبِیْلِ اللهِ  اِنَّ الَّذِیْنَ یَضِلُّوْنَ عَنْ سَبِیْلِ اللهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌۢ بِمَا نَسُوْا یَوْمَ الْحِسَابِ.

হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার কর এবং খেয়াল-খুশীর অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহ্র পথ হতে বিচ্যুত করবে। যারা আল্লাহ্র পথ হতে ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কারণ তারা বিচারদিবসকে ভুলে আছে। -সূরা ছদ (৩৮) : ২৬

কুরআন খতম তো সবাই করেছে, সব দেশের প্রশাসনের সব লোকেরা করেছে, আদালতের সব লোকেরা করেছে, পার্লামেন্টের সব লোকেরা করেছে। কুরআন কিন্তু সবাইকে সম্বোধন করে করে বলেছে, পথনির্দেশ দিয়েছে, দিয়ে যাচ্ছে। কুরআন বলেছে, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, ধোঁকা ছাড়ো। ভেজাল ছাড়ো। দুর্নীতি ছাড়ো। মাপে কম দিও না। ওয়াদা পুরা করো। প্রতিশ্রুতি ভঙ্গ করো না।...

যুবকদেরকে কেমন পাক্কা ঈমানদার হতে হবে সে বর্ণনা আল্লাহ সূরা কাহফে দিয়েছেন-

اِنَّهُمْ فِتْیَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَ زِدْنٰهُمْ هُدًی ، وَّ رَبَطْنَا عَلٰی قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ لَنْ نَّدْعُوَاۡ مِنْ دُوْنِهٖۤ اِلٰهًا لَّقَدْ قُلْنَاۤ اِذًا شَطَطًا.

তারা ছিল একদল যুবক, যারা নিজ প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদেরকে হেদায়েতে প্রভূত উৎকর্ষ দান করেছিলাম। আমি তাদের অন্তর সুদৃঢ় করে দিয়েছিলাম। এটা সেই সময়ের কথা যখন তারা (রাজার সামনেই) দাঁড়াল এবং বলল, আমাদের প্রতিপালক তিনিই, যিনি আকাশম-লী ও পৃথিবীর মালিক। আমরা তাঁকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে কখনোই ডাকব না। তাহলে তো আমরা চরম অবাস্তব কথাই বলব। -সূরা কাহ্ফ (১৮) : ১৩-১৪

কোন্ শ্রেণীর মানুষ আছে, যে বলবে, আমার কথা কুরআনে নেই। বাচ্চাদের কথা বলুন, মা-বাবা তাদেরকে কীভাবে লালন পালন করবে সে কথা কুরআনে আছে। মৃত্যু এসে গেছে, কবরে কীভাবে সোপর্দ করবেন, কবরে গিয়ে তার কী হালত হবে। সব এসে গেছে কুরআনে। কুরআন হল যিন্দা কিতাব। কুরআন এমন জিনিস না যে, এটা গিলাফে ভরে তাকে রেখে দিবেন। কুরআন এমন কিতাব নয় যে, শুধু তিলাওয়াত করে ক্ষান্ত থাকবেন।

তিলাওয়াত করার সময় আপনাকে কুরআন বলতে থাকবে। শুধু তিলাওয়াত করে চলে যাবেন এটা হবে না। গাফেল হয়ে কেউ কুরআন তিলাওয়াত করে চলে যাবে এটা হতে পারে না। কুরআন তাকে সজাগ করে দিবে। দিল খুলে, দিলের কান খুলে যে তিলাওয়াত করে, কুরআন তাকে গাফেল থাকতে দেয় না। আল্লাহ তাআলা এজন্যই  মুমিনের দায়িত্বে কুরআন তিলাওয়াত জরুরি করে দিয়েছেন। কুরআন তিলাওয়াত ঈমানী দায়িত্ব। এর দ্বারা মুমিনের ঈমান জাগ্রত হয়। ঈমানী তাকাযা জাগ্রত হয়। এই জিনিসটা আমরা খেয়াল করার চেষ্টা করি। যার সাধ্যে যতটুকু আছে, কুরআনের হেদায়েতগুলোকে বাস্তবায়নের চেষ্টা করি।

কুরআনকে আমরা যিন্দা কিতাব হিসাবে গ্রহণ করি। শুধু তিলাওয়াত করে খতম করব। এটা অনেক বড় সওয়াবের বিষয়। কিন্তু হক আদায় করে তিলাওয়াত শুধু খতম করা আর সওয়াব হাসিল করার নাম নয়। সবাই সবার সাধ্যের ভেতরে কুরআনের হেদায়েতগুলোকে বাস্তবায়নের  চেষ্টা করি। ...وَ عِبَادُ الرَّحْمٰنِ  এ আয়াতে আল্লাহ তার বান্দাদের গুণাবলী বলে দিয়েছেন।  قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ এখানে আল্লাহ মুমিন বান্দাদের গুণাবলি বলে দিয়েছেন। উলুল আলবাব- কারা কুরআনে বলে দেওয়া হয়েছে। মুত্তাকী কারা- বলে দেওয়া হয়েছে।

গতকাল সূরা মাআরিজে তিলাওয়াত হল, মুসল্লি কেমন হবে। মুসল্লি এমন হবে, মুসল্লির সিফাত এই হবে। মুসল্লির মধ্যে চারিত্রিক পবিত্রতা থাকতে হবে। মুসল্লিদের গুণাবলি ওখানে বর্ণনা করা হয়েছে। মুসল্লিদের সম্পদে, যা আল্লাহ্র দেয়া, তাতে বঞ্চিতদের হক থাকে। কুরআনে বর্ণিত এ সকল সিফাত খুঁজে খুঁজে নিজের মধ্যে আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তাওফীক নসীব করেন।

আমর বিল মারুফ নাহি আনিল মুনকার  ও জিহাদের কত আয়াত কুরআন মাজীদে আছে। এসব আজ অবহেলিত। ইসলামী খেলাফত নেই। এ কথা আমরা বলি। এখন সরকারও বলে- দেশে ইসলামী খেলাফত নেই। ইসলামী হুকুমত নেই। ইসলামী হুকুমত না থাকার কারণে খেলাফত বিষয়ক যত ইসলামী বিধান আছে সব মাফ!! নাউযু বিল্লাহ!

ইসলামী হুকুমত কীভাবে হবে? ইসলামী হুকুমত কি আসমান থেকে নাযিল হয়, যেমন ঈসা আ.-এর উম্মতের জন্যে আসমান থেকে তৈরি খাবার এসেছে? যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সে যদি তার হুকুমতকে ইসলামী তরীকায় পরিচালনা করে তাহলে ইসলামী হুকুমত আসে। সে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের চূড়ান্ত বিভাগ খুলবে। সে জিহাদের বিধান বাস্তবায়ন করবে। হুদূদ (ইসলামী দ-বিধি) বাস্তবায়ন করবে। তার অফিস আদালত সবকিছু কুরআন-সুন্নাহ মোতাবেক হবে। তাহলে ইসলামী হুকুমত অস্তিত্ব লাভ করবে। মুসলিম দেশের সরকার যদি বলে, আমাদের দেশে ইসলামী হুকুমত নেই। এজন্য এ সকল বিধান প্রযোজ্য না- এর চেয়ে হাস্যকর কথা আর কী আছে!

সকল মুসলিম দেশের প্রশাসনকে ডেকে ডেকে কুরআন বলে, তোমরা আমর বিল মারুফের কাজ কর। নাহি আনিল মুনকারের কাজ কর। ইবাদত নিজে কর। ইবাদতের পরিবেশ কায়েম কর। সালাত কায়েম কর। যাকাত আদায়ের ব্যবস্থা কর। নিজে যাকাত দাও।  তোমার অধীনস্থরা যাকাত দিচ্ছে কি না সেটা তদারকি কর। শরীয়ত যে সকল হদ নির্ধারণ করে দিয়েছে সে হদগুলো কায়েম কর। চুরির কী শাস্তি? ফাহেশার কী শাস্তি? মদ্যপানের কী শাস্তি? কোন্টার কী শাস্তি সেটা বাস্তবায়ন কর। নিজের থেকে পণ্ডিতি করো না। শরীয়ত যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা বাস্তবায়ন কর। সেটা বাস্তবায়ন করবে, সুফল পাবে। নিজের থেকে পণ্ডিতি করলে একে তো শরীয়তের বিধান লংঘন হবে, শরীয়তের বিপরীতে আরেক আইন দাঁড় করানোর মত কুফরী কাজ হবে, অপর দিকে ফায়দা কিচ্ছু হবে না। ক্ষতি আর ক্ষতি হবে।

মাদরাসার মধ্যে কুরআনের পরিবেশ, ঘরের মধ্যে কুরআনের পরিবেশ- এটা যে আল্লাহ্র কত বড় নিআমত- এটা বুঝতে পারে সে, যার পুরো ঘর এক দিকে আর সে কুরআন  শিখেছে, কুরআনী যিন্দেগী, ঈমানী যিন্দেগী বোঝা শুরু করেছে এবং সেটা একটু বাস্তবায়ন করতে চায়। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের জন্য পারে না। তখন বোঝা যায় পরিবেশটা কুরআনী হওয়া, পুরো পরিবারটা কুরআনী হওয়া কত বড় নিআমত।

একটা ঘরে পর্দার পরিবেশ নেই। হঠাৎ একজন পর্দার বিধান জেনেছেন। আল্লাহ তার ঈমানী শক্তি জাগ্রত করে দিয়েছেন। মনে করুন, তিনি তার মায়ের কাছে বসা। এমন সময় তার কাছে আসতে চায় তার ভাবি বা এমনও হতে পারে, আপনার ভাবি ওখানে আর আপনি কোনো দরকারে ওখানে যেতে চান। তখন তাকে সরে যেতে হবে বা আপনাকে অপেক্ষা করতে হবে। এটা অনেক বড় একটা বাধা। কিন্তু যদি আপনিও পর্দার বিধান মানেন সেও পর্দার বিধান মানে তাহলে বিষয়টা সহজ। আপনার ভেতর যদি পর্দার বিধানের গুরুত্ব থাকে, আপনি যদি দ্বীন-ঈমান শিখে থাকেন তাহলে এই বাধার উপর আপনি খুশিই হবেন।

আমি আমার ভাতিজাদের ঘটনা শুনিয়েছি। যখন রিয়াদ থেকে এসেছি, তারা একেবারে ছোট। আমি ঘরে ঢুকেছি। গ্রাম দেশে একটা ঘরের দুইটা পাশ থাকে। একটাকে বলে আতীনা। সামনের অংশ আর ভেতরের অংশ। আমি সামনের অংশ থেকে ভেতরের অংশে গিয়েছি। এখন বের হব। বাইরে উঠান। উঠান আবার দুই ধরনের, ভেতরের উঠান, বাইরের উঠান। আমি ভেতরের উঠানে যাব, আম্মার সাথে দেখা করার জন্য। যাওয়ার আগে আমি আওয়াজ দিব। কিন্তু আমি আওয়াজ দেওয়ার আগেই ভাতিজারা আমার ভাব দেখে বুঝতে পেরেছে আমি ওইদিকে যাব। তখন দুজনই দুই হাত বাড়িয়ে দিয়ে আমাকে নিষেধ করছে, এদিকে আসবেন না, আসবেন না; আম্মা ওখানে আছেন। কে তাদেরকে এটা শিখিয়েছে? এটা শিখিয়েছে তাদের পরিবেশ।

আমাকে বাধা দিয়েছে এতে আমি খুশি। আমাকে যদি এক ঘণ্টা বা দুই ঘণ্টাও দেরি করতে হয়, তাও আমি খুশি। কিন্তু যদি কারো কাছে এই বিধানের গুরুত্ব না থাকে তাহলে  সে এক-দুই ঘণ্টা  তো দূরের কথা বাধা দেওয়ার উপরেই নারাজ হয়ে যাবে। মাদরাসার তালিবুল ইলম যারা, তাদের পুরা পরিবারটাই যদি এমন মাদরাসী হয় তাহলে এক অবস্থা। আর যদি এমন হয়, পরিবারের মধ্যে সে একজনই মাদরাসায় পড়ছে তাহলে দেখুন কী দুর্দশা! ভাবীরা নারাজ। কারণ, তার সামনে এসে পড়লে সে অন্যদিকে তাকিয়ে থাকে। সে হয়ত মায়ের কাছে বসা। হঠাৎ ভাবী না জানিয়ে সামনে এসে পড়লেন। তখন সে অন্যদিকে তাকিয়ে থাকল এবং উঠে চলে গেল। এতে উনারা নারায। কারণ, পর্দার বিধানের গুরুত্ব এখনো তাদের অন্তরে বসেনি।

এখন তো অনেকে পর্দার বিধানকেই ভাগ করে ফেলেছে। খাস পর্দা আর আম পর্দা। শরীয়তে দুই ধরনের পর্দা নাই। শরীয়তে আছে পর্দার বিধান। কেউ পুরা মানে আর কেউ কিছুটা মানে। ঘরে পর্দা আছে, খাস পর্দা নাই- এর মানে হল, পর্দা নেই। এজন্য খালা শাশুড়ি, মামী শাশুড়ি কত ধরনের শাশুড়ি যে আছে। এই সব শাশুড়িরা পর্দার বিধানের আওতায়। এসব শাশুড়ির সাথে পর্দা করতে হবে। আসল শাশুড়ি তো হলেন আপনার স্ত্রীর মা। হাঁ, আপনি অন্যদের খোঁজ-খবর নেন ভায়া হয়ে। আপনার স্ত্রীর মাধ্যমে। সরাসরি তাদের সাথে কথাও বলতে যাবেন না। দেখা দেওয়া তো দূরের কথা। এ সমস্ত কথা কে মানে? এগুলো তিক্ত কথা। কঠিন কথা। এগুলোর পরিবেশ তৈরি করতে হবে। এমন পবিত্র পরিবেশই কুরআনী পরিবেশ।

ঘরকে কবরস্তান বানাবেন না। কবরস্তানে কেউ কুরআন পড়ে না। ঘরকে কুরআনের আলোয় আলোকিত করুন। রেডিও ছেড়ে, মোবাইল ছেড়ে কুরআন তিলাওয়াত দিয়ে দিন শুরু করেছেন। সূরা ইয়াসীনের তিলাওয়াত  শোনার মধ্য দিয়ে দিন শুরু করেছেন। ভালো কথা, কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। সূরা ইয়াসীনের অর্থের প্রতি খেয়াল করুন। সূরা ইয়াসীনকে বলা হয়েছে কলবুল কুরআন। এ সূরায় পুরো কুরআনের হেদায়েতের সারসংক্ষেপ চলে এসেছে। অর্থ বুঝে বুঝে সূরা ইয়াসীন শুনুন এবং সে মোতাবেক আপনার দিনটা পরিচালিত করুন। আপনার ঘরটা, দোকানটা পরিচালিত করুন। তাহলে সূরা ইয়াসীন শোনা সার্থক। এক ধাপ আরো অগ্রসর হোন, সূরা ইয়াসীনের তিলাওয়াত শিখুন; নিজে তিলাওয়াত করুন। আরও সূরা শিখুন। পূর্ণ কুরআনের সহীহ তিলাওয়াত শিখুন, তিলাওয়াত করুন এবং কুরআনের ইলম ও আমল গ্রহণ করুন।  আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক নসীব করুন- আমীন।

আলকুরআন ও আলহাদীছে,আলকুরআন ও আলহাদীছে♥ আল্লাহ রাব্বুল ‘আলামীনের সত্তা,

আলকুরআন ও আলহাদীছে♥  আল্লাহ রাব্বুল ‘আলামীনের সত্তা, গুণাবলী, কুদরাত ও অধিকার সম্পর্কে অনেক কথা ছড়িয়ে আছে। সেই কথাগুলোর নিরিখে অতি সংক্ষেপে মহান আল্লাহর পরিচয় তুলে ♥

♣ ধরার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস।♣

♦♦ আল্লাহর পরিচয় ♦♦

আল্লাহ এক, অদ্বিতীয়।
আল্লাহর আব্বা নেই, আম্মা নেই।
আল্লাহর স্ত্রী নেই, পুত্র নেই, কন্যা নেই।
আল্লাহ তখনো ছিলেন যখন আর কেউ ছিলো না, আর কিছু ছিলো না।।
আল্লাহ তখনো থাকবেন যখন আর কেউ থাকবে না, আর কিছু থাকবে না।
অর্থাৎ আল্লাহ চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন।
আল্লাহ ধ্বংসের ঊর্ধ্বে।
আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল।
আল্লাহর ক্ষুধা নেই, পিপাসা নেই।
আল্লাহ কিছু খান না।
আল্লাহ কিছু পান করেন না।
আল্লাহর তন্দ্রা নেই, নিদ্রা নেই।
আল্লাহ অন্যমনস্ক হন না।
আল্লাহ কিছু ভুলে যান না।
আল্লাহকে কোন সৃষ্টি দেখতে পায় না।
কিন্তু সকল কিছু তাঁর দৃষ্টির অধীন।
আল্লাহর দৃষ্টির বাইরে কোন কিছুই থাকা সম্ভব নয়।
আল্লাহ একই সময়ে মহাবিশ্বের সকল প্রাণী, বস্তু ও শক্তি (energy) দেখতে পান।
আল্লাহ সব কিছুই শুনেন।
মহাবিশ্বের সর্বত্র উচ্চারিত প্রতিটি কথা ও উত্থিত প্রতিটি আওয়াজ তিনি একই সময়ে শুনতে পান।
আল্লাহ একচ্ছত্র সম্রাট।
মহাবিশ্ব আল্লাহর সাম্রাজ্য।
এই সাম্রাজ্যের মালিকানায় ও পরিচালনায় তাঁর কোন অংশীদার নেই।
আল্লাহ কারো মুখাপেক্ষী নন।
প্রতিটি প্রাণী, বস্তু ও শক্তি (বহবৎমু) অস্তিত্ব লাভের জন্য ও টিকে থাকার জন্য তাঁর মুখাপেক্ষী।
আল্লাহ সকল কিছুর ওপর ক্ষমতাবান।
মহাবিশ্বের সর্বত্র তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠিত।
আল্লাহ মহাজ্ঞানী।
আল্লাহর জ্ঞান সীমাহীন।
আল্লাহ সর্ব শক্তিমান।
আল্লাহর শক্তি সীমাহীন।
আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা।
আল্লাহর সৃষ্টি-ক্ষমতার শেষ নেই।
আল্লাহ জীবন দেন।
আল্লাহ মৃত্যু দেন।
আল্লাহ জীবিত থেকে মৃতকে এবং মৃত থেকে জীবিতকে বের করেন।
আল্লাহর অনুমতি ছাড়া কারো ওপর বিপদ-মুছীবাত আসতে পারে না।
আল্লাহর ক্ষমতা অ-প্রতিরোধ্য।
আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান তাতে বাধ সাধবার শক্তি কারো নেই।
আল্লাহ যদি কারো অ-কল্যাণ করতে চান তা প্রতিরোধ করার শক্তি কারো নেই।
আল্লাহ সর্ব-বিজয়ী, মহা পরাক্রমশালী।
আল্লাহ সূক্ষ্মদর্শী।
আল্লাহ মহাবিজ্ঞ।
আল্লাহ পরম দয়ালু, করুণাময়।
আল্লাহ শাস্তি দাতাও।
আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন।
আল্লাহ সার্বভৌম সত্তা।
আদেশ-নিষেধের সর্বোচ্চ ও চূড়ান্ত ক্ষমতা একমাত্র তাঁর।
আল্লাহর বিধানই চূড়ান্ত আইন।
আল্লাহ যা ইচ্ছা তা-ই করতে পারেন।
আল্লাহ যা ইচ্ছা তা-ই সৃষ্টি করতে পারেন, করেন।
আল্লাহ কোন কিছু সৃষ্টি করতে চাইলে বলেন “হও”, আর অমনি তা হয়ে যায়।
আল্লাহ শূন্য থেকে বা অনস্তিত্ব থেকে সৃষ্টি করতে পারেন।
আল্লাহ যা করেন তার জন্য কারো কাছে জওয়াবদিহি করতে হয় না।
অন্য সবাইকে তাঁর নিকট জওয়াবদিহি করতে হয়।
আল্লাহ সকল মৌলিক পদার্থ সৃষ্টি করেছেন।
আল্লাহ সকল যৌগিক পদার্থ সৃষ্টি করেছেন।
আল্লাহ মহাবিশ্বের প্রতিটি অণু-পরমাণুর স্রষ্টা।
তিনি শ্রেণী মতো পরমাণুগুলোকে সংযুক্ত কিংবা সংমিশ্রিত করে বিভিন্ন
বস্তুসত্তার অস্তিত্ব গড়ে তোলেন।
আল্লাহ প্রথমে আসমান ও পৃথিবীকে যুক্ত অবস্থায় সৃষ্টি করেন, পরে এইগুলোকে পৃথক করে দেন।
আল্লাহ সময়ের ছয়টি অধ্যায়ে মহাবিশ্ব সৃষ্টি করে আরশে সমাসীন হয়েছেন।
আল্লাহ মহাবিশ্বকে সাতটি স্তর বা অঞ্চলে বিন্যস্ত করেছেন।
আল্লাহর নির্দেশেই আসমান ও পৃথিবী সু-প্রতিষ্ঠিত রয়েছে।
আল্লাহ মহাকর্ষ বল (Gravitation) সৃষ্টি করে এর দ্বারা মহাবিশ্বের সকল কিছুকেই একটি ভারসাম্যপূর্ণ সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করে রেখেছেন।
আল্লাহ মহাবিশ্বের সকল কিছুর আকার, আয়তন ও গতিপথ নির্দিষ্ট করে দিয়েছেন।
আল্লাহ প্রত্যেকটি জিনিস সৃষ্টি করে প্রত্যেকটিকে তার করণীয় জানিয়ে দিয়েছেন।
আসমান ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর ফরমানের অধীন।
আল্লাহ সূর্য ও চাঁদকে এমন নিয়মের অধীন করে রেখেছেন যার ফলে পৃথিবীতে একের পর এক বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে, রাত দিনের আবর্তন ঘটে এবং মানুষ মাস ও বছরের হিসাব রাখতে

পারে।
আল্লাহ আলো সৃষ্টি করেছেন।
আল্লাহ আঁধার সৃষ্টি করেছেন।
আল্লাহ ছায়া সৃষ্টি করেছেন।
আল্লাহ পৃথিবী-পৃষ্ঠে পাহাড়-পর্বত গেড়ে দিয়েছেন যাতে পৃথিবী আপন পথে চলতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে হেলে দুলে না পড়ে।
আল্লাহ ভূ-পৃষ্ঠকে বাসোপযোগী ও আবাদযোগ্য বানিয়েছেন।
আল্লাহ পৃথিবীর চারদিকে বায়ুর একটি পুরু বেষ্টনী সৃষ্টি করেছেন।
আল্লাহ ঘনীভূত অক্সিজেনময় ওজোন (ozone) স্তর সৃষ্টি করে তেজষ্ক্রিয় মহাজাগতিক রশ্মিকে ভূ-পৃষ্ঠে পৌঁছতে বাধাগ্রস্ত করেছেন।
আল্লাহ পৃথিবীকে মাটি সম্পদ, বন-সম্পদ, ঘাস-সম্পদ, উদ্ভিদ সম্পদ, লতা-গুল্ম সম্পদ, পানি সম্পদ, সামুদ্রিক উদ্ভিদ সম্পদ, মাছ সম্পদ, পাখি সম্পদ, পশু সম্পদ, তাপ-বিদ্যুৎ সম্পদ, খনিজ

সম্পদ ইত্যাদি সম্পদে ভরপুর করেছেন।
আল্লাহ মাটির গভীরে সোনা, রূপা, হীরা, লোহা, তামা, কয়লা, পেট্রোল, গ্যাস ইত্যাদি সম্পদ মওজুদ করে রেখেছেন।
আল্লাহ ভূ-পৃষ্ঠে গাছ-গাছালির খাদ্য হবার উপযোগী বহু জৈবিক উপাদান মওজুদ করে রেখেছেন।
আল্লাহ পৃথিবীর মাটিকে শস্য ফলানো, শাক-সবজি ফলানো, গাছ জন্মানো ও নানা প্রকারের গাছে নানা আকারের নানা রঙের নানা স্বাদের ফল ফলানোর উপযোগী বানিয়েছেন।
আল্লাহ পৃথিবীর বুকে নদ-নদী ও সাগর-মহাসাগর সৃষ্টি করে সেইগুলোকে পানির রিজার্ভারে পরিণত করেছেন।
আল্লাহ নদ-নদী ও সাগর-মহাসাগরকে অফুরন্ত মাছ সম্পদে পরিপূর্ণ করেছেন।
আল্লাহ সাগর-মহাসাগরের গভীরে বিচিত্র ধরনের প্রাণী, মণি-মুক্তা, সৌন্দর্য-শোভার অন্যান্য উপকরণ ও সামুদ্রিক উদ্ভিদ মওজুদ করে রেখেছেন।
আল্লাহ পানি সৃষ্টি করেছেন এবং এটিকে যমীনকে সিক্ত করা, প্রাণীর পিপাসা মেটানো ও দানা-বীজকে অংকুরিত করার গুণ দান করেছেন।
আল্লাহ আগুন সৃষ্টি করেছেন এবং এটিকে তাপ ও আলো বিতরণের গুণ দান করেছেন।
আল্লাহ বিদ্যুৎ শক্তি সৃষ্টি করেছেন এবং এটিকে বিভিন্ন যন্ত্র চালানো ও বালবের ভেতর সঞ্চালিত হয়ে আলো ছড়ানোর গুণ দান করেছেন।
আল্লাহ পানি থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ ও মেঘ থেকে বৃষ্টি সৃষ্টি করেন।
আল্লাহর নির্দেশে বায়ু প্রবাহিত হয়, বায়ুতে ভর করে মেঘ দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়ে ও মেঘ থেকে বৃষ্টি নামে।
আল্লাহ খাদ্য দ্রব্যে মানুষের দেহ পুষ্ট করার গুণ দান করেছেন।
আল্লাহ মধুসহ বিভিন্ন দ্রব্যে রোগ নিরাময়ের গুণ দান করেছেন।
আল্লাহ নূর থেকে ফেরেশতাদের সৃষ্টি করেছেন।
আল্লাহ ফেরেশতাদেরকে তাঁর অবাধ্যতা করার ক্ষমতা দেননি।
ফেরেশতারা আল্লাহর বিশ্বস্ত অনুগত কর্মচারী।
আল্লাহ আগুন থেকে জিন জাতিকে সৃষ্টি করেছেন।
আল্লাহ জিনদেরকে তাঁর আনুগত্য করার কিংবা অবাধ্যতা করার ক্ষমতা দিয়েছেন।
আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন।
আল্লাহ মানুষদেরকে তাঁর আনুগত্য করার কিংবা অবাধ্যতা করার ক্ষমতা দিয়েছেন।
আল্লাহ জিন ও মানুষদেরকে তাঁর আনুগত্য করার পুরস্কার ও অবাধ্যতা করার শাস্তি সম্পর্কে জানিয়ে দিয়েছেন।
আল্লাহ মানুষ, বিভিন্ন প্রাণী, উদ্ভিদ ও বিদ্যুৎ কণা ইত্যাদির জুড়ি সৃষ্টি করেছেন।
আল্লাহ প্রথম মানুষ আদম (আ) ও তাঁর স্ত্রী হাওয়া (রা) থেকে মানুষের বংশধারা চালু করেছেন।
আল্লাহ মানুষকে পুরুষ ও নারী রূপে সৃষ্টি করেছেন যাতে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরম প্রশান্তি লাভ করতে পারে এবং সমাজ-সভ্যতা-সংস্কৃতির আসল দুর্গ পরিবার সংগঠন গড়ে

তুলতে পারে।
আল্লাহ পুরুষকে দুর্ধর্ষতা, সাহসিকতা, ক্ষিপ্রতা ও কঠোরতার আধিক্য দান করেছেন।
আল্লাহ নারীকে নম্রতা, মায়া-মমতা ও সৌন্দর্যানুভূতির আধিক্য দান করেছেন।
আল্লাহ নির্দিষ্ট সংখ্যায় মানুষ ও নির্দিষ্ট পরিমাণে সম্পদ সৃষ্টি করে থাকেন।
আল্লাহ সকল মানুষ ও অন্যান্য সকল প্রাণীর রিয্কের ব্যবস্থা করে থাকেন।
আল্লাহ মানুষকে অভাবের আশংকায় সন্তান হত্যা করতে নিষেধ করেছেন।
আল্লাহ মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা যা প্রয়োজন সবই সৃষ্টি করেছেন।
আল্লাহ পৃথিবীর সম্পদ-সম্ভার মানুষের ভোগ-ব্যবহারের জন্যই সৃষ্টি করেছেন।
আল্লাহর সৃষ্ট নিয়ামাতগুলো গণনা করা মানুষের পক্ষে সম্ভব নয়।
আল্লাহ কাউকে বেশি অর্থ-সম্পদ দিয়ে পরীক্ষা করেন।
আল্লাহ কাউকে কম অর্থ-সম্পদ দিয়ে পরীক্ষা করেন।
আল্লাহই মানুষের আকৃতি, গায়ের রঙ, ভাষা, কণ্ঠস্বর, চলনভংগি ইত্যাদির পার্থক্য সৃষ্টি করেছেন।
আল্লাহ জীবকুলের মধ্যে মানুষকে সবচে’ বেশি জ্ঞান দান করেছেন। তবে জ্ঞানময় আল্লাহর জ্ঞানের তুলনায় এই জ্ঞান খুবই সামান্য।
আল্লাহ মানুষকে রূহ দান করেছেন।
আল্লাহ যদ্দিন রূহকে মানুষের মাঝে অবস্থান করতে দেন তদ্দিনই মানুষ জীবিত থাকে।
আল্লাহ মানুষকে মস্তিষ্ক দান করেছেন।
আল্লাহ এটিকে চিন্তা-ভাবনা করা, পঞ্চেন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা বিশ্লেষণ করা, বিভিন্ন বিষয়ে পরিকল্পনা তৈরি করা ও বহু কিছু উদ্ভাবন করার যোগ্যতা দান করেছেন।
আল্লাহ মানুষকে হৃদপিণ্ড দান করেছেন।
আল্লাহর নির্দেশে এটি ছন্দবদ্ধভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের সর্বত্র রক্ত-সঞ্চালনের কর্তব্য পালন করে।
আল্লাহ মানুষকে ফুসফুস দান করেছেন।
আল্লাহর নির্দেশে এটি ছন্দময় প্রক্রিয়ায় রক্তে অক্সিজেন ঢুকানো ও রক্ত থেকে কার্বন-ডাই-অক্সাইড সরানোর কর্তব্য পালন করে।
আল্লাহ মানুষকে একজোড়া কিডনি দান করেছেন। এরা পানিকে পরিস্রুত করে রক্ত-রসে পরিণত করা ও অ-প্রয়োজনীয় পানিকে বের করে দেয়ার কর্তব্য পালন করে।
আল্লাহ মানুষকে পাকস্থলি দান করেছেন।
এটি আহার্য দ্রব্য হজম করে দেহ পরিপোষণের ক্ষেত্রে ভূমিকা পালন করে।
আল্লাহ যকৃত (লিভার) দান করেছেন। এটি পিত্ত ক্ষরণ করে পিত্তথলিতে জমা রাখে ও বিশেষ বিশেষ খাদ্যকে পরিপাকের পর রক্ত স্রোতে পাঠানোর কর্তব্য পালন করে।
আল্লাহ গোটা দেহে বহু সংখ্যক হাড়, পেশী, কোষ, কলা, অন্ত্র, ঝিল্লি, গ্রন্থি ইত্যাদি দান করেছেন যেইগুলো দেহকে সজীব, সুস্থ, সবল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আল্লাহ কর্তৃক নির্ধারিত নিয়মে বায়ু পাখিদেরকে উড়তে ও মানুষকে প্লেনে চড়ে  দ্রুত দেশ-বিদেশে পৌঁছতে সাহায্য করে।
আল্লাহ কর্তৃক নির্ধারিত নিয়মে নদ-নদী ও সাগর-মহাসাগরের পানি জাহাজগুলোকে ভাসিয়ে রাখে যাতে মানুষ দূর দূর স্থানে পৌঁছতে ও মালসামগ্রী আমদানী-রফতানী করতে পারে।
আল্লাহ কর্তৃক নির্ধারিত নিয়মে বাষ্প বিভিন্ন মেশিনে শক্তি সঞ্চালন করে যাতে বিভিন্ন যানে চড়ে মানুষ দ্রুত দীর্ঘ পথ অতিক্রম করতে পারে।
আল্লাহ মানুষকে চিন্তাশক্তি দান করেছেন।
আল্লাহ মানুষকে দেখার শক্তি দান করেছেন।
আল্লাহ মানুষকে লেখার শক্তি দান করেছেন।
আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দান করেছেন।
আল্লাহ মানুষকে শুনার শক্তি দান করেছেন।
আল্লাহ মানুষকে ধরার শক্তি দান করেছেন।
আল্লাহ মানুষকে চলার শক্তি দান করেছেন।
আল্লাহ মানুষকে বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় কাজ সম্পাদনের শক্তি দান করেছেন।
আল্লাহ মানুষকে ইচ্ছা ও কর্ম-প্রচেষ্টার স্বাধীনতা দান করেছেন।
আল্লাহ মানুষকে অসংখ্য সৃষ্টির ওপর কর্তৃত্ব করার ক্ষমতা দান করেছেন।
আল্লাহ মানুষকে তাঁর ইবাদাতের (উপাসনা-দাসত্ব-আদেশানুবর্তিতার) জন্য
সৃষ্টি করেছেন।
আল্লাহ একমাত্র মানুষকেই তাঁর খালীফা বা প্রতিনিধি হিসেবে পৃথিবীতে খিলাফাত (আল্লাহর প্রতিনিধিত্বশীল শাসন) কায়েম করে পূর্ণাংগ ইবাদাতের অনুকূল পরিবেশ সৃষ্টির দায়িত্ব দিয়েছেন।
আল্লাহর দেয়া জীবন বিধান ইসলাম।
আল্লাহর দেয়া জীবন বিধান নির্ভুল, পূর্ণাংগ, ভারসাম্যপূর্ণ ও কল্যাণময়।
আল্লাহ ছাড়া আর কারো পক্ষে এমন জীবন বিধান রচনা করা সম্ভব নয়।
আল্লাহ নবী-রাসূলদের মাধ্যমে ইসলামের শিক্ষা মানুষের নিকট পেশ করেছেন।
আল্লাহ প্রথম মানুষ আদমকে (আ) প্রথম নবী বানিয়েছেন।
আল্লাহ যুগে যুগে বহু নবী-রাসূল পাঠিয়েছেন যাতে তাঁরা মানুষকে আল্লাহর ইবাদাত (উপাসনা-দাসত্ব-আদেশানুবর্তিতা) এবং তাগুতের (আল্লাহদ্রোহী শক্তির) বিরোধিতা করার শিক্ষা দেন।
আল্লাহ সর্বশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহর (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি সর্বশেষ আসমানী কিতাব আলকুরআন নাযিল করেছেন।
আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলকুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ করার দায়িত্ব দিয়েছেন।
আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলকুরআনের প্রায়োগিক রূপ শিক্ষা দেবার দায়িত্ব দিয়েছেন।
আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুসরণকে তাঁর ভালোবাসা পাওয়ার শর্ত বানিয়েছেন।
আল্লাহ মানুষকে খালীফার (প্রতিনিধির) মর্যাদা দেয়ায় হিংসা-কাতর ইবলীস ও তার অনুসারীরা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা চালাবার শপথ নেয়।
আল্লাহ ঘোষণা করেন যে যারা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করে চলবে ইবলীস ও তার অনুসারীরা তাদের ওপর প্রাধান্য প্রতিষ্ঠা করতে পারবে না।
আল্লাহ অলৌকিকভাবে কোন ভূ-খণ্ডে তাঁর জীবন বিধান চালু করেন না।
আল্লাহ জোর করে তাঁর জীবন বিধান কোন জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেন না।
আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যদি তারা তাদের চিন্তাধারা ও কর্মধারা পরিবর্তন না করে।
আল্লাহ চান, মানুষ স্বেচ্ছায় তাঁর দেয়া জীবন বিধান তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবনে কায়েম করুক।
আল্লাহ মানুষকে পৃথিবীতে তাঁর প্রতিনিধিত্বশীল শাসন কায়েম করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ শূরা বা পরামর্শ ভিত্তিক শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ যেই কোন মূল্যে সুবিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ ভালো কাজের আদেশ ও মন্দ কাজের প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ অর্থ-সম্পদের অবাধ আবর্তন, সুষম বণ্টন ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সুদমুক্ত ও যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ ছালাত বা নামায কায়েমের নির্দেশ দিয়েছেন।
আল্লাহ ছাউম বা রোযা পালনের নির্দেশ দিয়েছেন।
আল্লাহ বিত্তবানকে যাকাত দেবার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ বিত্তবানকে হাজ করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ তাঁর পথে অকাতরে অর্থ-সম্পদ ব্যয় করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ আব্বা-আম্মা, স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অপরাপর মানুষের সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন।
আল্লাহ ওয়াদা-প্রতিশ্র“তি রক্ষার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ আত্মহত্যা করতে নিষেধ করেছেন।
আল্লাহ আইনের দাবি ব্যতিরেকে কাউকে হত্যা করতে নিষেধ করেছেন।
আল্লাহ অন্যের অর্থ-সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন।
আল্লাহ আমানাতের খিয়ানাত করতে নিষেধ করেছেন।
আল্লাহ মাপ ও ওজনে ঠকাতে নিষেধ করেছেন।
আল্লাহ সুদ, ঘুষ, জুয়া ও মওজুদদারী নিষিদ্ধ করেছেন।
আল্লাহ চুরি-ডাকাতি নিষিদ্ধ করেছেন।
আল্লাহ অপব্যয়-অপচয় নিষিদ্ধ করেছেন।
আল্লাহ যুল্ম-অত্যাচার নিষিদ্ধ করেছেন।
আল্লাহ অহংকার নিষিদ্ধ করেছেন।
আল্লাহ রিয়া নিষিদ্ধ করেছেন।
আল্লাহ গীবাত নিষিদ্ধ করেছেন।
আল্লাহ অপবাদ নিষিদ্ধ করেছেন।
আল্লাহ মিথ্যা কথা বলা নিষিদ্ধ করেছেন।
আল্লাহ মিথ্যা সাক্ষ্য দেয়া নিষিদ্ধ করেছেন।
আল্লাহ গান-বাজনা নিষিদ্ধ করেছেন।
আল্লাহ প্রাণীর ছবি আঁকা নিষিদ্ধ করেছেন।
আল্লাহ বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক নিষিদ্ধ করেছেন।
আল্লাহ সকল প্রকাশ্য ও গোপন অশ্লীল কাজ নিষিদ্ধ করেছেন।
আল্লাহ প্রবৃত্তির আনুগত্য নিষিদ্ধ করেছেন।
আল্লাহ আম্মা, দুধ মা, খালা, ফুফু, বোন, দুধ বোন, কন্যা, স্ত্রীর পূর্ব স্বামীর ঔরশজাত কন্যা, ভাতিঝি, ভাগিনী, শ্বাশুড়ী, পুত্রবধূ, একত্রে দুই বোন, একত্রে ফুফু-ভাইঝি এবং একত্রে

খালা-বোনঝিকে বিবাহ করা নিষিদ্ধ করেছেন।
আল্লাহ মুশরিক নারীকে বিবাহ করা নিষিদ্ধ করেছেন।
আল্লাহ সামাজিক পবিত্রতা ও সুস্থতার জন্য আল হিজাব বা পর্দার বিধান নাযিল করেছেন।
আল্লাহ মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করেছেন।
আল্লাহ শর নিক্ষেপ করে ভাগ্য গণনা নিষিদ্ধ করেছেন।
আল্লাহ গণকের কথায় বিশ্বাস স্থাপন নিষিদ্ধ করেছেন।
আল্লাহ মরা পশুর গোশত, শূকরের গোশত, রক্ত, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবাইকৃত পশু, কণ্ঠরুদ্ধ হয়ে আহত হয়ে ওপর থেকে পড়ে মৃত পশু, হিংস্র জন্তু কর্তৃক নিহত পশু এবং কোন

বেদীতে উৎসর্গীকৃত পশুর গোশত খাওয়া নিষিদ্ধ করেছেন।
আল্লাহ নখরযুক্ত ও হিংস্র জন্তু খাওয়া নিষিদ্ধ করেছেন।
আল্লাহ জ্ঞান অর্জন করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ আলকুরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা-ভাবনা করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ মহাবিশ্বকে নিয়ে চিন্তা-গবেষণার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ হালাল জীবিকা অন্বেষণ করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ একমাত্র তাঁকে ভয় করে চলার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ একমাত্র তাঁর ওপর তাওয়াক্কুল করার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ সকল নেক কাজ একমাত্র তাঁর সন্তোষ হাছিলের অভিপ্রায়ে (নিয়াতে) সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
এটা আল্লাহর অধিকার যে মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে।
এটা আল্লাহর অধিকার যে মানুষ একনিষ্ঠভাবে তাঁর নির্দেশগুলো মেনে চলবে।
এটা আল্লাহর অধিকার যে মানুষ আল্লাহর নিষিদ্ধ কাজগুলো পরিহার করবে।
এটা আল্লাহর অধিকার যে মানুষের সকল ত্যাগ-কুরবানী একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে।
এটা আল্লাহর অধিকার যে মানুষের মাথা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নত হবে।
এটা আল্লাহর অধিকার যে মানুষ একমাত্র আল্লাহর ওপরই ভরসা করবে।
এটা আল্লাহর অধিকার যে মানুষ একমাত্র আল্লাহর নিকটই সাহায্য প্রার্থনা করবে।
এটা আল্লাহর অধিকার যে মানুষ আল্লাহর আনুগত্যের সাথে সাংঘর্ষিক কোন আনুগত্য মেনে নেবে না।
এটা আল্লাহর অধিকার যে মানুষ একমাত্র আল্লাহকেই ভয় করবে।
এটা আল্লাহর অধিকার যে মানুষ আল্লাহকেই সবচে’ বেশি ভালোবাসবে।
এটা আল্লাহর অধিকার যে মানুষ তার প্রতিটি কাজ আল্লাহর সন্তোষ অর্জনের জন্যই করবে।
যেই জনগোষ্ঠী স্বেচ্ছায় আল্লাহর দেয়া জীবন বিধানের নিরিখে তাদের গোটা সমাজ ব্যবস্থা গড়ে তোলে আল্লাহ তাদের জন্য আসমান ও পৃথিবীর বারাকাতের দুয়ার খুলে দেন।
অর্থাৎ আল্লাহ তাদেরকে প্রভূত কল্যাণ, উন্নতি ও সমৃদ্ধি দান করেন।
আল্লাহ তাঁর অনুগত বান্দাদেরকে উত্তম রিয্ক দান করেন।
আল্লাহ তাঁর না-ফরমান বান্দাদেরকে পেরেশানী-যুক্ত জীবিকা দেন।
আল্লাহ মানুষকে ইচ্ছা ও কর্ম-প্রচেষ্টার স্বাধীনতা দিয়ে পরীক্ষার সম্মুখীন করেছেন।
যেই ব্যক্তি আল্লাহর আদেশানুবর্তী জীবন যাপন করে সে কামিয়াব।
যেই ব্যক্তি স্বেচ্ছাচারী জীবন যাপন করে সে ব্যর্থ।
আল্লাহ নিজেই সকল মানুষের কর্মকাণ্ড প্রত্যক্ষ করছেন।
আল্লাহ প্রত্যেক ব্যক্তির সংগে দুইজন ফেরেশতাকে সংশ্লিষ্ট করে দিয়েছেন।
আল্লাহর নির্দেশে ফেরেশতারা অবিরাম মানুষের সকল তৎপরতার বিবরণ লিপিবদ্ধ করে চলছেন।
আল্লাহ মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করেন, যৌবনে তাকে শক্তিমান করেন, বার্ধক্যে আবার তাকে দুর্বলতার শিকারে পরিণত করেন।
আল্লাহ প্রত্যেক ব্যক্তির মৃত্যুক্ষণ নির্দিষ্ট করে রেখেছেন। সেই নির্দিষ্ট ক্ষণেই তাকে মৃত্যুবরণ করতে হয়।
দুর্ভেদ্য দুর্গের ভেতর লুকিয়েও মৃত্যু থেকে রেহাই পাওয়া কারো পক্ষে সম্ভব নয়।
আল্লাহ বর্তমান মহাবিশ্বকে অনন্তকালের জন্য সৃষ্টি করেন নি।
আল্লাহ বর্তমান বিশ্ব-ব্যবস্থাকে ভেংগে দেয়ার জন্য একটি দিন-ক্ষণ নির্দিষ্ট করে রেখেছেন।
আল্লাহর নির্দেশে সেই দিন অন্যতম ফেরেশতা ইসরাফীল (আ) তাঁর বিশাল শিংগায় ফুঁ দেবেন।
শিংগার আওয়াজ উত্থিত হওয়ার সংগে সংগে আসমান ও পৃথিবী থরথর করে কেঁপে উঠবে।
আল্লাহ যেই মহাকর্ষ বলের (Gravitation) দ্বারা মহাবিশ্বের সব কিছুকেই পরস্পর সম্পর্কিত রেখেছেন তা ছিন্ন করে দেবেন।
কোটি কোটি তারকা, গ্রহ, উপগ্রহ, গ্রহাণু ইত্যাদি সব কিছু ছিটকে পড়বে। পাহাড়-পর্বত টুকরো টুকরো হয়ে উড়তে থাকবে। সাগরগুলো উৎক্ষেপিত হবে।
আসমান, পৃথিবী ও এদের মধ্যকার সব কিছু ভেংগে চুরমার হয়ে যাবে।
সব কিছু ধ্বংস হয়ে যাবে।
একমাত্র আল্লাহই বিদ্যমান থাকবেন।
অতঃপর আল্লাহর নির্দেশে নতুন আকারে, নতুন বিন্যাসে মহাবিশ্ব অস্তিত
লাভ করবে।
আল্লাহর নির্দেশে বড়ো আকারে নতুন পৃথিবী গড়ে উঠবে।
নতুন পৃথিবী হবে এক বিশাল, সমতল, ধূসর প্রান্তর। ‘আলকাউসার’ নামে একটি জলাধার ছাড়া আর কিছু থাকবে না সেই সুবিস্তৃত ময়দানে।
আল্লাহর অনুগ্রহে আলকাউসারের পানি হবে দুধের মতো সাদা ও মিসকের চেয়েও বেশি সুগন্ধযুক্ত।
আল্লাহ প্রতিটি গলিত লাশের পরমাণুগুলোর কোনটি কোথায় অবস্থান করে একটি কিতাবে তার বিবরণ সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন।
আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন।
আল্লাহ মাটিতেই মানুষকে ফিরিয়ে নেন।
আল্লাহ এই মাটি থেকেই মানুষকে জীবিত করে উঠাবেন।
আল্লাহর নির্দেশে ইসরাফীল (আ) আবার শিংগায় ফুঁ দেবেন।
আল্লাহর নির্দেশে সকল মানুষ জীবিত হয়ে উঠে দাঁড়াবে এবং বিস্ময়ভরা চোখে এদিক ওদিক তাকাতে থাকবে।
আল্লাহর নূর পৃথিবীময় ঝলমল করতে থাকবে।
প্রচণ্ড উত্তাপে ও আতংকে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়বে।
আল্লাহর অনুগত বান্দারা ‘আলকাউসারের’ সুমিষ্ট ও শীতল পানি পান করে পিপাসা দূর করবে। যারা দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করেছে তাদেরকে আলকাউসারের’ কাছে ঘেঁষতে দেয়া হবে

না।
আল্লাহর আদালতে সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে যাবে।
একদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন ফেরেশতারা।
আল্লাহর নির্দেশে যেইসব ফেরেশতা মানুষের তৎপরতার বিবরণ লিপিবদ্ধ করেছেন তাঁরা তা পেশ করবেন।
আল্লাহর নির্দেশে প্রত্যেকের হাতে প্রত্যেকের আমলনামা তুলে দেয়া হবে।
আল্লাহর অনুগত বান্দারা ডান হাতে তাদের আমলনামা গ্রহণ করবে।
আল্লাহর অবাধ্য বান্দারা হাত পেছনে নিয়ে গেলেও আমলনামা হাতে নিতে
বাধ্য হবে।
আল্লাহ ঘোষণা করবেন : ‘তোমার আমলনামা পড়’।
প্রত্যেক ব্যক্তি দেখতে পাবে তার কৃত প্রতিটি কাজের বিবরণ নিখুঁতভাবে নির্ভুলভাবে লিপিবদ্ধ রয়েছে।
আল্লাহ মানুষকে তার জীবনকাল সে কিভাবে কাটিয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন।
আল্লাহ মানুষকে তার দেহসত্তায় যেইসব শক্তি দান করেছেন সেইগুলোর ব্যবহার (ঁংব) সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন।
আল্লাহ মানুষকে যেই জ্ঞান দান করেছেন তার ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন।
আল্লাহ মানুষকে যেইসব অর্থ-সম্পদ দান করেছেন তার ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন।
আল্লাহ মানুষকে যেইসব ক্ষমতা-ইখতিয়ার দিয়েছেন সেইগুলোর ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন।
আল্লাহ মানুষকে যেইসব আদেশ-নিষেধ করেছেন সেইগুলোর পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন।
আল্লাহ মানুষকে অপরাপর মানুষের তত্ত্বাবধান করার যেই দায়িত্ব দিয়েছেন তা পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন।
আল্লাহর নির্দেশে মানুষের হাত ও পা সাক্ষ্য দেবে তাদেরকে কোন্ কোন্ কাজে ব্যবহার করা হয়েছে।
আল্লাহর নির্দেশে মানুষের জিহ্বা, কান, চোখ ও ত্বক সাক্ষ্য দেবে তাদেরকে কোন্ কোন্ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
আল্লাহর নির্দেশে মানুষের অন্তর সাক্ষ্য দেবে কখন কোন্ চিন্তা তার মাঝে লালিত হয়েছে।
মানুষের দুনিয়ার জীবনের সকল কর্মকাণ্ডের চুলচেরা বিশ্লেষণের পর আল্লাহ যাদেরকে শাস্তি দেবার সিদ্ধান্ত নেবেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেবেন।
আল্লাহ যাদেরকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করার নির্দেশ দেবেন।
আল্লাহর অনুমতি ছাড়া কেউ তাঁর কাছে কারো মুক্তির জন্য শাফাআত বা সুপারিশ করতে পারবেন না।
আল্লাহ যাঁকে শাফাআত করার অনুমতি দেবেন তিনি কেবল ঐ ব্যক্তি সম্পর্কে শাফাআত করতে পারবেন যার জন্য শাফাআত করার অনুমতি দেয়া হবে।
আল্লাহর অনুমতিক্রমে নবী-রাসূল, শহীদ ও তাঁর অন্যান্য প্রিয় বান্দারা নির্দিষ্ট ব্যক্তিদের জন্য শাফাআত করলে আল্লাহ অনুগ্রহ করে তা কবুল করবেন এবং তাদের মুক্তির নির্দেশ দেবেন।
এক পর্যায়ে জাহান্নামীরা প্রথম মানুষ ও প্রথম নবী আদমের (আ) নিকট জড়ো হয়ে তাদের মুক্তির জন্য শাফাআত করার অনুরোধ জানাবে। তিনি অপারগতা প্রকাশ করবেন।
তারা ছুটে যাবে নূহের (আ) কাছে। তিনিও অপারগতা প্রকাশ করবেন।
তারা ছুটে যাবে ইবরাহীমের (আ) কাছে। তিনিও অপারগতা প্রকাশ করবেন।
তারা ছুটে যাবে মূসা ইবনু ইমরানের (আ) কাছে। তিনিও অপারগতা প্রকাশ করবেন।
তারা ছুটে যাবে ঈসা ইবনু মারইয়ামের (আ) কাছে। তিনিও অপারগতা প্রকাশ করবেন।
তারা ছুটে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে।
তিনি সাজদায় পড়ে আল্লাহর তাসবীহ করতে থাকবেন।
আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ তিনি সাজদারত থাকবেন।
আল্লাহর অনুমতিক্রমে তিনি একদল লোকের নাজাতের জন্য শাফাআত করবেন।
আল্লাহ অনুগ্রহ করে তাঁর শাফাআত কবুল করবেন।
আল্লাহর নির্দেশে তিনি নির্দিষ্ট ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো কিছু লোকের জন্য শাফাআত করার অনুমতি লাভের জন্য আবার সাজদায় লুটিয়ে পড়বেন।
আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ তিনি সাজদায় থাকবেন।
আল্লাহর অনুমতিক্রমে তিনি আরো একদল লোকের জন্য শাফাআত করবেন।
আল্লাহ অনুগ্রহ করে তাঁর শাফাআত কবুল করবেন।
আল্লাহর নির্দেশে তিনি সেই লোকদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন।
আল্লাহর রাসূল মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বারবার সাজদারত হয়ে শাফাআতের অনুমতি চাইতে থাকবেন। আল্লাহ অনুগ্রহ করে তাঁকে একের পর এক বহু সংখ্যক মানুষকে

জাহান্নাম থেকে বের করে আনার অনুমতি দেবেন।
আল্লাহ সর্বশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যাদের অন্তরে সরিষার বীজের পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনার অনুমতি দেবেন।
জাহান্নামীরা জাহান্নামে ও জান্নাতীরা জান্নাতে অবস্থান গ্রহণের পর একজন  ফেরেশতা মধ্যবর্তী স্থান থেকে ঘোষণা করবেন : ‘ওহে জাহান্নামীরা, আর মৃত্যু নেই। ওহে জান্নাতীরা, আর মৃত্যু

নেই। সামনে অনন্ত জীবন।’
জাহান্নাম কঠিন শাস্তির স্থান।
আল্লাহ ভয়ংকর আকৃতির ফেরেশতাদেরকে জাহান্নামীদের শাস্তির জন্য নিযুক্ত করে রেখেছেন।
আল্লাহর নির্দেশে ফেরেশতারা অপরাধীদেরকে গলায় বেড়ি ও দেহে লোহার শিকল পেঁচিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে।
জাহান্নামীদেরকে আলকাতরার পোশাক পরানো হবে।
আল্লাহ দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজযুক্ত আগুন দিয়ে জাহান্নাম ভরে রেখেছেন।
ঘন শ্বাসরুদ্ধকর ঝাঁঝালো কষ্টদায়ক ধোঁয়া জাহান্নামে আবর্তিত হতে থাকবে।
আল্লাহ জাহান্নামের বিভিন্ন অংশ বিশাল আকৃতির ভয়ংকর বিষধর সাপ দিয়ে ভর্তি করে রেখেছেন।
আল্লাহ জাহান্নামীদের দেহকে বিশাল আকৃতি দেবেন।
ফেরেশতারা ভারী গুর্জ দিয়ে আঘাত হেনে জাহান্নামীদের দেহ ক্ষত-বিক্ষত করতে থাকবেন।
জাহান্নামীরা ভীষণ চিৎকার করতে থাকবে।
আগুনের উত্তাপে ও পিপাসায় তারা হাঁপাতে থাকবে।
জাহান্নামীদেরকে তাদের দেহ-নির্গত রক্ত-পুঁজ পান করতে দেয়া হবে।
টগবগ করে ফুটছে এমন পানি তাদেরকে পান করতে দেয়া হবে।
উত্তপ্ত তেলের গাদ তাদেরকে পান করানো হবে।
জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত, তিক্ত ও দুর্গন্ধযুক্ত যাক্কুম গাছ গিলতে বাধ্য করা হবে।
জাহান্নামীদের গায়ের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, নতুন চামড়া জন্মাবে ও নতুনভাবে পুড়তে থাকবে।
আল্লাহ জাহান্নামে আরো বহুবিধ শাস্তির ব্যবস্থা রেখেছেন।
জাহান্নামে সবচে’ কম শাস্তি যাকে দেয়া হবে তাকে আগুনের ফিতাযুক্ত একজোড়া জুতা পরানো হবে। এতে তার মাথার মগজ চুলার ওপর হাঁড়ির পানির মতো টগবগ করে ফুটতে থাকবে।
জান্নাত অনাবিল সুখ-শান্তির স্থান।
আল্লাহ তাঁর আদেশানুবর্তী বান্দাদেরকে মেহমানের মর্যাদা দেবেন।
আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাঁদেরকে সাদর-সম্ভাষণ জানিয়ে জান্নাতে নিয়ে যাবেন।
আল্লাহ সবচে’ কম মর্যাদাবান জান্নাতীকে বর্তমান পৃথিবীর চেয়ে দশগুণ বেশি স্থান দান করবেন।
আল্লাহ জান্নাতকে নয়নাভিরাম বাগানময় করে রেখেছেন।
আল্লাহ জান্নাতের বাগানগুলোকে পাখ-পাখালিতে পূর্ণ করে রেখেছেন।
আল্লাহ জান্নাতকে ফুলে ফুলে পরিপূর্ণ করে রেখেছেন।
আল্লাহর নির্দেশে জান্নাতে সুপেয় পানির ঝর্ণা, সুস্বাদু দুধের ঝর্ণা, স্বচ্ছ মধুর ঝর্ণা ও অন্যান্য উন্নত মানের পানীয়র ঝর্ণা অবিরাম প্রবাহিত হচ্ছে।
আল্লাহ জান্নাতে অতি সুস্বাদু মাছ, গোশত, রকমারি খাদ্য ও ফলের সমারোহ ঘটিয়েছেন।
আল্লাহ জান্নাতে অনুপম উপদানে তৈরি সুউচ্চ, সুবিস্তৃত ও সুদৃশ্য প্রাসাদ সারি সজ্জিত করে রেখেছেন।
আল্লাহ জান্নাতের প্রাসাদগুলোর মেঝেকে অতি উচ্চমানের পুরু কার্পেটে সজ্জিত করেছেন।
আল্লাহ জান্নাতীদের জন্য অতীব সুন্দর ও অতীব আরামদায়ক পোশাক মওজুদ করে রেখেছেন।
আল্লাহ জান্নাতীদের জন্য অতীব আরামদায়ক আসন ও শয্যার ব্যবস্থা করেছেন।
আল্লাহ জান্নাতকে আলো-ঝলমল করে রেখেছেন।
আল্লাহ জান্নাতকে অগণিত সৌন্দর্য-শোভার উপকরণে সজ্জিত করে রেখেছেন।
আল্লাহ জান্নাতের প্রতিটি বস্তুকে তুলনাহীন সুঘ্রাণ যুক্ত করে রেখেছেন।
আল্লাহ জান্নাতকে উত্তাপ ও শীতের প্রকোপ মুক্ত করে গড়েছেন।
আল্লাহ জান্নাতের সব কিছু জান্নাতীদের নাগালের মধ্যেই রেখেছেন।
আল্লাহ জান্নাতীদের খিদমাতের জন্য গিলমান (চির বালকদল) মুতায়েন করে রেখেছেন।
স্বামী ও স্ত্রী উভয়ে জান্নাতী হলে আল্লাহ তাঁদেরকে জান্নাতেও অনন্তকালের জন্য জীবন-সাথী বানিয়ে দেবেন।
আল্লাহ জান্নাতে পুরুষদেরকে হুরও দেবেন।
আল্লাহ জান্নাতীদেরকে ষাট হাত দৈর্ঘ্য দান করবেন।
আল্লাহ জান্নাতীদেরকে চির যুবক ও চির যুবতী বানাবেন।
আল্লাহ জান্নাতীদেরকে কখনো বুড়ো হতে দেবেন না।
আল্লাহ জান্নাতীদেরকে চিরকাল রোগমুক্ত রাখবেন।
আল্লাহ জান্নাতীদেরকে যাবতীয় দৈহিক ও মানসিক অশান্তি মুক্ত রাখবেন।
আল্লাহ জান্নাতীদেরকে অসাধারণ দৈহিক সৌন্দর্য দান করবেন।
আল্লাহ জান্নাতীদেরকে অসাধারণ সুঘ্রাণযুক্ত করবেন।
আল্লাহ জান্নাতে এক বিশাল মার্কেট বানিয়ে রেখেছেন যেখানে প্রতি জুমাবার জান্নাতী পুরুষেরা একত্রিত হবেন।
সেখানে প্রবাহিত হাওয়ার ছোঁয়ায় তাঁদের রূপ-সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এবং তাঁদের পোশাক থেকে নতুন সুগন্ধ বের হতে থাকবে।
তাঁরা তাঁদের প্রাসাদে ফিরে তাঁদের স্ত্রীদেরকেও পূর্বের চেয়ে আরো বেশি রূপ-লাবণ্যে ভরা দেখতে পাবেন।
আল্লাহ জান্নাতীদেরকে এমন ক্ষমতা দেবেন যে হাজারো মাইল দূরে অবস্থিত ব্যক্তিকে তাঁরা দেখতে চাইলে দেখতে পাবেন এবং কথা বলতে চাইলে বলতে পারবেন।
আল্লাহ এমন এমন বৃক্ষ তৈরি করে রেখেছেন যার একটির শাখা-প্রশাখার নিচে একজন অশ্বারোহী একশত বছর অশ্ব চালনা করেও তার সীমানা অতিক্রম করতে পারবেন না।
আল্লাহ জান্নাতীদের জন্য এমন বাহন মওজুদ করে রেখেছেন যাতে আরোহণ করে তাঁরা গোটা বিশ্ব ভ্রমণ করতে পারবেন।
[সম্ভবত জাহান্নামের অংশটুকু ছাড়া মহাবিশ্বের বাকি অংশকে জান্নাতে রূপান্তরিত করা হবে।]
আল্লাহ পৃথিবীটাকেও জান্নাতের অংশ বানিয়ে দেবেন।
একজন জান্নাতী যা চাইবেন তা-ই পাবেন।
আল্লাহ তাঁর পক্ষ থেকে আরো অনেক কিছু দেবেন।
আল্লাহ জান্নাতে এমন সব নিয়ামাত মওজুদ করে রেখেছেন যা কোন চোখ কখনো দেখেনি, যার কথা কোন কান কখনো শুনেনি এবং যার ধারণা কোন হৃদয়ে কখনো উদিত হয়নি।
আল্লাহ নতুন নতুন নিয়ামাত সৃষ্টি করে জান্নাতীদেরকে উপহার দিতে থাকবেন।
আল্লাহ জান্নাতীদেরকে তাঁর দর্শন দান করে ধন্য করবেন।
আল্লাহর দর্শনই হবে জান্নাতীদের নিকট সবচে’ বেশি আনন্দের বিষয়।
আল্লাহ মহাশিল্পী।
আল্লাহ মহাবিজ্ঞানী।
আল্লাহর সৃষ্টি নৈপুণ্য তুলনাহীন।
আল্লাহর কোন খুঁত নেই।
আল্লাহর কোন ত্র“টি নেই।
আল্লাহর কোন অপূর্ণত্ব নেই।
আল্লাহর কোন অপারগতা নেই।
পৃথিবীর সবগুলো গাছ দিয়ে যদি কলম বানানো হয়, সমুদ্রগুলোর পানির সাথে আরো সাত সমুদ্রের পানি মিলিয়ে যদি কালি বানানো হয়, তবুও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
আল্লাহর জন্যই সকল প্রশংসা।
আল্লাহর জন্যই সব সম্মান।


কুরআনের অর্থ যেভাবে করতে হয় ।

আল্লাহ্ তায়ালা আমাদের সকলকেই বিবেক বুদ্ধি দিয়েছেন  ।  এখন এই বিবেক বুদ্ধি সঠিক ভাবে কাজে লাগালেই হবে ।
■■■ সর্ব প্রথম একটা জিনিস মনে রাখতে হবে , যে আপনার মধ্যে জ্ঞান অর্জন করার মত পিপাসা থাকতে হবে, এবং সেই সাথে থাকতে হবে বিচক্ষণতা,  এবং মন মানসিকতায় উদার হতে হবে ।
■■■ আরেকটা বিষয় মনে রাখতে হবে,  সর্ব প্রকার সমর্থন পাওয়া যায় এমন অর্থ করতে হবে । অর্থাৎ কুরআন সুন্নাহ দিয়ে এমন সমন্বয় করা । যা সবার কাছে গ্রহণ যোগ্যতা পায় ।
■■■ আসল কথা আমি এখানে কুরআন মাজিদের অর্থ  কিভাবে করতে হয় । এবং অর্থ করতে কি কি যোগ্যতা লাগবে । ঐ বিষয়ে তেমন কিছু বলবো না ।
■■■ শুধু এতটুকুই বলবো কুরআন মাজিদ এর অর্থ জানার জন্য যে ধাফ রয়েছে তা নিয়ে আলোচনা করবো ।
■■■♡♡♡■■■

■■■1☆■■■ কুরআনের অর্থ সর্ব প্রথম কুরআন দিয়ে করা ।
■■■2☆■■■ কুরআনের অর্থ নবিজী সঃ এর সুন্নাহ দ্বারা করা ।
■■■3☆■■■ যখন আল্লাহ্ তায়ালার কুরআন থেকে বা নবিজী সঃ এর সুন্নাহ দ্বারা কোন বিষয় অসপষ্ট থাকে । অর্থাৎ ঐ আয়াত এর সঠিক কি অর্থ হবে , তখন দেখতে হবে সাহাবায়ে কিরামগণ ঐ আয়াতের কি অর্থ করেছেন,  বা ঐ আয়াতের উপর কিভাবে আমল করেছেন ।
■■■4☆■■■ যদি কোন আয়াতের অর্থ উপরের 3 প্রকারের কোনটার মাধ্যমে পষ্ট না হয় । তখন তাবি তবেতাবী গণ কি অর্থ করেছেন তা দেখতে হবে ।

卐卐卐■■■卐卐卐

বিশেষ ভাবে লক্ষ্য করুন

কুরআনের  আয়াতের অর্থ । যে কোন তাফসীর এর কিতাব এ থাকুক, বা যে কোন ইসলামি বইয়ের মধ্যে থাকুক, ভাল করে গবেষণা না করে, কাউকে বলাও যাবে না এবং আমল ও করা যাবে না ।

■■■ এক বিষয়ের উপর কয়েকটি তাফসীর দেখতে হবে। সর্ব নিম্ন 5টির অধিক

■■■ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ।  যে বিশ্ব বিখ্যাত তাফসীর এর মধ্যে সর্ব প্রথম গ্রহণ করবেন ।
তাফসীরে ইবনে কাছির
তাফসীর  বাইজাবি শরীফ
তাফসীরে জালালাইন
তাফসীরে বয়ানুল কুরআন
তাফসীরে মা'রেফুল কুরআন
তাফসীরে তাফহিমুল কুরআন


যে কোন বইয়ের কথা বা যে কোন ( হুজুর ) আলেম মুফতি মুহাদ্দিস এর কথা কুরআন হাদিস এর রেফারেন্স ছাড়া ভুলেও যেন গ্রহণ না করি ।

 ■■■ বিঃদ্রঃ    ভুল হলে ক্ষমাপ্রার্থনা করছি আল্লাহ্ তায়ালার কাছে এবং পাঠকদের কাছে  ।


    আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম            জানার এবং মানার তাওফীক দান করুন

                       আমীন আমীন আমীন


Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers