অশ্লীলতার ভয়াবহ বিস্তার : কী হবে পরিণাম?

এমন দিন সম্ভবত কমই আছে, যেদিন পত্র-পত্রিকায় ধর্ষণের সংবাদ প্রকাশিত হয় না। উদ্বেগজনকহারে তা বেড়ে চলেছে। কিছু ঘটনা আছে, যা রীতিমতো  রোমহর্ষক। ঘর-বাড়ি, পথ-ঘাট এমনকি শিক্ষাঙ্গনে পর্যন্ত এই জাহেলিয়াত থাবা বিস্তার করেছে। শিশু-বৃদ্ধা কেউই এই পাশবিকতার হাত থেকে নিরাপদ নয়।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে ৮১৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০১৭ আসক-এর পর্যবেক্ষণ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।
মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বলা হয়, এ বছর ধর্ষণের ঘটনার সংখ্যা যেমন বেড়েছে, তেমনি এর ধরনে নিষ্ঠুরতা ও ভয়াবহতা লক্ষ করা গেছে। শিশু কিংবা বৃদ্ধা কেউ রেহাই পায়নি এই পাশবিকতার হাত থেকে। ধর্ষণ-পরবর্তী হত্যার শিকার হয়েছে ৪৭ জন নারী এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছে ১১ জন নারী। [দৈনিক ইনকিলাব (অনলাইন), ১ জানুয়ারি ২০১৮]
মহিলা পরিষদ বলছে, ২০১৬ সালে ধর্ষণের ঘটনা ঘটে ৭০৫টি। ২০১৭ সালে ১০ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪টিতে। একইভাবে গণধর্ষণ ১৩৯ থেকে ১৯৩ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ৩১ থেকে বেড়ে হয়েছে ৫২টি। [প্রথম আলো (অনলাইন), ২৬ নভেম্বর ২০১৭]
আসলে এর সংখ্যা আরো বেশি হবে। বহু ঘটনা আছে, যা লোকচক্ষুর আড়ালে থেকে যায়। আক্রান্ত ব্যক্তিরা নানা কারণে তা প্রকাশ করে না বা করতে পারে না।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, দেশে যে হারে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটছে তাতে আমি ভীষণ উদ্বিগ্ন ও দুঃখিত। [প্রথম আলো (অনলাইন), ২৯ মার্চ ২০১৬]
এ হচ্ছে বাংলাদেশে ধর্ষণের কাগজ-কলমের পরিসংখ্যান, যেখানে সবেমাত্র ‘আধুনিকতা’ ও ‘উন্নয়নশীলতা’র তেলেসমাতি শুরু হয়েছে।
এবার বিশে^র আরো কিছু দেশে ধর্ষণের পরিসংখ্যান দেখে নেওয়া যাক, যেগুলো বহু আগেই ‘উন্নতি’ ও ‘আধুনিকতা’র উচ্চ শিখরে আসন পেতেছে।
‘বাংলাদেশ প্রতিদিন’-এ প্রকাশিত এক সংবাদ অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে আমেরিকায়। এক পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে ধর্ষণের শিকার নারীর পরিসংখ্যান ৯১% এবং ৮% পুরুষ। অপর একটি সমীক্ষায় দেখা যায়, এ দেশে ছয়জন নারীর মধ্যে একজন ধর্ষণের শিকার। পুরুষদের ক্ষেত্রে পরিসংখ্যানটা ৩৩ জনে ১ জন। এখানে ১৪ বছর বয়স থেকেই ধর্ষণের মত অপরাধের প্রবণতা তৈরি হয় শিশুর মনে।
চার নম্বরে আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী ২০১২ সালে ভারতে ধর্ষণের অভিযোগ জমা পড়ে ২৪ হাজার ৯২৩টি। দেশটিতে ধর্ষণের শিকার ১০০ জন নারীর মধ্যে ৯৮ জনই আত্মহত্যা করে। প্রতি ২২ মিনিটে ভারতে একটি করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়।
তালিকায় পাঁচ নম্বরে আছে ব্রিটেন। দেশটিতে প্রতিবছর চার লাখ মানুষ ধর্ষণের শিকার হয়। প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন করে ধর্ষণের শিকার হয়।
তালিকায় ষষ্ঠ স্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত ধর্ষণের শিকার হয়ে দুই লাখ ৪০ হাজার নারীর মৃত্যু হয়েছে। দেশটিতে প্রতিবছর ৬৫ লাখ ৭ হাজার ৩৯৪টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়।
সপ্তম স্থানে আছে ফ্রান্স। ১৯৮০ সাল পর্যন্ত ধর্ষণের মত ঘটনা ফ্রান্সে অপরাধ বলেই মানা হত না। সরকারি গবেষণায় দেখা গেছে, এই দেশে প্রতিবছর ধর্ষণের শিকার হয় অন্তত ৭৫ হাজার নারী।
তালিকায় অষ্টম স্থানে থাকা কানাডায় এখন পর্যন্ত লিখিত অভিযোগের সংখ্যা ২৫ লাখ ১৬ হাজার ৯১৮টি। প্রতি ১৭ জনের মধ্যে একজন নারী এই দেশে ধর্ষণের শিকার হয়। [বাংলাদেশ প্রতিদিন (অনলাইন), ২৬ অক্টোবর ২০১৬]
আরো দ্রষ্টব্য : যুগান্তর (অনলাইন), ২৬ অক্টোবর ২০১৬; আমাদের সময় (অনলাইন), ২৬ ফেব্রুয়ারি ২০১৬
এ হচ্ছে বিভিন্ন দেশে ধর্ষণের হালচাল। আচ্ছা, এই দেশগুলোতে কিসের অভাব? অর্থকড়ি, জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি সবদিক থেকেই তো তারা ‘পরিপূর্ণ’। আমাদের দেশও দিন-দিন উন্নতি লাভ করছে। শিক্ষার হার যথেষ্ট বেড়েছে। তারপরও কেন ধর্ষণের এই ভয়াবহ রূপ?
যখন একটা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যায় তখন কয়েকদিন কিছু হইচই হয়। গণমাধ্যমসহ বিভিন্ন জায়গায় তুমুল আলোচনা হয়। প্রতিবাদ ও মানববন্ধন হয়। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তারপর একসময় সবকিছু থেমে যায়। এ সময়ের মধ্যে আরেকটা ঘটনা যোগ হয়।
কিন্তু এই অনাচার কেন হয়, দিন-দিন তা কেন বেড়ে চলেছে, ভুক্তভোগী মা-বোনদের জীবন কত দুর্বিষহ হয়ে ওঠে, বৃহত্তর সমাজে এর কী কুপ্রভাব পড়ে- এসব বিষয়ে আমাদের কতটুকু চিন্তা করার সুযোগ হয়? প্রত্যেকে নিজ নিজ শক্তি-সামর্থ্য অনুযায়ী কতটুকু সচেতন হই?
বাস্তবতা হল, কিছু হইচই, কাদা ছোড়াছুড়ি আর বিচারের দাবি জানানোর মধ্যেই সব শেষ। না তার সঠিক কারণ চিহ্নিত করার আন্তরিক প্রয়াস লক্ষ করা যায়, না সে অনুযায়ী সচেতন হওয়ার।
উল্টো কেউ সত্য কথা বললে সমালোচনার ঝড় ওঠে। তাকে তুচ্ছ-তাচ্ছিল্য বা সেকেলে কিংবা গোঁড়া আখ্যা দেওয়া হয়।
অথচ এই ব্যাধির প্রকৃত কারণ চিহ্নিত করে যথাব্যবস্থা গ্রহণ না করলে এর রাশ টেনে ধরা কঠিন হবে। তাই চিন্তাশীলদের উচিত এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু বলেন, নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সমবেত হওয়ার কোনো বিকল্প নেই। আইন দিয়ে কখনোই এমন বর্বর ঘটনা প্রতিরোধ করা যাবে না। দেশে নারী-শিশু নির্যাতন প্রতিরোধে বহু আইন রয়েছে। তারপরও নির্যাতনের ঘটনা ঘটছে। ...নির্যাতন প্রতিরোধে বা বন্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। [যুগান্তর (অনলাইন), ২১ মার্চ ২০১৭]
এই আন্দোলনের লক্ষ হওয়া উচিত, সর্বস্তরে ঈমান ও ইসলামী শিক্ষা বিস্তার করা, জবাবদিহি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। একইসাথে অশ্লীলতা, নগ্নতা, বিচারহীনতা, ক্ষমতার অপব্যবহার বন্ধ করা। ধর্ষণের প্রবণতা বৃদ্ধির জন্য ইসলামী শিক্ষার অভাব, জবাবদিহি ও নৈতিক মূল্যবোধের শূন্যতা এবং অশ্লীলতা, বিচার-ব্যবস্থার দুর্বলতা, ক্ষমতার অপব্যবহারই দায়ী। ব্যক্তি থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র সর্বত্র একই অবস্থা বিরাজমান।
***
অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান, তার কল্যাণ-কামনা করা, সৎকাজে সাহায্য করা, বিশেষত তাকে কোনো ধরনের কষ্ট না দেওয়া সকলের ক্ষেত্রে কাম্য। নারীর ক্ষেত্রে তা বিশেষভাবে কাম্য। নারী মানবজীবনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ; বরং এছাড়া মানবজীবন অপূর্ণ। একই সাথে সে দুর্বল ও সংবেদনশীলও বটে। কাজেই তার সম্ভ্রমহানি করা, ইজ্জত-সম্মান লুণ্ঠন করা কত বড় অবিচার?
সায়্যিদুল মুরসালীন, রাহমাতুল লিল আলামীনের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে তো শুধু সৎকাজেরই অনুমতি চাওয়া যায়। অসৎকাজের অনুমতি চাওয়ার কল্পনাও করা সম্ভব নয়। কিন্তু এক যুবক তাই করল। সরাসরি নবীজীর কাছে এসে ব্যভিচারের মত জঘন্য অপরাধের অনুমতি চেয়ে বসল। দেখুন, নবীজী তাকে কীভাবে সংশোধন করলেন। তার অন্তর থেকে কীভাবে ব্যভিচারের মূলোৎপাটন করলেন।
যুবক এসে বলল, আমাকে যিনার অনুমতি দিন। অন্যরা ধমকাতে লাগল- এই তুমি কার সামনে কী বলছ? চুপ কর!
নবীজী ধমক দিলেন না। কাছে ডেকে নিলেন। বললেন-
-তোমার মায়ের সাথে কারো ব্যভিচার করা কি তুমি পছন্দ কর?
-আল্লাহ্র কসম, আপনার উপর আমার জান কোরবান হোক! কক্ষনো  আমি এটা পছন্দ করব না, এটা হতে দিব না।
-কোনো মানুষই তার মায়ের সাথে কারো ব্যভিচার করাকে পছন্দ করবে না।
তোমার মেয়ের সাথে কারো ব্যভিচার করা কি তুমি পছন্দ কর?
-আল্লাহ্র কসম, আপনার উপর আমার জান কোরবান হোক! কক্ষনো  আমি এটা পছন্দ করব না, এটা হতে দিব না।
-কোনো মানুষই তার মেয়ের সাথে কারো ব্যভিচার করাকে পছন্দ করবে না।
তোমার বোনের সাথে কারো ব্যভিচার করা কি তুমি পছন্দ কর?
-আল্লাহ্র কসম, আপনার উপর আমার জান কোরবান হোক! কক্ষনো  আমি এটা পছন্দ করব না, এটা হতে দিব না।
-কোনো মানুষই তার বোনের সাথে কারো ব্যভিচার করাকে পছন্দ করবে না।
-তোমার ফুফুর সাথে কারো ব্যভিচার করা কি তুমি পছন্দ কর?
-আল্লাহ্র কসম, আপনার উপর আমার জান কোরবান হোক! কক্ষনো  আমি এটা পছন্দ করব না, এটা হতে দিব না।
-কোনো মানুষই তার ফুফুর সাথে কারো ব্যভিচার করাকে পছন্দ করবে না।
-তোমার খালার সাথে কারো ব্যভিচার করা কি তুমি পছন্দ কর?
-আল্লাহ্র কসম, আপনার উপর জান কোরবান হোক! কক্ষনো  আমি এটা পছন্দ করব না, এটা হতে দিব না।
-কোনো মানুষই তার খালার সাথে কারো ব্যভিচার করাকে পছন্দ করবে না।
নবীজী তাকে আরো কাছে টানলেন। তার গায়ে হাত রেখে দুআ করে দিলেন-
اللهُمّ اغْفِرْ ذَنْبَهُ وَطَهِّرْ قَلْبَهُ، وَحَصِّنْ فَرْجَهُ.
আল্লাহ! আপনি তার গুনাহ ক্ষমা করে দিন। হৃদয়টা পবিত্র করে দিন। লজ্জাস্থানকে (অন্যায় কাজ থেকে) হেফাজতে রাখুন।
বর্ণনাকারী আবু উমামা রা. বলেন, এরপর সে আর কোনোদিন ব্যভিচারের দিকে ফিরেও তাকায়নি। -মুসনাদে আহমাদ, হাদীস ২২২১১
অর্থাৎ, নবীজী তার মানসিকতার পরিশোধন করলেন- নিজের মা-বোন, মেয়ে, খালা-ফুফুর জন্য যা তোমার পছন্দ নয়, অন্যের মা-বোন, মেয়ে, খালা-ফুফুর সাথে তা কীভাবে করবে?
এই অনুভূতি যদি অন্তরে বদ্ধমূল হয়ে যায়, তাহলে কি কোনো নারী যৌন হয়রানি বা যৌন নির্যাতন কিংবা ধর্ষণের শিকার হতে পারে?
উপরোক্ত হাদীসে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের মানসিকতার পরিবর্তন করলেন নিজের রক্ত-সম্পর্কের নারীদের উদাহরণ টেনে, যাদের সামান্য ক্ষতিও কেউ চায় না। তার দৃষ্টি খুলে দিলেন- তোমার আপনজনদের যে ক্ষতি তুমি চাও না; সকলেই নিজ নিজ আপনজনের এ ক্ষতি চায় না; নিজ মা-মেয়ে-বোন-খালা-ফুফুর সামান্য ক্ষতি চায় না। আর প্রতিটি নারীই কারো না কারো মা-মেয়ে-বোন-খালা-ফুফু।
যিনা-ধর্ষণের উল্লেখযোগ্য একটি ক্ষেত্র হল, প্রতিবেশী নারী। এ অপরাধের পাপবোধ ও ভয়াবহতা যেন পুরুষের অন্তরে থাকে তাই একটি হাদীসে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে ব্যভিচারকে জঘন্য অপরাধ সাব্যস্ত করেছেন।
এক সাহাবী নবীজীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ্র কাছে সবচেয়ে বড় গোনাহ কোনটা? তিনি বললেন, আল্লাহ্র কোনো সমকক্ষ সাব্যস্ত করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। জিজ্ঞেস করলেন, তারপর কোনটা? বললেন, সন্তান তোমার খাবারে ভাগ বসাবে এই ভয়ে তাকে হত্যা করা। জিজ্ঞেস করলেন, তারপর কোনটা? বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে  ব্যভিচার করা।  -সহীহ মুসলিম, হাদীস ১৪২
তো ইসলাম নারীর ব্যাপারে পুরুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার সংশোধন করে, নারীকে সম্মান ও সহানুভূতির স্থানে অধিষ্ঠিত করে। পুরুষের মনে আল্লাহ্র ভয় ও আখেরাতের জবাবদিহির কথা বারবার স্মরণ করিয়ে দেয়। নারীর প্রতি যে কোনো ধরনের অন্যায় আচরণের ক্ষতি ও ভয়াবহতা তুলে ধরে পুরুষকে অন্যায় থেকে বিরত রাখে। পুরুষের অন্তরে একথা বদ্ধমূল করে- নারীর সাথে আচরণ হতে হবে তার সম্মান ও মর্যাদা বিবেচনায় রেখেই। তার প্রতি মানসিকতা থাকবে সম্মান ও সহানুভূতির। আর এর অনুকূল সকল ব্যবস্থা-ই ইসলাম গ্রহণ করেছে।
কিন্তু পশ্চিমা সভ্যতা? যাকে নারী নিজের মুক্তির পথ ভাবছে সে সভ্যতায় নারীকে কোন্ চোখে দেখা হয়? তাকে কিসে পরিণত করা হয়েছে? সে সভ্যতায় নারীর ব্যাপারে পুরুষের মানসিকতা কী?
পশ্চিমা সভ্যতায় নারীর পরিচয় হচ্ছে, সে একটি ভোগ্যপণ্য। টিভি বিজ্ঞাপন, পত্রিকা বিজ্ঞাপন, অনলাইন বিজ্ঞাপন- সবকিছুতে নারীকে পণ্যায়িত করা হচ্ছে। নারী ছাড়া যেন বিজ্ঞাপন হয় না। তুচ্ছ থেকে তুচ্ছতর জিনিসে নারী শোভা পাচ্ছে। মোবাইল কোম্পানির সিম বিক্রি থেকে শুরু করে জুস, আচার, কোল্ড ড্রিঙ্কস, পেস্ট, সাবান, চেয়ার, টেবিল, গাড়ি সব বিজ্ঞাপনে নারীকে উপস্থাপন করা হয়। পত্রিকার কাটতি বাড়ানোর জন্য সুন্দরী মডেলের ছবি প্রচারিত হয়। নৌকায় দেওয়ার জন্য আলকাতরা কিনলেও তাতে একটি নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে।
শিল্পের নামে নারীকে পরিণত করা হচ্ছে ¯্রফে ‘আইটেম গার্ল’-এ। রাত-দিন ২৪ ঘণ্টা চলছে নারীর ‘উন্মুক্ত প্রদর্শনী’। উদ্দেশ্য হচ্ছে নারীর দেহকে প্রদর্শন করে পণ্যটির দিকে দর্শকের মনোযোগ আকর্ষণ করা।
আর এ অসম্মানের পথকেই তারা নারীর সামনে উপস্থাপন করছে নারীমুক্তি, নারী স্বাধীনতা, নারী অধিকার, নারী উন্নয়ন, সাবলম্বিতা নামে! এসব সস্তা শ্লোগানের ট্র্যাপে পড়ে কর্পোরেট হাউজের শো-পিস হওয়া মাজলুম নারীদের খবর কি কেউ নিয়েছে কখনো?
দুঃখজনক হল নারী এটাকে সাদরে বরণ করে নিয়েছে এবং একে সম্মানের প্রতীক মনে করছে।
ধর্ষণ-প্রবণতার জন্য কি এই দৃষ্টিভঙ্গির কোনো দায় নেই? নারীর বাণিজ্যিকীকরণ, বিজ্ঞাপন ও ইভেন্টে নারীকে ক্রমাগত দেহসর্বস্ব যৌন লালসার ভোগ্য-পণ্য হিসেবে উপস্থাপন করা কি পুরুষকে ধর্ষণের প্রতি প্ররোচিত করে না?
পুরুষের মানসিক বিকৃতির একটা বড় কারণ হচ্ছে নারীকে ভোগ্য-পণ্য হিসেবে দেখার সংস্কৃতি এবং এটা একটা ধর্ষণ মনস্তত্ত্ব তৈরিকারী।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জনাব তপন মাহমুদ বলেন, এসবের ফল হচ্ছে বিষম। এসবের কোনো কিছুই ধর্ষণকে বৈধ করবে না সত্য; কিন্তু পুরুষের ধর্ষণ মনস্তত্ত্ব তৈরিতে এসবের ভূমিকা আছে বটে।
***
যিনা (ব্যভিচার) একটা চরম অপরাধ। অনেক অপরাধের সমষ্টি। মানবসভ্যতার জন্য মারাত্মক হুমকি। নির্লজ্জতা ও বেহায়াপনার চূড়ান্ত রূপ। এতে আত্মিক, মানসিক, শারীরিক, চারিত্রিক, সামাজিক বহু রকমের বিপর্যয় ঘটে। এর কুফল কখনো কখনো গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলে।
ইসলাম যিনার কাছে যেতেও নিষেধ করে-
وَ لَا تَقْرَبُوا الزِّنٰۤی اِنَّهٗ كَانَ فَاحِشَةً ؕ وَ سَآءَ سَبِیْلًا.
তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয় তা অশ্লীলতা ও বিপথগামিতা। -সূরা বনী ইসরাইল (১৭) : ৩২
যিনা কত নিকৃষ্ট তা বোঝার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। এখানে ‘যিনা করো না’ এ কথা বলা হয়নি; বরং এর কাছে যেতেও নিষেধ করা হয়েছে। এ থেকে অনুমান করা যায়, এটা কত জঘন্য অপরাধ।
অথচ সমাজ বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক- যিনায় ছেয়ে গেছে। নানা স্থানে পতিতালয় গড়ে উঠছে। কিন্তু এর কোনো বিরোধিতা নেই। ধর্ষণকে (বলপূর্বক যিনা) অন্যায় মনে করা হলেও যিনাকে (উভয়ের সম্মতির ব্যভিচার দোষের মনে করা হয় না। যদিও কখনো ক্ষতির শিকার হওয়ার পর এরও নাম হয়- ধর্ষণ। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, মানববন্ধন হলেও ব্যভিচারের বেলায় কিছুই নেই। বরং একে প্রগতি, স্বাধীনতা ও আধুনিকতা সাব্যস্ত করা হয়।
ধর্ষণ কেন নিন্দনীয়? এর কারণ কি শুধু এটা যে, এতে নারীর সন্তুষ্টি বিদ্যমান থাকে না, নাকি এর কারণ এই যে, এতে মানসিক, শারীরিক, সামাজিক ইত্যাদি বিপর্যয় ঘটে? সর্বোপরি তা সুস্পষ্ট কবীরা গুনাহ। আমরা মনে করি, এগুলোই ধর্ষণ অন্যায় হওয়ার মূল কারণ। বলার অপেক্ষা রাখে না যে, এ বিষয়গুলো যিনা, স্বেচ্ছা ধর্ষণ ও ট্র্যাপে পড়া ধর্ষণে আরো প্রকটভাবে বিদ্যমান। তো একে কেন অন্যায় মনে করা হয় না?
ব্যভিচার কি ধর্ষণকে উসকে দেয় না? চারদিকে যে যিনার প্রতিযোগিতা চলছে, ধর্ষণের পেছনে কি তার মোটেই ভূমিকা নেই?
ইসলামে শুধু অবৈধ শারীরিক সম্পর্কের চূড়ান্ত রূপটাই যিনা নয়। বরং যেসব কাজ যিনার প্ররোচনা দেয় সেগুলোও কঠোরভাবে নিষিদ্ধ এবং তাও যিনা বলে গণ্য।
এক হাদীসে আছে-
الْعَيْنَانِ زِنَاهُمَا النّظَرُ، وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ، وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ، وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ، وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا، وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ.
চোখের ব্যভিচার হল দেখা। কানের ব্যভিচার শোনা। জিহ্বার ব্যভিচার বলা। হাতের ব্যভিচার ধরা। পায়ের ব্যভিচার হাঁটা। মন কামনা করে আর লজ্জাস্থান  তা সত্য বা মিথ্যায় পরিণত করে। -সহীহ মুসলিম, হাদীস ২৬৫৭
অর্থাৎ চোখ-কান-হাত-পা-জিহ্বা সবই যিনা করে- যিনার প্ররোচনা দেয়, যা পূর্ণতা পায় লজ্জাস্থানের মাধ্যমে। সুতরাং এসব অঙ্গের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বিশেষত চোখের ব্যাপারে খুব সতর্ক থাকা চাই। যেসব জিনিস দেখা নাজায়েয সেগুলো থেকে দৃষ্টিকে হেফাজত করতে হবে (যেমন বেগানা নারী, পর-পুরুষ, অশ্লীল ছবি ইত্যাদি)। অবৈধ জিনিস দেখা অবৈধ কাজের প্ররোচণা দেয়, মনে কুচিন্তা আনে। পর্নোগ্রাফীতে আসক্তির কারণে বিকৃত যৌনইচ্ছা জন্মাতে পারে, যা ধর্ষণের মানসিকতাকে উসকে দেয়। বস্তুত কু-নজর হচ্ছে অনৈতিক কাজের ‘ভূমিকা’। এজন্য হাদীসে একে ব্যভিচার গণ্য করা হয়েছে।
জিহ্বার যিনা দ্বারা উদ্দেশ্য হল মুখে এমন কিছু বলা, যার ফলে অন্তরে যিনার চিন্তা আসে। এজাতীয় জিনিস সেবন করা ও ভক্ষণ করাও এতে অন্তর্ভুক্ত হবে। এ প্রসঙ্গে মাদকদ্রব্যের কথা উল্লেখ করা যায়। মাদকাসক্তি মানবসভ্যতার জন্য বিরাট হুমকি। মাদকদ্রব্যের নেশার ছোবল অত্যন্ত ভয়াবহ। এতে ব্যক্তি শুধু পরিবার ও সমাজ থেকেই বিচ্ছিন্ন হয় না; তার গোটা জীবন ধ্বংস হয়। মাদক কেবল সমাজ ও জাতির জন্যই ক্ষতিকর নয়; সভ্যতা ও সংস্কৃতিকেও বিপন্ন করে। মদ্যপান সকল অশ্লীলতার মূল এবং অনেক বড় বড় পাপের পথ উন্মুক্ত করে। এতে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বুদ্ধি-বিবেচনা বিলুপ্ত হয়ে যায়। যার ফলে সে অতি সহজেই চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ নানা রকম অসামাজিক কাজে লিপ্ত হয়।
মদকে কুরআনে শয়তানের ‘গান্দা কর্ম’ আর হাদীসে সকল অশ্লীলতার মূল আখ্যা দেওয়া হয়েছে।
অথচ সমাজের সর্বস্তরে জীবনবিনাশী মাদকের অভয়ারণ্য। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উচ্চবিত্ত পরিবারের মহিলাসহ আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও নেশায় আসক্ত হয়ে পড়েছে। এখন হাত বাড়ালেই গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, সিসা, বাংলা মদ, হেরোইন সহজে পাওয়া যায়। মাদকদ্রব্য নেশা প্রতিরোধ নিরোধ সংস্থার (মানস) ভাষ্যমতে, দেশে বর্তমানে মাদক সেবনের সাথে ৭০ লাখ মানুষ জড়িত। এর মধ্যে নারী মাদকাসক্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। মাদক বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২০ সালের মধ্যে দেশে অন্তত কোটি লোক নেশায় আসক্ত হবে। আশঙ্কা করা হচ্ছে, আগামী দুই-তিন বছরের মধ্যে প্রতিবছর শুধু নেশার পেছনে খরচ হবে ৬০ হাজার কোটি টাকা। (দৈনিক নয়া দিগন্ত, ৮ মে ২০১৮)
কানের যিনা প্রসঙ্গে গানবাদ্যের কথা আলোচনা করা যায়। গানবাদ্য বহু অন্যায়ের সমষ্টি। এতে অন্তরে কপটতা,  ব্যভিচারের প্রেরণা, কুরআনের প্রতি অনীহা সৃষ্টি এবং অন্তর থেকে আখেরাতের চিন্তা নির্মূল হয়। আর বর্তমানের গান তো অশ্লীলতা ও যৌনতার আকর্ষণে ঠাসা, যা মানুষকে অবৈধ সম্পর্কের প্ররোচনা দেয় এবং অনৈতিক কাজের প্রতি প্রলুব্ধ করে। বিখ্যাত মুহাদ্দিস ও বুযুর্গ ইমাম ফুযায়েল ইবনে ইয়ায রাহ. যথার্থই বলেছেন, الغناء رقية الزنا ‘গান ব্যভিচারের মন্ত্র।’
অথচ গানের ঐকতানে সমাজ ভেসে যাচ্ছে। গাড়িতে-বাড়িতে, পথে-ঘাটে সবখানে গান, গানের উপদ্রব।
***
নারীর কর্তব্য হচ্ছে নিজ গৃহে অবস্থান করা, স্বামী ও সন্তানকে সঙ্গ দেওয়া। তার সংস্পর্শে স্বামীর দেহ-মন প্রশান্তি লাভ করবে। সে ঘরকে সুকূনের প্রাণকেন্দ্রে পরিণত করবে।
মা হচ্ছে সন্তানের প্রথম ও হৃদয়গ্রাহী পাঠশালা। এ পাঠশালায় সে শারীরিক, মানসিক, চারিত্রিক সবদিক থেকে পরিপুষ্ট হবে। শিশুর প্রাথমিক শিক্ষার জন্য মায়ের চেয়ে উপযুক্ত কিছু নেই। শিশুর সঠিক শিক্ষা ও দীক্ষা তখনই সম্ভব যদি শিক্ষক দয়াপরবশ হয়। ছাত্রের মন-মেযাজ সম্পর্কে সম্যক অবগত হয়। তার দুষ্টুমিগুলো সবরের সাথে সংশোধন করতে পারে।
তার চেয়ে বড় বিষয় হল খোদ শিশুও তাকে অপার মহব্বত করে। তার শাসন নিজের জন্য উপকারী মনে করে। কঠোরতাকে হাসিমুখে মেনে নেয়। এ বিষয়গুলো মা আর সন্তানের মাঝে যেভাবে পাওয়া যাওয়া সম্ভব অন্য কারো মধ্যে সেভাবে সম্ভব নয়।
শৈশব তো পুরোটাই কাটবে মায়ের ¯েœহ-আঁচলে। তারপর যখন বিদ্যালয়ে যাবে তখনও বিদ্যালয়ের বাইরের সময়টা তার সংস্পর্শে অতিবাহিত হবে। এভাবে মা-নারীর সার্বিক তরবিয়ত ও তত্ত্বাবধানে রচিত হতে পারে আদর্শ সন্তান, উৎকৃষ্ট পরিবার ও টেকসই সংসার। সুতরাং নারীর গৃহে অবস্থানই অধিকতর প্রাসঙ্গিক।
প্রয়োজনে বাইরে গেলে শরীর ঢেকে যাওয়া। আপন রূপ ও সৌন্দর্য পর-পুরুষের সামনে প্রকাশ না করা, পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা, চলাফেরায় ভদ্রতা ও শালীনতা বজায় রাখা, অবাধ মেলামেশা ও বেহায়াপনা থেকে বিরত থাকা এবং সতর্কতা অবলম্বন করা। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কে যেতে বলেছে, কেন বলেছে, তার কু-উদ্দেশ্য আছে কি না এসব বিষয় ভাবা চাই। ক্ষেত্রবিশেষে অভিভাবককে সঙ্গে নিতে হবে।
কুরআনে ইরশাদ হয়েছে-
یٰنِسَآءَ النَّبِیِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَیْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَیَطْمَعَ الَّذِیْ فِیْ قَلْبِهٖ مَرَضٌ وَّ قُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا وَ قَرْنَ فِیْ بُیُوْتِكُنَّ وَ لَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِیَّةِ الْاُوْلٰی.
হে নবী পত্নীগণ! তোমরা সাধারণ কোনো নারীর মত নও, যদি তাকওয়া অবলম্বন কর। সুতরাং তোমরা (পর-পুরুষের সাথে) কোমলভাবে কথা বলো না। অন্যথায় যার অন্তরে ব্যাধি আছে সে লালায়িত হয়ে পড়বে। আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলো। তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং আগের জাহেলিয়াতের মত নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়িও না। -সূরা আহ্যাব (৩৩) : ৩২-৩৩
অন্যত্র ইরশাদ হয়েছে-
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ.
তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে কিছু চাও তখন পর্দার আড়াল থেকে চাও। এটা অধিক পরিচ্ছন্ন- তোমাদের অন্তর ও তাদের অন্তরের জন্য। -সূরা আহযাব (৩৩) : ৫৩
আরো ইরশাদ হয়েছে-
وَ لَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَ لْیَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰی جُیُوْبِهِنَّ وَ لَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآىِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآىِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ اَوِ التّٰبِعِیْنَ غَیْرِ اُولِی الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِیْنَ لَمْ یَظْهَرُوْا عَلٰی عَوْرٰتِ النِّسَآءِ  وَ لَا یَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِیُعْلَمَ مَا یُخْفِیْنَ مِنْ زِیْنَتِهِنَّ .
(মুমিন নারীদের বল) তারা যেন নিজেদের সৌন্দর্য অন্যদের কাছে প্রকাশ না করে, তবে তার মধ্যে যা (সাধারণত) প্রকাশ পেয়ে যায় (তার কথা ভিন্ন)। এবং তারা যেন তাদের ওড়না নিজ বক্ষদেশে নামিয়ে দেয় এবং নিজেদের সৌন্দর্য যেন স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাতিজা, ভাগ্নে, আপন স্ত্রী লোক, যারা তাদের মালিকানাধীন, এমন পুরুষ সেবক, যাদের (নারীদের বিষয়ে) কোনো আগ্রহ নেই এবং নারীদের গোপন বিষয় সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো সামনে প্রকাশ না করে। আর তারা যেন এমনভাবে পা না ফেলে, যার ফলে তাদের গোপন সৌন্দর্য জানা হয়ে যায়। -সূরা নূর (২৪) : ৩১
হাদীসে আছে-
المرأة عورة، فإذا خرجت استشرفها الشيطان.
নারী হল গোপনযোগ্য। যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে দৃষ্টি উঁচু করে তাকাতে থাকে। -জামে তিরমিযী, হাদীস ১১৭৩
অপর এক হাদীসে আছে-
لا يخلون أحدكم بامرأة، فإن الشيطان ثالثهما.
তোমাদের কেউ যেন (বেগানা) নারীর সাথে একান্তে মিলিত না হয়। কেননা তখন শয়তান তাদের তৃতীয়জন হিসেবে উপস্থিত হয়। -মুসনাদে আহমাদ, হাদীস ১১৪
এ আয়াত ও হাদীসসমূহে যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে তা হচ্ছে, নারী যেন নিজ গৃহে অবস্থান করে, পর্দা রক্ষা করে এবং তার পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা, চালচলনে যেন শালীন, মার্জিত ও সংযত হয়, যাতে শয়তান তার রূপ-লাবণ্যের প্রতি পুরুষদের প্রলুব্ধ করতে না পারে। তাদের মনে কুচিন্তা সৃষ্টি করতে না পারে।
কিন্তু বর্তমান সমাজে কী সংস্কৃতি চলছে? পর্দাহীনতা, নারী-পুরুষের অবাধ মেলামেশা, অশ্লীলতা, বেহায়াপনা। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের নব্য সংস্কৃতি। ভেতরের নিরাপদ ভুবনের চেয়ে বাইরের অনিরাপদ জগতকেই ঢের পছন্দ করা হয়। সম্মান ও মর্যাদার প্রতীক মনে করা হয়। নারীর কথাবার্তা, পোশাক-পরিচ্ছদ, চালচলন সর্বত্রই অশালীনতা। এত পাতলা, সূক্ষ্ম ও আঁটসাঁট পোশাক পরিধান করা হয়, যা দ্বারা কাপড়ের উপর থেকেই শরীরের গঠনপ্রণালী দৃশ্যমান হয়। সর্বত্রই চলছে ব্যভিচারের আয়োজন ও প্রতিযোগিতা।
একশ্রেণির নারী নিজের ক্যারিয়ার, প্রমোশনের প্রলোভনে অপরের ‘শয্যাসঙ্গী’ হচ্ছে। আরেক শ্রেণির নারী তো শোভা পাচ্ছে বড়-ছোট পর্দায়। বিনোদনের নামে যেখানে চলছে যৌনতার উন্মুক্ত চর্চা। তথ্য-প্রযুক্তির কল্যাণে সবই এখন সহজলভ্য। ঘরে-বাইরে, পথে-ঘাটে, মাঠে-ময়দানে সবখানে সবার কাছে।
ধর্ষণের প্রবণতা বৃদ্ধির পেছনে এসব নগ্নতার কি কোনো ভূমিকা নেই? তা কি নারীর প্রতি অনৈতিক চিন্তা ও কাজে প্রলুব্ধ করে না?
২০১৫ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি ২২ মিনিটে একজন নারী ধর্ষিত হয়। এর কারণ কী, এক্ষেত্রে কি বলিউডের রূপালি পর্দার কোনো দায় নেই? ভারতের চলচ্চিত্র শিল্পের গুরুত্বপূর্ণ নানা চরিত্রের সঙ্গে কথা বলে বিবিসির চলচ্চিত্র সমালোচক টম ব্রুকস একটি প্রতিবেদন তৈরি করেছিলেন। প্রতিবেদনটির একটি অংশ এরকম :
একের পর এক এমন সব বর্বর ধর্ষণের ঘটনার সামাজিক কারণ খুঁজতে গিয়ে এই প্রশ্নটাও সামনে চলে এসেছে যে, ভারতে নারীর প্রতি এই যৌন সহিংসতা উসকে দেওয়ার পেছনে কি বলিউড আংশিকভাবে দায়ী? বিশেষত চলচ্চিত্রের পর্দায় নারীকে যেভাবে উপস্থাপন করা হয় এবং যেসব চিত্রকল্প আর আখ্যান তুলে ধরা হয় সেসব কি যৌন সহিংসতা উসকে দিচ্ছে?
(প্রথম আলো, ১৪ জুলাই ২০১৫)
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী ধর্ষণের ঘটনার পেছনের কারণ সম্পর্কে বলেন, ...সবকিছুর মূলে আছে মূল্যবোধের অভাব। অবাধ পর্নোগ্রাফির বিস্তার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বল্প পরিচয়ের পর ওই ছেলের সঙ্গে বাছবিচার না করে মেলামেশা, বিভিন্ন চ্যানেল, বিশেষ করে পাশের দেশের বিভিন্ন চ্যানেলে যা দেখানো হয়, তাও ধর্ষণের মত অপরাধকে উসকে দিচ্ছে। বিজ্ঞাপন দেখে একটি ছোট ছেলেও জানতে পারছে, শরীরকে উত্তেজিত করতে হলে কী খেতে হবে। ছেলে-মেয়েরা ইন্টারনেটে কোন্ সাইট দেখছে, তাও অভিভাবকেরা কখনো নজরে আনছেন না। (প্রথম আলো, ২৪ মে ২০১৭)
বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম ধর্ষণ প্রতিরোধে বহুমুখী পদক্ষেপের আলোচনা করতে গিয়ে বলেন,
তৃতীয়ত, যেখানে যতটা সম্ভব নারীদের ঝুঁকি এড়িয়ে চলতে হবে। যেমন বর্তমানে প্রযুক্তির ব্যবহারের ফলে অপরিচিত মানুষের সঙ্গে পরিচয় কিংবা নম্বর আদান-প্রদান এধরনের ঝুঁকি বাড়াতে সহায়তা করে। তাই এই নম্বর আদান-প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। [সমকাল  (অনলাইন), ৫ জুন ২০১৭]
ধর্ষণের বিরুদ্ধে বেশি সরব হয়ত নারী সমাজই (এবং এমনটাই হওয়া উচিত)। কিন্তু তাদের পোশাক-আশাক, কথাবার্তা ও চালচলনে কি শালীনতা, ভদ্রতা ও সচেতনতার ছাপ লক্ষ করা যায়?
মিডিয়ায় প্রকাশিত হচ্ছে, এখন বলিউড, হলিউডের তারকারাও যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলেছেন। কিন্তু তারা কি এই বেশ্যাবৃত্তিটা বর্জন করেছেন?
সারকথা হল ধর্ষণ একটি ভয়াবহ ব্যাধি। এ কেবল যৌন নির্যাতনই নয়; বৃহত্তর সামাজিক অন্যায়ের বহিঃপ্রকাশ। দেশ ও জাতির জন্য কলঙ্ক। অনৈতিকতা ও পাশবিকতার চূড়ান্ত পর্যায়। এ থেকে আমাদের রক্ষা পেতেই হবে। তবে তা যেন শুধু মুখ পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, বরং কর্ম ও আচরণেও প্রকাশ পায়। যেসব জিনিস ধর্ষণের মনস্তত্ত্ব তৈরি করে, একে উসকে দেয় এবং যে পরিবেশ-পরিস্থিতি ও অবস্থানের সমন্বয়ে মানুষ এর প্রতি প্রলুব্ধ হয়, সেগুলো থেকে প্রত্যেককে নিজ নিজ শক্তি-সামর্থ্য অনুযায়ী বেঁচে থাকতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তা বন্ধের জন্য দায়িত্বশীলদের কাছে দাবি জানাতে হবে। সুস্থ ও সুষ্ঠু সংস্কৃতি চর্চা করতে হবে। সর্বোপরি ইসলামী চেতনায় উজ্জীবিত হতে হবে; আল্লাহ্র ভয় ও আখেরাতের জবাবদিহির কথা অন্তরে সদা জাগরুক রাখতে হবে।  সবারই জানা, ভেতরের চিকিৎসা না করে উপরে যতই মলম লাগানো হোক, রোগ নিরাময় সম্ভব নয়।

বিবাহ-বিচ্ছেদ নয়

ইচ্ছা ছিল ব্যাংকিংয়ের একটি বিষয়ের উপর লেখার। কিন্তু হঠাৎ নজরে পড়ল একটি শিরোনাম- ‘তালাকের হিড়িক, ঢাকায় দিনে ৫০-৬০ দম্পতির বিচ্ছেদের আবেদন।’ খুবই উদ্বেগ ও বেদনার বিষয়। শিরোনামটি দেখার পরে মনে হয়েছে, এ বিষয়েই কিছু বলি।
ঐ রিপোর্টে বলা হয়েছে, ‘ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ ও উত্তরের তথ্যানুযায়ী, ২০১০-২০১৬ সাল পর্যন্ত রাজধানীতে তালাকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় বায়ান্ন হাজার। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টির মত বিচ্ছেদের আবেদন জমা হচ্ছে।
কী ভয়াবহ অবস্থা! যদিও সংবাদে যা এসেছে তা দাপ্তরিক হিসাব। বাস্তবে পরিস্থিতি আরো ভয়াবহ। এটা আমরা বলতে পারি ফতোয়া বিভাগের অভিজ্ঞতা থেকে। নানা পরিসংখ্যান বলছে, এই প্রবণতা ক্রমবর্ধমান, যা একটি সমাজের জন্য, বিশেষত মুসলিম সমাজের জন্য খুবই দুঃখজনক ও আশঙ্কাজনক। কারণ, বিবাহ-বিচ্ছেদের কুফল অনেক দূর পর্যন্ত গড়ায়।
এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান সমাজে বিচ্ছেদ প্রবণতার এই ক্রমবর্ধমান বিস্তার কেন। সমাজবিজ্ঞানীরা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে নানা কারণ বর্ণনা করেছেন। তবে যে কথাটি প্রায় সবাই বলছেন তা হচ্ছে ধর্মীয় অনুশাসনের অভাব। বাস্তবেই এটা অনেক বড় কারণ।
ধর্মীয় অনুশাসনের বিষয়টি অনেক বিস্তৃত। বিশ্বাস ও মূল্যবোধ, জীবন-দর্শন ও জীবনধারা, স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, একে অপরের হক সম্পর্কে সচেতনতা, বিনয় ও ছাড়ের মানসিকতা- এই সবই ধর্মীয় অনুশাসনের অন্তর্র্ভুক্ত। এরপর পর্দা-পুশিদা রক্ষা, পরপুরুষ বা পরনারীর সাথে সম্পর্ক ও মেলামেশা থেকে বিরত থাকা ইত্যাদিও বিশেষ ধর্মীয় অনুশাসন, যা পালন না করাও স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি ও বিবাহ বিচ্ছেদের  কারণ। পরিসংখ্যানও বিষয়টিকে সমর্থন করে। ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের গবেষণা-পরিসংখ্যান বলছে, বিচ্ছেদের যেসব আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে তার মধ্যে ৮৭ শতাংশ বিচ্ছেদের ঘটনা ঘটেছে পরকীয়ার জের ধরে। কোনো ক্ষেত্রে স্বামীর পরকীয়া, কোনো ক্ষেত্রে স্ত্রীর।
কাজেই সমাজবিজ্ঞানীদের কর্তব্য, এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা। কেন এই সমাজে পরকীয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রতিকারের উপায় কী- তা নিয়ে নির্মোহ চিন্তা-ভাবনার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন আছে।
পরিসংখ্যানের আরেকটি দিক হচ্ছে, বিবাহ-বিচ্ছেদে পুরুষের চেয়ে নারীরাই এগিয়ে। এক জরিপে দেখা গেছে, ৭০.৮৫ ভাগ তালাক গ্রহণ করছেন নারী আর ২৯.১৫ ভাগ তালাক দিচ্ছেন পুরুষ।
এর কারণ হয়তো অনেক ক্ষেত্রে এই যে, সাধারণত নারীরা নির্যাতিত হওয়ায় তারাই বিচ্ছেদের পদক্ষেপ বেশি নিচ্ছে তবে এর সাথে অনেকেই আরো যা বলছেন তা হচ্ছে-
‘মেয়েরা এখন অনেক অধিকার পেয়েছেন। সামাজিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই বেশি অধিকার পেয়ে স্বামীকে তালাক দিতে আগের চেয়ে বেশি আগ্রহী হচ্ছেন। আগেকার দিনের মায়েরা সংসার ও ছেলেমেয়েদের নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। এখন একক পরিবার হওয়ায় এবং বাইরে চাকরি-বাকরির ও সার্বিক স্বাধীনতার বিস্তার ঘটায় বাইরের মানুষের সাথে তাদের মেলামেশা বেড়েছে এবং স্বামীদের চেয়ে বাইরের বন্ধু-বান্ধবদের দিকে বেশি ঝুকছে। তাই পারিবারিক অবস্থা একটু খারাপ হলেই তালাকের চিন্তা করছে। অনেক ক্ষেত্রে পুরুষরা খুব বেশি অত্যাচারী হয়ে থাকে। এছাড়া তথ্য-প্রযুক্তির প্রভাব, সামাজিক যোগাযোগ-মাধ্যম ও আধুনিক সংস্কৃতির কারণে সংসার ভাঙছে। বর্তমানের মেয়েরা বিদেশী টেলিভিশন, স্টার জলসা, জি-বাংলাসহ বিভিন্ন ধরনের সিরিয়াল দেখে সাংস্কৃতিক দিক থেকে প্রভাবিত হচ্ছে।’
এই কথাগুলো কোনো ধর্মীয় ব্যক্তিত্বের নয়। এদেশের আধুনিক চিন্তাধারার সমাজ-চিন্তকেরাই এই কারণগুলো নির্দেশ করছেন। এখান থেকে বেশ কিছু বিষয় বুঝে আসে।
প্রথমত, ইসলামে যে সুসংহত জীবন-ব্যবস্থা রয়েছে, তার প্রতিটি অংশই অতি প্রয়োজনীয়। যে অংশই বাদ দেয়া হবে তার কুফল ভুগতে হবে। ইসলামে আয়-উপার্জন, জীবনমান ও জীবনধারার ক্ষেত্রে অল্পেতুষ্টির শিক্ষা দেয়া হয়েছে। জীবনের বাস্তব প্রয়োজন আর অবাস্তব প্রয়োজনের মাঝেও রেখা টেনে দেয়া হয়েছে। অল্পেতুষ্টির পরিবর্তে যদি সম্পদ ও প্রাচুর্যের মোহ তৈরি হয়, বাস্তব প্রয়োজন ছাড়াও নানা অবাস্তব প্রয়োজনের ভার কাঁধে তুলে নেওয়া হয় তখন অস্থিরতা সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক। তদ্রূপ ইসলামী শিক্ষায় পারস্পরিক হক রক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একে অপরকে কোনোভাবে-ই কষ্ট না দেওয়া, প্রত্যেকে অন্যের হক রক্ষায় সচেষ্ট থাকা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। ইসলাম শুধু অধিকারের কথা বলে না, কর্তব্যের কথাও বলে। স্বামী ও স্ত্রী প্রত্যেকেরই রয়েছে কর্তব্য এবং অধিকার। নিজের কর্তব্য পালন আর অন্যের অধিকার রক্ষায় সচেষ্ট হলেই সবার শান্তি আসতে পারে।
কুরআন মাজীদে ইরশাদ হয়েছে-
وَ لَهُنَّ مِثْلُ الَّذِیْ عَلَیْهِنَّ بِالْمَعْرُوْف.
আর স্ত্রীদেরও ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, যেমন তাদের প্রতি (স্বামীদের) অধিকার রয়েছে। -সূরা বাকারা (২) : ২২৮
কাজেই দেখা যাচ্ছে, নারীর যেমন কর্তব্য আছে তেমনি অধিকারও আছে। একই কথা পুরুষের ক্ষেত্রেও। তাই পারিবারিক শান্তি-শৃঙ্খলার জন্য স্বামী-স্ত্রী উভয়কে নিজ নিজ কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে এবং একে অপরের হক ও অধিকারের বিষয়ে শ্রদ্ধাশীল হতে হবে।
পারিবারিক শান্তির জন্য শুধু পরিবারকেন্দ্রিক ইসলামী অনুশাসনগুলোই নয়, সাধারণ অনুশাসনগুলো মেনে চলারও গুরুত্ব আছে। যেমন ধরুন, মাদকাসক্তিও অনেক পরিবারের ভাঙ্গনের কারণ। মাদক ইসলামী বিধানে হারাম। এটি দাম্পত্যের সাথে সংশ্লিষ্ট বিষয় নয়, সাধারণ বিষয়। কিন্তু এর প্রভাব পারিবারিক জীবনেও পড়ে এবং প্রকটভাবেই পড়ে।
দ্বিতীয়ত পরিবারের ভরণ-পোষণের সম্পূর্ণ দায়িত্ব পুরুষের। কাজেই পুরুষ বাইরে উপার্জন করবে আর নারী ঘরে সংসার ও সন্তানদের আদব-তরবিয়ত ও প্রাথমিক লেখা পড়ায় সময়  দেবে- মৌলিকভাবে এটাই স্বাভাবিক পদ্ধতি। এর বিপরীতে নারী-স্বাধীনতা বা নারীর স্বাবলম্বিতার নামে নারীকে উপার্জনে বের করার যে সংস্কৃতি এর কুফল ইতোমধ্যে প্রকাশিত হতে শুরু করেছে। খোদ সমাজ-চিন্তকেরাই এখন স্বীকার করছেন যে, বিবাহ-বিচ্ছেদের এক বড় কারণ, নারী বাইরে বের হওয়া এবং পর-পুরুষের সাথে মেলামেশা। অথচ অন্য ক্ষেত্রে নারীর স্বাবলম্বিতার তথা বাইরের জগতে বিচরণের বর্তমান ধারার পক্ষে নারী-নির্যাতনের বিষয়টিকে কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। এখন দেখা যাচ্ছে, এর দ্বারা নারী নির্যাতন তো কমছেই না, বরং বাড়ছে, একইসাথে সংসারও ভাঙছে। কাজেই গোড়া থেকেই সমস্যার সমাধান করতে হবে। একান্ত আর্থিক সমস্যা ছাড়া নারীদেরকে রোজগারের জন্য ঘরের বাইরে বের করবে না, বরং স্বামীরাই স্ত্রী-সন্তানের খরচাদির ব্যবস্থা করবে।
তৃতীয়ত তালাকের অধিকার  পুরুষের হাতে ন্যস্ত করার যথার্থতাও স্পষ্ট হচ্ছে। ইসলামী বিধানে তালাকের অধিকার পুরুষের হাতে ন্যস্ত করার পাশাপাশি পুরুষকে যে সকল গুণের অধিকারী হওয়ার এবং স্ত্রী ও পরিবার পরিচালনায় যে নীতি ও বিধান অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে তা পালনের মাধ্যমে কাক্সিক্ষত সুফল পাওয়া সম্ভব। ইসলাম স্ত্রীদেরকে ‘খোলা‘আ’র অধিকার দিয়েছে এবং স্বামী থেকে পাওয়া অধিকার বলে তালাকেরও ক্ষমতা দিয়েছে, যা আমাদের দেশের কাবিননামার ১৮ নং ধারায় উল্লেখ থাকে। সে ধারার গলদ ব্যবহার করেই নারীগণ পুরুষের চেয়ে ৩ গুণ বেশি তালাকের পথে হাঁটছে। এর থেকেই অনুমান করা যায় যে, যদি তারা সরাসরি তালাকের ক্ষমতা পেত তবে পরিস্থিতি আরো কত ভয়াবহ হত। 
এখানে এ বিষয়টিও পরিষ্কার হওয়া চাই যে, ইসলামী শরীয়তে অতীব প্রয়োজনের ক্ষেত্রে তালাকের অবকাশ রয়েছে, কিন্তু বিষয়টি পছন্দনীয় নয়। সুনানে ইবনে মাজাহ্য় আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী বর্ণিত হয়েছে যে-
أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللّهِ الطّلَاقُ.
আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল হচ্ছে তালাক। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ২০১৮
সুনানে আবু দাউদে মুহারিব ইবনে দিছার রা.-এর সূত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হয়েছে-
مَا أَحَلّ اللّهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطّلَاقِ.
আল্লাহ তাআলা তাঁর কাছে তালাকের চেয়ে অপ্রিয় কোনো কিছু হালাল করেননি। -সুনানে আবু দাউদ, হাদীস ২১৭৭
কাজেই তালাকের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। নারী-পুরুষ উভয়ের কর্তব্য তালাক থেকে দূরে থাকা। তালাক দেয়ার ক্ষমতা যেহেতু পুরুষের তাই পুরুষকে এই ক্ষমতা প্রয়োগের ব্যাপারে খুবই সংযমী হতে হবে। অন্যদিকে নারীর ব্যাপারে হাদীস শরীফে বলা হয়েছে-
أَيّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطّلَاقَ فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنّةِ.
যে নারী তার স্বামীর কাছে বিনাকারণে তালাক প্রার্থনা করে তার জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ২০৫৫
সম্প্রতি পরকীয়ার যে বিস্তার এতে যেমন পুরুষের অপরাধ আছে তেমনি আছে নারীরও। দেখা যাচ্ছে যে, এক নারীর দ্বারাই অন্য নারীর সংসার ভাঙছে। এক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী খুবই প্রাসঙ্গিক। জামে তিরমিযীতে হযরত আবু হুরায়রা রা.-এর সূত্রে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
لاَ تَسْأَلِ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْفِئَ مَا فِي إِنَائِهَا.
কোনো নারী যেন তার বোনের (অপর নারীর) হিস্যা নিজের পাত্রে উপুড় করে নেয়ার জন্য তালাকের ফরমায়েশ না করে। -জামে তিরমিযী, হাদীস ১১৯০
প্রত্যেকের কর্তব্য, নিজের পাতে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। অন্যের পাতে যা আছে তা-ও নিজের পাতে নিয়ে নেওয়ার মতো লোভী মানসিকতা কোনো ভদ্র মানুষের হতে পারে না। উপরন্তু যখন ঐ নারীটিও একজন নারী, একজন মুসলিম, দ্বীনী বোন।
তো এই সকল ঈমানী ও মানবীয় চেতনার বিস্তার এখন খুবই জরুরি। তাহলে অন্যায় অযৌক্তিক কারণে বিবাহ-বিচ্ছেদের হার অনেক হ্রাস পাবে। নারী-পুরুষ উভয়ে যদি পর্দার বিধান মেনে চলে তবে পরকীয়া জাতীয় কিছু ঘটার কোনই আশংকা থাকবে না। যারা শরীয়তের এ গুরুত্বপূর্ণ বিধানটি নিয়ে কটাক্ষ করে অথবা একে জটিল মনে করে তা পালনে বিরত থাকে, তাদের বিষয়টি ভাবা উচিত।
উল্লেখ্য যে, পর্দা বলতে শুধু সামনের মানুষটির সাথেই পর্দা নয়; বরং এ ডিজিটাল যুগে টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদির মাধ্যমেও ব্যাপকভাবে পর্দা লংঘিত হয় এবং তাও এক সময় সংসার ভাঙার কারণ হয়ে থাকে। বিশেষতঃ ফেসবুক ইত্যাদির মত তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে, বিশ্বব্যাপী কত সংসার ভাঙার কারণ ঘটেছে, কত শিশুকে তাদের মা-বাবা থেকে বিচ্ছিন্ন করেছে তার সঠিক হিসাব হয়ত কোনো দিনই প্রকাশিত হবে না। মুসলমানরা এসব বিজাতীয় পথে হেঁটে আর কত নিজেদেরকে ধ্বংস করবে? মনে রাখা দরকার, সমাজের আগে পরিবারের স্থান, তাই তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটিয়ে পারিবারিক বন্ধনকে ঝুঁকিতে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।
শরীয়তের নির্দেশনা হচ্ছে, শেষ পর্যন্ত বৈবাহিক সম্পর্ক রক্ষায় প্রয়াসী হওয়ার। তালাক ও বিবাহ-বিচ্ছেদের পর্যায়টি হচ্ছে সর্বশেষ পর্যায়, যা একান্ত অনিবার্য প্রয়োজনের স্বার্থেই বৈধ করা হয়েছে। স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য হতে পারে, ঝগড়া-বিবাদ হতে পারে, তা নিজেরাই মিটমাট করে নেয়া চাই, যদি তা বড় আকার ধারণ করার আশংঙ্কা হয় তখন দুই পরিবার আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করবে। ইরশাদ হয়েছে-
وَ اِنْ خِفْتُمْ شِقَاقَ بَیْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَ حَكَمًا مِّنْ اَهْلِهَا  اِنْ یُّرِیْدَاۤ اِصْلَاحًا یُّوَفِّقِ اللهُ بَیْنَهُمَا  اِنَّ اللهَ كَانَ عَلِیْمًا خَبِیْرًا.
তাদের উভয়ের মধ্যে বিরোধ আশংকা করলে তার (স্বামীর) পরিবার থেকে একজন ও তার (স্ত্রী)পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ে নিষ্পত্তিচাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংশার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। -সূরা নিসা (৪) : ৩৫

অর্থাৎ স্বামী-স্ত্রীর পারস্পরিক জিদ ও বিদ্বেষের কারণে যখন আশংঙ্কা হয় যে, তারা নিজেরা বিবাদ মিমাংসা করতে পারবে না তখন দুই পক্ষের আত্মীয়দের মধ্য থেকে একজন একজন করে সালিশ নিযুক্ত করে দেওয়া হবে এবং মীমাংসার জন্য তাদেরকে স্বামী-স্ত্রীর কাছে পাঠানো হবে। আত্মীয়রাই তো তাদের অবস্থা ভালো জানবে এবং এদের কল্যাণকামিতার প্রত্যাশাও তাদের কাছে বেশি করা যায়। এই দু’জন গিয়ে খোঁজ খবর নিবে এবং যার যে পরিমাণ অন্যায় সে অনুযায়ী বুঝিয়ে শুনিয়ে তাদেরকে মিলিয়ে দিবে।
আয়াতের শেষাংশে বলা হয়েছে, উভয় সালিশ স্বামী-স্ত্রীর মাঝে মীমাংসা করে দেয়ার সদুদ্দেশ্য রাখলে আল্লাহ তাআলা তাদের নেক নিয়ত ও সঠিক চেষ্টার বদৌলতে বনিবনা করে দিবেন। কাজেই বিবাহ-বিচ্ছেদের আগে এই কুরআনী শিক্ষা অনুসরণ করা কাম্য।
বর্তমানে এই কুরআনী শিক্ষাটি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হয়। দেখা যায় ঝগড়া-বিবাদ বা মনোমালিন্য সৃষ্টি হলেই স্বামী বা স্ত্রী-পক্ষ অথবা উভয় পক্ষের মধ্যে মিথ্যা আত্মমর্যাদাবোধ জাগ্রত হয় এবং কোনো এক পক্ষ তাড়াহুড়া করে তালাকের পদক্ষেপ নিয়ে বসে। এরপর স্থানীয় সরকারের শালিশী কাউন্সিল তাদের মধ্যে মিমাংসা করতে বসে, যা অধিকাংশ ক্ষেত্রেই কোনো কাজে আসে না।
এখানে উল্লেখ্য যে, এই যে শালিশী কাউন্সিল এটি কিন্তু একটি শরীয়ত-বিরোধী আইনের ফসল, যা ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইন নামে প্রসিদ্ধ। স্বাধীনতার ৪ দশক পার হয়ে যাওয়ার পরও পাকিস্তানী সামরিক শাসক আইউব খানের জারী করা কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন আমাদের দেশে এখনো চালু রয়েছে। জানি না ইসলাম-বিরোধী হওয়ার কারণেই কি না? যদিও পাকিস্তানে এটি সংশোধিত হয়ে গেছে কয়েক বছর আগেই। যা হোক, ঐ ১৯৬১ সালের আইনটির বহুবিধ ত্রুটির মধ্যে এটিও একটি যে, এতে তালাকনামা লিখে নোটিশ পাঠাবার পর শালিসের কথা বলা হয়েছে। অথচ শরীয়া অনুযায়ী তালাকনামা লিখে দস্তখত করার পরই তালাক হয়ে যায়। তাহলে আর শালিস কিসের জন্য? আসলে শালিস হওয়া দরকার তালাকের পূর্বেই এবং তা হওয়া দরকার পারিবারিক ও সামাজিকভাবে। আইনের লোকদের দিয়ে নয়। এ সহজ কথাগুলো সংশ্লিষ্ট লোকজন যত তাড়াতাড়ি উপলব্ধি করবেন ততই জাতির মঙ্গল হবে।
আমরা মুসলিম নর-নারীদের অনুরোধ করব, তারা যেন তালাকের আগে অন্ততঃ দশবার ভেবে নেন। শালিশ-সমঝোতাসহ যাবতীয় পূর্ব-পদক্ষেপ বিফল হয়ে গেলে যদি তালাকের পথে যেতেই হয় তবে কোনো নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিয়ে তা করবে এবং কোনোক্রমেই এক তালাকে বায়েনের বেশি দিবে না; যেন পরে সংসার পুনর্বহালের সুযোগ থাকে।
পারিবারিক মর্যাদা, মূল্যবোধ, সন্তানের ভবিষ্যৎ এবং নিজেদের দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য তালাকের বিষয়ে সংযমী হওয়ার কোনো বিকল্প নেই। মসজিদের সম্মানিত খতীবগণ, ওয়ায়েযগণ এবং সমাজের নেতৃস্থানীয় বিজ্ঞ লোকজন গণ-মানুষকে এসব বিষয়ে বোঝাতে এগিয়ে আসলে তা অধিক কার্যকরি হবে বলে আশা করা যায়।

কুরআন তিলাওয়াত ও তারাবীর তিলাওয়াত : আমাদের অসতর্কতা

কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামীনের কালাম। মহান প্রভুর মহান বার্তা। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ
যারা অত্যন্ত পবিত্র তারাই কেবল একে স্পর্শ করে। এটা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। -সূরা ওয়াকেয়া (৫৬) : ৭৯-৮০
আমরা কুরআন তিলাওয়াত করি। তিলাওয়াত কুরআনের বড় একটি হক। আল্লাহ তাআলা আদেশ করেছেন-
اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ
(হে নবী!) ওহীর মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তা তিলাওয়াত কর। -সূরা আনকাবূত (২৯) : ৪৫
তিলাওয়াতের অনেক গুরুত্ব, অনেক ফযীলত। তিলাওয়াতকারীর লাভ ও সওয়াবকে অল্লাহ এমন ব্যবসার সাথে তুলনা করেছেন, যে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হয় না-
إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ  .
যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামায কায়েম করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রাকশ্যে। তারা এমন ব্যবসায়ের আশাবাদী, যাতে কখনও লোকসান হয় না। -সূরা ফাতির (৩৫) : ২৯
মহান আল্লাহ তাআলার কালাম তিলাওয়াতের বিশেষ নিয়ম ও আদব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪
হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
زينوا القرآن بأصواتكم
সুন্দর সূরের মাধ্যমে কুরআনকে  (এর তিলাওয়াতকে) সৌন্দর্যমণ্ডিত কর। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৮
হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম ইরশাদ করেছেন, (কিয়ামতের দিন) কুরআনের তিলাওয়াতকারী বা হাফেজকে বলা হবে-
اقْرَأْ، وَارْتَقِ، وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا.
তিলাওয়াত করতে থাক এবং উপরে উঠতে থাক। ধীরে ধীরে তিলাওয়াত কর, যেভাবে ধীরে ধীরে দুনিয়াতে তিলাওয়াত করতে। তোমার অবস্থান হবে সর্বশেষ আয়াতের স্থলে যা তুমি তিলাওয়াত করতে। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৪; জামে তিরমিযী, হাদীস ২৯১৪
এই ধীরস্থির বা তারতীলের সাথে তিলাওয়াত কেমন হবে তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। হযরত উম্মে সালামাহ রাযি.-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায ও তিলাওয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাঁর তিলাওয়াত ছিল-
قِرَاءَةً مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا
প্রতিটি হরফ পৃথক পৃথকভাবে উচ্চারিত। -জামে তিরমিযী, হাদীস ২৯২৩
অর্থাৎ কোনো জড়তা, অস্পষ্টতা ও তাড়াহুড়া ছিল না।
হযরত আনাস রাযি.-কে নবীজীর তিলাওয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাঁর তিলাওয়াত ছিল (মদের স্থানে) টেনে পড়া। এর পর তিনি بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ পাঠ করে শোনান এবং اللهِ , الرَّحْمٰنِ  ও الرَّحِيمِ এ সব জায়গার মদগুলো টেনে উচ্চারণ করে দেখান। -সহীহ বুখারী, হাদীস ৫০৪৬
সাহাবায়ে কেরামের তিলাওয়াতের বৈশিষ্ট্যও এমনই ছিল। ধীরস্থিরভাবে তিলাওয়াত করতেন তাঁরা। নিজেরা করতেন, অন্যদেরকেও তাগিদ দিতেন।
قَالَ عَلْقَمَةُ : صَلَّيْتُ مَعَ ابْنِ مَسْعُودٍ مِنْ أَوَّلِ النَّهَارِ إِلَى انْصِرَافِهِ مِنَ الْفَجْرِ فَكَانَ يُرَتِّلُ.
হযরত আলকামাহ রাহ. বলেন, আমি আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর সাথে নামায পড়লাম দিনের শুরু থেকে ফজর পর্যন্ত। তিনি তিলাওয়াত করছিলেন তারতীলের সাথে, ধীরস্থিরভাবে। -মুখতাছারু কিয়ামিল লাইল পৃ. ১৩১
وَقَرَأَ عَلْقَمَةُ عَلَى عَبْدِ اللَّهِ وَكَانَ حَسَنَ الصَّوْتِ. فَقَالَ: رَتِّلْ فِدَاكَ أَبِي وَأُمِّي. فَإِنَّهُ زَيْنُ الْقُرْآنِ
আলকামাহ রাহ. একবার হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি.-কে কুরআন তিলাওয়াত করে শোনাচ্ছিলেন। তিনি সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন। (তো তিনি কিছুটা দ্রুত পড়ে যাচ্ছিলেন) তখন ইবনে মাসউদ রাযি. বললেন, আমার বাবা-মা তোমার উপর কুরবান হোক! ধীরস্থিরভাবে তারতীলের সাথে তিলাওয়াত কর। এটা কুরআনের (তিলাওয়াতের) ভূষণ। -মুখতাসারু কিয়ামিল লাইল, পৃ. ১৩১
হযরত ইবনে মাসউদ রা.কে এক ব্যক্তি বলল,
إِنِّي لَأَقْرَأُ الْمُفَصَّلَ فِي رَكْعَةٍ، فَقَالَ عَبْدُ اللهِ: هَذًّا كَهَذِّ الشِّعْرِ، إِنَّ أَقْوَامًا يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، وَلَكِنْ إِذَا وَقَعَ فِي الْقَلْبِ فَرَسَخَ فِيهِ نَفَعَ
আমি এক রাকাতেই মুফাস্সালের [সূরা ক্বাফ থেকে সূরা নাস পর্যন্ত। (ফাতহুল বারী ২/২৫৮)] সব সূরা পড়ে নিই। হযরত ইবনে মাসউদ রাযি তখন বললেন, সে তো কবিতা আওড়ানোর মত পাঠ করা।
অনেক মানুষ কুরআন তিলাওয়াত করে, কিন্তু তা তাদের কণ্ঠনালির নিচেও যায় না। অথচ কুরআন তিলাওয়াত তখনই (পরিপূর্ণ) উপকারী হয় যখন তা অন্তরে গিয়ে বসে। -সহীহ মুসলিম, হাদীস ৮২২
وَعَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ: سَافَرْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ وَهُمْ يَسِيرُونَ إِلَيْهَا وَيَنْزِلُونَ بِاللَّيْلِ، فَكَانَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُومُ نِصْفَ اللَّيْلِ فَيَقْرَأُ الْقُرْآنَ حَرْفًا حَرْفًا، ثُمَّ حَكَى قِرَاءَتَهُ: ثُمَّ يَبْكِي حَتَّى تَسْمَعَ لَهُ نَشِيجًا.
হযরত ইবনে আবী মুলাইকা রাহ. বলেন, এক সফরে মক্কা থেকে মদীনায় যাওয়ার পথে আমি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর সাথে ছিলাম। দিনভর আমরা পথ চলতাম আর রাতে কোথাও তাবু ফেলে বিশ্রাম করতাম। হযরত ইবনে আব্বাস রাযি. মাঝরাতে নামাযে দাঁড়িয়ে যেতেন এবং খুব ধীরে ধীরে থেমে থেমে কুরআন তিলাওয়াত করতেন। এক একটি শব্দ স্পষ্ট ও পৃথক পৃথক শোনা যেত। আর নামাযে তিনি ডুকরে ডুকরে কাঁদতেন। এমনকি তাঁর হেঁচকির আওয়ায পর্যন্ত শোনা যেত। -মুখতাসারু কিয়ামিল লাইল পৃ. ১৩১
আরেক বর্ণনায় হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি.তিনি বলেন-
لَا تَهُذُّوا الْقُرْآنَ كَهَذِّ الشِّعْرِ، وَلَا تَنْثُرُوا كَنَثْرِ الدَّقَلِ، وَقِفُوا عِنْدَ عَجَائِبِهِ وَحَرِّكُوا بِهِ الْقُلُوبَ، وَلَا يَكُونُ هَمُّ أَحَدِكُمْ مِنَ السُّورَةِ آخِرَهَا.
তোমরা কবিতা পাঠের মত গড়গড় করে দ্রুত কালামে পাক তিলাওয়াত করো না এবং নষ্ট খেজুর যেমন ছুড়ে ছুড়ে ফেলা হয় তেমন করে পড়ো না বরং এর বিস্ময়কর বাণী ও বক্তব্যগুলোতে এসে থেমে যাও, হৃদয়কে নাড়া দাও। এ ভাবনা যেন না থাকে যে, এ সূরা কখন শেষ হবে! -মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ৮৮২৫
উলামায়ে কেরাম বলেন, কুরআন তারতীলের সাথে পড়া সুন্নত হওয়ার কয়েকটি কারণ :
১. তারতীলের সাথে তিলাওয়াত করা হলে কুরআনে বর্ণিত বিষয়গুলোর প্রতি মনোনিবেশ করা যায়।
২. আল্লাহ তাআলার কালামের প্রতি অধিক সম্মান প্রদর্শিত হয়।
৩. অন্তরে অধিক ক্রিয়া সৃষ্টি করে। -আলইতকান ফী উলূমিল কুরআন ১/১০৬
সুতরাং যারা অর্থ বুঝেন না তাদের জন্যও ধীরে তিলাওয়াত করা মুস্তাহাব। কারণ কুরআনের অর্থ বুঝতে না পারলেও কুরআনের প্রতি সম্মান প্রদর্শন ও অন্তরে ক্রিয়া সৃষ্টি হওয়া তো অবশ্যই সম্ভব।
উলামায়ে কেরাম এ বিষয়েও একমত যে, কুরআন তিলাওয়াত খুব দ্রুত করা ক্ষেত্রবিশেষে নাজায়েয।
আল্লামা যারকাশী রাহ. বলেন, তারতীল মানে কুরআনের শব্দগুলো ভরাট উচ্চারণে পাঠ করা এবং হরফগুলো স্পষ্ট করে উচ্চারণ করা। অন্যথায় এক হরফ আরেক হরফের সাথে যুক্ত হয়ে যাবে। কারো কারো মতে এটা তারতীলের সর্বনিম্ন মাত্রা।
নামাযে আমরা কুরআন তিলাওয়াত করে থাকি নামাযের ফরয বিধান হিসাবে। কুরআন তিলাওয়াতের যে আদবসমূহ উপরে আলোচিত হল সেগুলো নামাযে তিলাওয়াতের ক্ষেত্রে আরও বেশি  প্রযোজ্য। নামাযে তিলাওয়াতের ক্ষেত্রে ধীরস্থিরতা ও ভাবগাম্ভীর্য আরো বেশি মাত্রায় থাকতে হবে। তখন এগুলো শুধু তিলাওয়াতের বিষয় হিসাবেই থাকে না বরং এই ধীরস্থিরতা ও আত্মনিমগ্নতা নামাযেরও বিষয়।
নামাযের খুশু-খুযুর জন্য তিলাওয়াত তারতীলের সাথে হওয়া খুব জরুরি। তাছাড়া এত দ্রুত তিলাওয়াতের কারণে মদ্দ-গুন্নাসহ তাজবীদের অনেক কায়েদা লঙ্ঘিত হয় এবং হুরূফের ছিফাতের প্রতিও যথাযথ লক্ষ্য রাখা যায় না, ফলে দ্রুত পড়তে গিয়ে صএর জায়গায় س হয়ে যাওয়া, ش এর জায়গায় س হয়ে যাওয়া, ﻁ এর জায়গায় ت হয়ে যাওয়া কিংবা যেখানে টান নেই সেখানে টান হয়ে যাওয়া বা কোথাও টান আছে সেখানে টান না হওয়া (দ্রুত পড়তে গেলে এই টানের ভুল সব চেয়ে বেশি হয়) খুব সহজেই ঘটে যেতে পারে।
মোটকথা নামাযে দ্রুত তিলাওয়াত করতে গিয়ে নামায নষ্ট হয়ে যাওয়ার মত ভুল যদি নাও হয় বরং শুধু যদি এটুকু হয় যে, উচ্চারণে মাকরূহ পর্যায়ের বিঘ্ন ঘটছে তাহলে সেই নামাযও কি ত্রুটিযুক্ত হয়ে পড়ল না? আর যদি ধরে নেওয়া হয় যে, কেউ সকল উচ্চারণ ঠিক রেখে খুব দ্রুত পড়ে যেতে পারেন তার জন্যও তো নামাযে অন্তত এমনটি না করা উচিত। কারণ তাতে কুরআন তিলাওয়াতের ন্যূনতম আদবটুকুও যেমন রক্ষিত হয় না তেমনি নামাযে খুশু-খুযু রক্ষা করাও সহজ হয় না।
ফরয নামায ও অন্যান্য নামাযে আমরা কিছুটা ধীরস্থির তিলাওয়াত করে থাকি।  কিন্তু রমযানে তারাবীতে এত দ্রুত পড়ে থাকি, এতই দ্রুত যে তারতীলের ন্যূনতম মাত্রাও সেখানে উপস্থিত থাকে না। মদ্দ (টান), গুন্নাহ ও শব্দের উচ্চারণ বিঘ্নিত হয়ে তিলাওয়াত মাকরূহ পর্যায়ে গিয়ে পৌঁছে; বরং অর্থের পরিবর্তন হয়ে নামায নষ্ট হয়ে যায়, আমাদের অজান্তেই। আর খুশু-খুযু, ধ্যানমগ্নতা তো নষ্ট হচ্ছেই। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সুমহান কালাম পড়ছি বা শুনছি এমন ভাব-তন্ময়তা তো দূরের কথা কখন বিশ রাকাত তারাবী শেষ হবে এই চিন্তাই যেন সকলকে তাড়িত করতে থাকে।
নামায বা তিলাওয়াতের যে আদবটুকু ফরয নামাযে রক্ষা হয় তারাবীতে সেটুকু পাওয়াও দুষ্কর। দ্রুত তিলাওয়াত, দ্রুত রুকু, সেজদা, দ্রুত তাসবীহ। অনেকের মাঝে ধারণা জন্মে গেছে, তারাবী মানেই তাড়াতাড়ি পড়া। যার কারণে দেখা যায় যে, যারা ‘সূরা’-তারাবী পড়েন তারাও ভীষণ দ্রুত পড়েন।
অনেকেই মুসল্লিদের কষ্টের কথা বলে থাকেন। কিন্তু চিন্তা করে দেখুন, ধীরস্থিরভাবে বিশ রাকাত নামায পড়ার কারণে যতটুকু কষ্ট-ক্লান্তি আমাদের হয় তার চেয়ে বেশি হয় কিয়াম, রুকু, সেজদা, তাসবীহ দ্রুত করার কারণে। দুই রাকাত শেষে সালাম ফিরিয়েই মুহূর্তে দাঁড়িয়ে যাওয়া। চার রাকাত পড়ে খুব সামান্য একটু সময় বসে আবার শুরু করা। অথচ সালাফে সালেহীনের আমল কেমন ছিল তা আমরা পূর্বেই দেখে এসেছি।
মক্কা-মদীনার তারাবীর খোঁজ নিয়ে দেখুন, সেখানে কত ধীরস্থির তিলাওয়াত, দীর্ঘ বিশ্রাম, লম্বা সময় নিয়ে তারাবী। সেখানে কত দেশের, কত ধরনের, কত বয়সের মানুষ রয়েছে! অথচ আমাদের অবস্থা হল, বিরতিহীন উঠাবসার মাধ্যমে বিশ রাকাত শেষ করার এক প্রতিযেগিতা। অথচ হাদীস শরীফে কাকের ঠোকরের মত রুকু, সেজদা করা থেকে কত শক্তভাবে নিষেধ করা হয়েছে।
এর চেয়ে তিলাওয়াত ধীরে করে কিয়াম একটু লম্বা করলে, রুকু, সেজদায় সময় নিলে এবং উঠাবসায় ধীরস্থিরতা অবলম্বন করলে কষ্ট অনেকই কমে যাবে। বয়স্কদের কথা যদি বলেন তাদের জন্য তো ধীরস্থিরতাই সহজ। তাছাড়া বৃদ্ধ ও শিশুদের জন্য কেরাত ছোট করার কথা হাদীসে রয়েছে। তাড়াতাড়ি করার কথা তো নেই! এদের যদি খতম তারাবী একেবারেই কষ্ট হয়ে যায় তাহলে সূরা তারাবী পড়তে পারেন।
তারাবীর নামায যেমন গুরুত্বপূর্ণ আমল তেমনই ফযীলতের। হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.
যে ব্যক্তি বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় রমযানে কিয়াম করে (তারাবী, তাহাজ্জুদ সবই এর অন্তর্ভুক্ত) আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। -সহীহ বুখারী, হাদীস ২০০৯
অন্য হাদীসে ইরশাদ হয়েছে-
خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْم وَلَدَتْهُ أُمُّهُ
...সে যাবতীয় গুনাহ থেকে নবজাত শিশুর মত পবিত্র হয়ে যাবে। -সুনানে নাসায়ী, হাদীস ২২১০; সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৩২৮
এই যে এত এত সওয়াবের কথা হাদীস শরীফে উল্লেখ করা হল এগুলো পাওয়ার জন্য কি আমল সহীহ ও নির্ভুল হওয়া শর্ত নয়?! কিংবা আল্লাহ আমাকে এত সওয়াব দান করবেন, এর জন্য একটু ধৈর্য, একটু ধীরস্থিরতা, অন্তত সর্বনিম্ন আদবটুকু রক্ষা করাও কি আমার কর্তব্য নয়?
সুতরাং আমাদের অবশ্যকর্তব্য হচ্ছে, নামাযের কিয়াম, রুকু, সেজদা ও  তিলাওয়াতে ধীরস্থিরতা অবলম্বন করা ও নির্ভুল পড়া।

আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমীন।

ইসলামী আকায়েদই ঈমানের ভিত্তি

আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর সবচে’ বড় ফরজ হল, ঈমান। ঈমান বান্দার উপর আল্লাহর সবচে’ বড় হক। ঈমানের পরিচয় হল, ইসলামকে একমাত্র সত্যধর্ম মেনে কবুল করে নেওয়া। ইসলাম আকায়েদ ও আহকামের সমষ্টি। ইসলামের বর্ণিত সঠিক আকায়েদ, ইসলামের প্রদত্ত শরীয়ত মেনে নেওয়ার নাম ঈমান। আকায়েদ মানা, ইসলামী শরীয়ত অস্বীকার করা অথবা শরীয়ত মানা, ইসলামী আকায়েদ অস্বীকার করা উভয়ই কুফর। এ কুফর থাকা অবস্থায় ইসলামের দৃষ্টিতে কাউকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। যেমনটি আমি ‘উম্মাহর ঐক্য’ বইয়ে বিস্তারিত লিখেছি। শাখাগত মাসআলায় তো দলীলভিত্তিক মতবিরোধ সম্ভব। এমন মতবিরোধ হয়েছেও। ঐ মতবিরোধের দরুণ আল্লাহ পাকড়াও করবেন না। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মন্দ বলেননি। অবশ্য এ ব্যাপারে মতবিরোধের আদব-কায়দা রক্ষা করতে আমরা বাধ্য এবং এ ধরনের মতবিরোধ ঝগড়া বিবাদের মাধ্যম যেন না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। কিন্তু আকায়েদের ব্যাপারটি (মুমিন ও মুসলিম হওয়ার জন্য যে বিষয়গুলো আন্তরিকভাবে স্বীকার করা এবং সেগুলো সত্য বলে সাক্ষ্য দেওয়া জরুরি) সম্পূর্ণ ভিন্ন। তাতে দলীলভিত্তিক মতবিরোধের কল্পনাও করা যায় না। আকায়েদের বেলায় বিরোধ হয় সত্য-বিরোধীদের অন্যায় বিরুদ্ধাচরণ অথবা মূর্খতার কারণে। আকায়েদের ক্ষেত্রে বিরোধ আল্লাহ তাআলা মেনে নেননি। এক্ষেত্রে সবাইকে একমাত্র দ্বীন কবুল করে নেওয়ার আদেশ দিয়েছেন। সত্য দ্বীনের বিরুদ্ধাচরণকারীদের যালেম, ফাসেক ও কাফের আখ্যায়িত করেছেন। সুস্পষ্ট বলে দিয়েছেন, পরকালে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লামা খালেদ মাহমূদের ভাষায়- ‘ইসলামী আকায়েদে এ কথা অকাট্য যে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন একটাই। তা হল, ইসলাম। এ হতে পারে না যে, অন্যান্য ধর্ম আপন আপন জায়গায় সঠিক। সে মতবাদ অনুযায়ী চলেও পরকালে মুক্তি লাভ হবে। আখেরী নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না এনে কেউ মুক্তি পাবে না। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাযিআল্লাহু আনহুকে ইয়ামানে পাঠানোর সময় আহলে কিতাবদের ইসলামের দাওয়াত দিতে বলেছিলেন। সেসব দ্বীন আপন আপন ক্ষেত্রে মুক্তি দেওয়ার যোগ্য হলে তাদের ইসলামের দাওয়াত দেওয়ার কী প্রয়োজন ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযিআল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাযিআল্লাহু আনহুকে এ নির্দেশনা দিয়ে ইয়ামান পাঠান- إِنّكَ تَأْتِي قَوْمًا مِنْ أَهْلِ الْكِتَابِ، فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَن لَا إِلهَ إِلّا اللهُ وَأَنِّي رَسُولُ اللهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذلِكَ، فَأَعْلِمْهُمْ أَنّ اللهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ. তুমি আহলে কিতাবের (ইহুদী ও নাসারাদের) কাছে যাচ্ছ। প্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ্র সাক্ষ্য দেওয়ার দাওয়াত দিবে এবং এ কথার শাহাদাত প্রদানের দাওয়াত দিবে- মুহাম্মাদ আল্লাহর রাসূল। তারা এ কথা মেনে নিলে তাদেরকে বলবে, আল্লাহ তাআলা দিন ও রাতে তাদের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরজ করেছেন। (সহীহ মুসলিম, খ. ১, পৃ. ২৩৮, হাদীস ২৯; সহীহ বুখারী, খ. ৮, পৃ. ৪৯৩, হাদীস ৪৩৪৭) ইমাম তহাবী হানাফী রহমাতুল্লাহি আলাইহি ‘আলআকিদাতুত তাহাবিয়্যাহ’ কিতাবে বিষয়টি এভাবে লেখেন- ودين الله في الأرض والسماء واحد، وهو دين الإسلام، قال الله تعالى إن الدين عند الله الإسلام. আসমান ও জমিনের অধিবাসী সবার জন্য আল্লাহ তাআলার মনোনীত দ্বীন একটিই। তা হল, দ্বীনে ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে আল্লাহর নিকট (গ্রহণযোগ্য) দ্বীন কেবল ইসলাম। (সূরা আলে ইমরান (৩) : ১৯) আলআকিদাতুত তাহাবিয়্যাহ, পৃ. ৭৮৬ ইবনে হাযম জাহেরী রাহ. লেখেন- الإسلام دين واحد، وكل دين سواه باطل. অর্থাৎ ইসলাম একমাত্র সত্য ধর্ম। এছাড়া সব ধর্মই বাতিল। (আলমুহাল্লা, ইবনে হাযম, খ. ১, পৃ. ১০৪) আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এ আকীদাকে পেশ করেছেন এভাবে- من لم يقر باطنا وظاهرا بأن الله لَايقبل دينا سوى الإسلام فليس بمسلم. অর্থাৎ যে অন্তর ও মুখে একথা স্বীকার করে না, আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, তাকে মুসলমান ধরা হবে না। -ফাতাওয়া ইবনে তাইমিয়া, খ. ২৭, পৃ. ৪৬৩ এ থেকে সুস্পষ্ট হয়ে গেল সকল ধর্ম হক হওয়ার মতাবলম্বীরা ইসলামের দাবি করা সত্ত্বেও মুসলমান নন। (আকায়েদে আহলুসসুন্নাহ ওয়াল জামাআহ, মাওলানা মুহাম্মাদ তাহের মাসউদের ভূমিকা, পৃ. ৪৫-৪৬ থেকে গৃহিত) শায়খুল মাশায়েখ হযরত মাওলানা সালীমুল্লাহ খান রাহমাতুল্লাহি আলাইহির ভাষ্য হল, মানুষের নিজস্ব বলতে কিছু নেই। অস্তিত্ব তার নিজস্ব নয়। বিবেক ও প্রজ্ঞা, জ্ঞান ও বোধ নিজস্ব নয়। শোনা, দেখা এবং বলার শক্তিও নিজস্ব নয়। এ সবই খোদাপ্রদত্ত। নিঃস্ব এ মানুষের কাছে আছে কেবল শূন্যতা। এ শূন্যতা মহান আল্লাহর ইচ্ছাধীন। এ শূন্যতার মালিকও সে নয়। আসলে আল্লাহ তাআলার পুরস্কার ও অনুগ্রহ যে, তিনি মানুষকে এসব মূল্যবান নিআমতে ভূষিত করেছেন। বিবেকের সিদ্ধান্ত হল, পুরস্কারদাতা ও অনুগ্রহকর্তার কৃতজ্ঞতা জ্ঞাপন জরুরি। আর যে নিআমতদাতা এত উদারতার সঙ্গে অসংখ্য অগণিত নিআমত দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় তো যে কোনো অনুগ্রহকর্তা ও নিআমতদাতার চেয়ে বেশি করা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কৃতজ্ঞতা আদায়ের জন্য সর্বপ্রথম জরুরি কাজ হল, মহাপবিত্র খোদার সত্তা ও গুণ সংশ্লিষ্ট আকীদা সঠিক হতে হবে, তিনিই আহাদ-এক। সামাদ-তিনি কারো মুখাপেক্ষী নন; সকলে তাঁর মুখাপেক্ষী এবং ইবাদতের যোগ্য তিনিই। তিনিই আমাদের সবার খালিক ও মালিক। তিনিই প্রতিপালক, তিনিই রিযিকদাতা, তিনিই মৃত্যু ও জীবনদাতা। অসুস্থতা-সুস্থতা, ধনাঢ্যতা-দারিদ্র্য, লাভ-ক্ষতি শুধুই তাঁর ক্ষমতাধীন। সব মাখলুক তাঁরই সৃষ্টি করা। সবাই তাঁর মুখাপেক্ষী। তিনি কারও মুখাপেক্ষী নন। এ সৃষ্টিকর্মের মধ্যে কেউ তাঁর অংশীদার কিংবা পরামর্শক নেই। কেউ তাঁর হুকুম বদলাতে পারে না। না তাঁর কাজে কারও দখল দেওয়ার অবকাশ আছে। তিনি মালিকুল মুল্ক- রাজাধিরাজ। আহকামুল হাকিমীন- মহা বিচারক। এজন্য তাঁর প্রতিটি হুকুম মানা জরুরি। তাঁর হুকুমের বিপরীতে অন্য কারও হুকুম কখনো মানা যাবে না। চাই সে শাসনকর্তা, বাবা-মা কিংবা গোত্রপতি অথবা নিজের প্রবৃত্তি হোক। লা ইলাহা ইল্লাল্লাহ হোক আমাদের স্বীকারোক্তি ও ঘোষণা, আমাদের বিশ্বাস ও ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ হোক আমাদের আমল ও শান। এ আকীদাই দ্বীনের মূল ভিত্তি। সমস্ত নবীর সর্বপ্রথম ও গুরুত্বপূর্ণ ছবক। সাত আসমান, সাত জমিন এবং যা কিছু তাতে আছে সব এক পাল্লায় রাখা হলে আর লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখা হলে লা ইলাহা ইল্লাল্লাহ্র পাল্লা ভারী হবে। এ ফযীলত ও ওজন এজন্য যে, এ কালেমায় আল্লাহর তাওহীদের অঙ্গিকার ও স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তাঁরই ইবাদত-বন্দেগী করার, তাঁরই আদেশ মতো চলার, তাঁকেই পরম প্রার্থিত বানানোর, তাঁর সঙ্গেই সম্পর্ক করার সিদ্ধান্ত ও অঙ্গিকার। এটাই ঈমান ও ইসলামের রূহ। হাদীসে এসেছে- جَدِّدُوا إِيمَانَكُمْ، قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَكَيْفَ نُجَدِّدُ إِيمَانَنَا؟ قَالَ: أَكْثِرُوا مِنْ قَوْلِ لَا إِلَهَ إِلّا اللهُ. হে লোকসকল, ঈমান তাজা করে যাও। প্রশ্ন করা হল, কী করে ঈমান তাজা করব? বললেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। -মুসনাদে আহমাদ, হাদীস ৮৭১০; আলমুসতাদরাক, হাকেম, হাদীস ৭৬৫৭; আলমুনতাখাব মিন মুসনাদি আব্দ ইবনে হুমাইদ, হাদীস ১৪২৪ সে আল্লাহ জীবিত, জ্ঞানের অধিকারী, ক্ষমতাধর, সিফাতে কালামের অধিকারী, ইচ্ছা ও শ্রবণশক্তির অধিকারী, সৃষ্টি ও সৃজন তাঁর গুণ। তিনিই জীবন ও মৃত্যু দান করেন। সম্মান ও লাঞ্ছনা তিনিই দেন। محمد رسول الله কালেমার এ অংশে হযরত মুহাম্মাদ আল্লাহর রাসূল হওয়ার স্বীকারোক্তি ও ঘোষণা আছে। যার মর্ম হল, আল্লাহ তাআলা তাঁকে পৃথিবীবাসীর হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তিনি যা বলেছেন, যে খবর দিয়েছেন সব সঠিক। যেমন, কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া, ফেরেশতার অস্তিত্ব, কিয়ামত সংঘঠিত হওয়া, মৃতদের পুনরায় জীবিত হওয়া, নিজ নিজ আমল অনুযায়ী জান্নাত ও জাহান্নামে যাওয়া ইত্যাদি। রাসূলের প্রতি ঈমান আনার উদ্দেশ্যই হল, তাঁর সব কথা মানা। তাঁর শিক্ষা ও হেদায়েতকে আল্লাহ তাআলার শিক্ষা ও হেদায়েত মনে করা এবং তাঁর বিধান মোতাবেক চলার সিদ্ধান্ত গ্রহণ করা। কেউ যদি কালেমা পড়ে কিন্তু এ সিদ্ধান্ত না নেয়, আমি নবীজীর বর্ণিত প্রতিটি কথা একেবারে সত্য এবং তাঁর বিপরীতের সব কথা ভুল বলে বিশ্বাস করব, তাঁর আনীত শরীয়ত ও হুকুম অনুযায়ী চলব- তাহলে এমন মানুষ মুসলমান বলে গণ্য হবে না। কালেমা মূলত একটি অঙ্গীকার ও স্বীকারোক্তি। এর মর্ম এটাই- আমি শুধু আল্লাহ তাআলাকে সত্য খোদা এবং মাবুদ ও মালিক মানি। দুনিয়া ও আখেরাতের সবকিছুর চেয়ে তাঁর সাথে বেশি মুহাব্বত ও সম্পর্ক রাখছি। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য রাসূল মানছি। উম্মতের এক সদস্যের মতো আমি তাঁর আনুগত্য ও অনুসরণ করব এবং তাঁর আনীত শরীয়তের উপর আমল করতে থাকব। আকায়েদের বিষয়টি বড় গুরুত্বপূর্ণ। আকীদা দ্বীনে ইসলামের মূল বিষয়। আমল হল, তার শাখা। আকীদা ঠিক না হলে দোযখে চিরস্থায়ী আযাব ভোগ করতে হবে। আমলে অবহেলা হলে নাজাতের আশা করা যায়। নাজাত হয়ত শুরুতেই লাভ হবে অথবা শাস্তি ভোগ করার পর। (আকায়েদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, পৃ. ২৮-৩০) আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী আকীদার যথার্থ ও বিস্তারিত জ্ঞান লাভ করার তাওফীক দান করুন। ঈমান নবায়নের এমন তাওফীক দান করুন, যার প্রভাব আমাদের কথা ও কাজ, আমাদের চরিত্র ও কর্মকাণ্ডে দৃশ্যমান হয়। আমাদেরকে এ বাস্তবতাও মনে রাখতে হবে, যা হযরত মাওলানা আব্দুল হক খান বশীর লিখেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের স্বীয় যুগের ইমাম হযরত মাওলানা সারফরায খান সফদর রাহমাতুল্লাহি আলাইহি যার পূর্ণ সমর্থন করেছেন এভাবে- ‘উপমহাদেশ পাক-ভারতে গত চার শতাব্দীর মধ্যে অসংখ্য ফেতনার জন্ম হয়েছে। মুসলমানদেরই কিছু মূর্খ ও স্বার্থপর ধর্মীয় নেতৃত্বের কারণে শিরক ও বিদআতের উত্থান হয়। কবর পূজার প্রবণতা সৃষ্টি হয়। অগণিত শরীয়তবিরোধী প্রথার জন্ম হয়। চিন্তাগত কুবিশ্বাস মুসলিম উম্মাহর ঐক্য ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলে। খতমে নবুওত, হাদীসের প্রামাণ্যতা, সুন্নাহর প্রামাণ্যতা, তাকলীদের প্রামাণ্যতা, মুজিযা ও কারামাতের বাস্তবতা, সাহাবা ও আহলে বাইতের মর্যাদা এবং নবীদের নিষ্পাপ হওয়ার মতো শরীয়ত বর্ণিত সর্বসম্মত আকীদা অস্বীকার করে বিভ্রান্তির নতুন পথ খোলা হয়েছে। এ অবস্থায় ইমামে রাব্বানী, মুজাদ্দিদে আলফেসানী হযরত শাইখ আহমদ সারহিন্দী রাহ., হাকীমুল হিন্দ হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহ. এবং সিরাজুল হিন্দ হযরত ইমাম শাহ আব্দুল আযীয দেহলভী রাহ. প্রমুখ বুযুর্গগণ সমস্ত জটিলতা সহ্য করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুতাওয়াতির ও মুতাওয়ারাস আকীদা হেফাজতের দায়িত্ব আঞ্জাম দেন। তাঁদের পর তাদের প্রকৃত জ্ঞানগত আত্মিক উত্তরাধিকারী আকাবিরে দেওবন্দ এ দায়িত্ব যথাযথ সামলান। এদিক থেকে তাঁদের চেষ্টা-মেহনত অন্যান্য দল থেকে স্বতন্ত্র মর্যাদা এনে দিয়েছে। এ কথা বললে অত্যুক্তি হবে না; এ যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুতাওয়াতির ও মুতাওয়ারাস আকীদা ও দৃষ্টিভঙ্গি হেফাজতের ক্ষেত্রে দেওবন্দের বুযুর্গদের উপমা খুঁজে পাওয়া মুশকিল। তাঁরা পরিপূর্ণভাবে তাদের মেধা, চিন্তা, জ্ঞান ও বোধ এ চেষ্টা ও মেহনতে ব্যয় করেন। যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুতাওয়াতির ও মুতাওয়ারাস আকীদা ও চিন্তায় কোনো ধরনের পরিবর্তন ও পরিবর্ধন অনুপ্রবেশ করতে না পারে। এমনকি এ প্রচেষ্টায় নিজের আপনজন বাধা হলেও তাদেরকে নিজেদের থেকে পৃথক করতে দ্বিধাবোধ করতেন না। যার একাধিক উদাহরণ আছে। দেওবন্দের পূর্বসূরিদের এই আন্তরিকতা, দ্বীনদারিতা ও দায়িত্বশীলতা ও পূর্ণ প্রচেষ্টার ফলাফল হয়েছে এই- আজ আমরা পূর্ণ বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে এ দাবি করতে পারি, আলহামদু লিল্লাহ আমাদের কাছে আহলুসসুন্নাহ ওয়াল জামাআতের আকীদা সে অবস্থাতেই আছে এবং সে ব্যাখ্যা ও বিশ্লেষণসহই আছে, যে অবস্থায়, যে ব্যাখ্যা-বিশ্লেষণসহ প্রথম ও দ্বিতীয় শতাব্দীর মুসলমানদের কাছে ছিল। দেওবন্দের পূর্বসূরিদের জ্ঞানগত ও আত্মিক উত্তরাধিকারীরা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা সংরক্ষণের এ দায়িত্ব পালন করে যাবে। (আকায়েদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, পৃ. ৩৫-৩৬) আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদা গ্রহণ করা, তার উপর অবিচল থাকা এবং তার সংরক্ষকদের কৃতজ্ঞতা আদায়ের তাওফীক দান করুন- আমীন। 

Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers