গণমাধ্যম না গোত্রমাধ্যম!

পক্ষপাত সব ক্ষেত্রেই দোষণীয়। ন্যায়ানুগতা কিংবা ভারসাম্যের পথ ছেড়ে দেয়ার মানেই হল জুলুম। অন্যায় ও অবিচারের দুষ্ট পথ উন্মোচন। এ যে কেবল বিচার-আচারের বিষয়েই সীমাবদ্ধ তা ঠিক নয়। বরং বহু ক্ষেত্রেই এটি ঘটতে পারে। আর এ ধরনের অন্যায়ের মারাত্মক একটি জাতীয় বিষয় হচ্ছে গণমাধ্যমে পক্ষপাতিত্ব। পত্র-পত্রিকা, টিভি-চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল কিংবা রেডিও সবকিছুই গণমাধ্যমের আওতাভুক্ত। সরল ভাষায় সাংবাদিকতা বলতে গণমাধ্যমের কাজকর্মকেই বুঝানো হয়ে থাকে।
এই গণমাধ্যম বা মিডিয়াকে বলা হয়ে থাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আইন বিভাগ (সংবিধান-সংসদ), বিচার বিভাগ ও শাসন বা নির্বাহী বিভাগের পরই এর অবস্থান। এজন্য গণমাধ্যমে পক্ষপাত বা অবিচার কোনো অবস্থাতেই লঘু বা হাল্কা কোনো বিষয় হতে পারে না। এর ক্ষতি ও বিপর্যয়কে ছোট করে দেখার সুযোগ নেই। গত দুই যুগের বাংলাদেশে অব্যাহতভাবে চলা সেই অবিচারেরই বিষময় ফল এখন বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান হয়ে ওঠেছে। কেবল দৃশ্যমানই নয়, অনেক ক্ষেত্রে ব্যাপক প্রভাবসৃষ্টিকারী ও নীতিনির্ধারকের অবস্থান গ্রহণ করেছে। একারণেই সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ-বিশ্বাস ও স্বার্থের সঙ্গে গণমাধ্যমের তৈরি করা কুহকের সংঘর্ষ দিন দিন বেড়েই চলেছে। যেটা না হওয়াই উচিত ছিল।
ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের ভেতরের অভিযোগ হচ্ছে, এদেশের সিংহভাগ গণমাধ্যম বিভিন্ন স্পর্শকাতর ইস্যু ও দৃষ্টিভঙ্গিতে তাদের বিপক্ষে ভূমিকা রেখে থাকে। যেমন : ইসলামী শিক্ষা, ইসলামের বিধান (ফতোয়া), ইসলামভিত্তিক রাজনৈতিক প্রয়াস, ইসলামী দাওয়াহ, ইসলামী পোশাক  (বোরকা-হিজাব), ইসলামী আচার-আচরন, ইসলামী উম্মাহর কোনো ঘটনা, ইসলামী দেশ ও জাতির কোনো ইস্যু, ইসলামী সংস্কৃতি ও জীবনধারা, ইসলাম বিরোধীদের তৎপরতা ইত্যাদি। এসব ইস্যু এবং এ-জাতীয় আরো ইস্যুর ক্ষেত্রে একশ্রেণীর প্রভাবশালী গণমাধ্যমের কাজকর্মগুলো প্রায় পুরোপুরিই প্রবাহিত হয় সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের চিন্তা-চেতনার বিরুদ্ধে। কিন্তু এ কথাগুলোর প্রতি ওইসব গণমাধ্যম কর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা পাত্তাই দিতে চান না। কোটি কোটি বিশ্বাসী মানুষের আত্মা ও মগজে বিষ ছড়ানোর দায় এবং তাদের ঠকানো ও বঞ্চিত করার প্রয়াসগুলো যেন তাদের কাছে অতি তুচ্ছ ব্যাপার। এটা যেন নিছক দৃষ্টিভঙ্গির ভিন্নতার বিষয়; আর কিছুই নয়। উল্টো তারা গম্ভীর স্বরে বলে থাকেন কখনো কখনো গণমাধ্যমগুলো তো মিথ্যা কিছুই বলছে না। যা দেখছে, যা শুনছে তা-ই তুলে ধরছে। র্অথাৎ তারা বলতে চাইছেন, ওইসব গণমাধ্যম সত্য তথ্য দিয়েই দায়িত্ব পালন করে থাকে। মিথ্যার কোনো ব্যাপার সেখানে ঘটে না। বাস্তবে তাদের এই অবস্থান কতটা সঠিক? এ যুক্তিতে তারা নিজেদের কতটা অবিচারমুক্ত প্রমাণের অধিকার লাভ করতে পারেন? ক্ষুদ্র পরিসরে তলিয়ে দেখলেও এ দাবির অসারতা স্পষ্ট হয়ে ওঠে।
। দুই।
ব্যাপক অভিযোগ এটাই যে, ধর্মপ্রাণ মানুষের ইস্যুতে তারা যে কোনো পরিবেশনায় ইচ্ছাকৃত ভারসাম্যহীনতা সৃষ্টি করে থাকে। কোনো ঘটনা যদি সত্যিই ঘটে থাকে, তবুও দেখা যায় ঘটনাটি মন্দ হলে আর তার সঙ্গে ধর্মপ্রাণ মুসলিম জনসংখ্যার কোনো সম্পর্ক থাকলে সেটিকে ফলাও প্রচার দেওয়া হয়। বার বার ফলোআপ করা হয়। বিশাল-ব্যাপক ইস্যুতে পরিণত করা হয়। তর্ক-বিষোদ্গার, ঘৃণা এবং নেতিবাচক দাবি-দাওয়া পর্যন্ত গড়িয়ে তবে বিষয়টি সমাপ্ত করা হয়। অপরদিকে ঘটনাটি ভালো ও কল্যাণকর হলে আর সেটি কোনো ধর্মপ্রাণ মুসলমানের কাজ হলে অতি ছোট্ট একটি ‘খবর’ দিয়েই সেরে ফেলা হয় দায়িত্ব। পক্ষান্তরে ঘটনার সঙ্গে ইসলামবিরোধী মহলের সম্পর্ক থাকলে, ভিন্ন ধর্মাবলম্বীদের যোগসূত্র পাওয়া গেলে কিংবা রাজনৈতিক-অরাজনৈতিক পর্যায়ে ইসলামী বিধি-বিধানের উল্টোস্রোতের ব্যক্তিদের সম্বন্ধ থাকলে এরাই খবরের ট্রিটমেন্ট (পরিবেশনার ধরণ) সম্পূর্ণ উল্টে দেয়। বড় করার মতো খবরটিকে ছোট করে ছাড়ে আর ছোট হওয়ার মতো খবরকে পাঁচ-সাত কলামে মাতিয়ে তুলে।
এখানে হয়তো স্পষ্ট ‘সত্য-মিথ্যার’ কোনো ব্যাপার থাকে না। কিন্তু ‘আকাশ-পাতালের’ ব্যাপার থাকে। ‘তিলকে তাল’ বানানো আর ‘তালকে তিল’ করে দেখানোর কসরতটা একদম প্রকাশ্য হয়ে ওঠে। আর এভাবেই ভারসাম্যহীনতার একটি দুধারা চাবুক দিয়ে ধর্মপ্রাণ মুসলিম মানুষ ও মানসের বোধ ও স্বার্থকে পিটিয়ে রক্তাক্ত করা হয়ে থাকে। গত দুই যুগে এই দেশে এ ব্যাপারটিই বিপুলভাবে ঘটেছে। কেবল সত্য কিংবা মিথ্যা নয়, সত্য ও মিথ্যার মিশ্রণেও একটি ‘মিশ্রমত’ গড়ে তোলার কাজটি করেছে প্রবাভশালী গণমাধ্যম। যে কারণে গণমাধ্যমের ন্যায়ানুগ ভারসাম্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যে কারণে গণমাধ্যমের প্রতি অবিচারের অভিযোগ কোটি কোটি হৃদয়ে জেগে ওঠেছে। ইসলামী শিক্ষা, অনুশাসন ও আদর্শ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা প্রশ্ন উঠানো হলেও দেখা যায়, অন্য কোনো কোনো ধর্ম-গোত্র ও মহলের কুসংস্কার ও প্রকাশ্য দুরাচারের প্রতিও সহানুভূতিপ্রবণ হয়ে থাকছে একশ্রেণীর গণমাধ্যম। এ জন্যই অবিচার ও ন্যায়হীনতার অনুযোগ-অভিযোগের দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে চারদিকে।
খবর ছোট-বড় করা ছাড়া গণমাধ্যমের অবিচারের আরেকটি বড় বিষয় হচ্ছে পরবর্তী দিনগুলোতে খবরটির ফলোআপ (আরো জের) প্রকাশ বা সম্প্রচার করা বা না-করা। এক্ষেত্রেও ‘তিলকে তাল’ বা ‘তালকে তিল’ বানানোর ঘটনা ঘটানো হয়ে থাকে। এটিও দায়িত্বের দিক থেকে কোনো গণমাধ্যমের জন্য একটি বড় জুলুম। এর বাইরে আরেকটি বিষয় যেটি ঘটে, সেটি হচ্ছে সম্পাদকীয় মতামতের ক্ষেত্রে, কলামধর্মী লেখায় এবং বিভিন্ন ফিচার ও অনুষ্ঠানে ওই বিষয়টিকেই টেনে নিয়ে আসা বা না-আসার একটি ‘গেম’ তৈরি করা। একটি ছোট্ট বিতর্কমূলক ঘটনা (ধর্মপ্রাণ মুসলিমদের মাঝের) যেটি একদিনই ঘটেছে, সেটির প্রচার-বিশ্লেষণে মাসখানেক বরাদ্দ করা এবং পরিবেশ বিষিয়ে তোলা। গণমাধ্যমের এরকম আচরণের নজির বহু। ‘তেতুলের তুলনা’ বিষয়ক বক্তব্য নিয়ে তাদের মাতামাতি দেখলেই ব্যাপারটি পরিষ্কার হয়ে যেতে পারে। অপরদিকে আপনি ‘কালোবিড়াল’ খ্যাত একজন সংখ্যালঘু রাজনীতিকের ঘন ঘন চরম সাম্প্রদায়িক উস্কানিমূলক ও বালখিল্যতাপূর্ণ বক্তব্যের কথা ধরুন। হাবভাব দেখলে মনে হতে পারে গণমাধ্যম যেন তাকে ‘পূজাই’ করছে। সে হিসেবে শুধু খবর (নিউজ) মাত্র নয়, প্রভাবশালী গণমাধ্যম তার মতামতধর্মী আয়োজনেও এক ধরনের অবিচারমূলক ‘স্বেচ্ছাচারিতা’ চালিয়ে যাচ্ছে। এ যেন ‘মুসলিম-বৈরি’ গণমাধ্যম-চর্চার এক উন্মাদ মহড়া। এবং সেটি ঘটছে এ-দেশেই। নিজ দেশের বিনিয়োগ। নিজ দেশের সংবাদকর্মী। কিন্তু সুর উল্টোজনের। কথা ও ভাষা, দাবি ও শ্লোগান বিদেশী গোয়েন্দা সংস্থার। সচেতন কিংবা অবচেতনভাবে। মুসলিম ধর্মাচার, পার্বত্য চট্টগ্রাম, গ্যাস-বিদ্যুৎ, বন্দর এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের আরাধনা-উৎসবে এদের ভ‚মিকা দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ বিষয়গুলো এখন অনেকটাই ওপেনসিক্রেট। জানে এবং বুঝে সবাই। বলতে চায় না। গণমাধ্যমের সংঘবদ্ধ কোরাসের ভয় সবার মধ্যেই কাজ করে।
আরেকটি ব্যাপার হচ্ছে, কৌশলী মিথ্যাচার। এটাও যে একদম ঘটে না এমন নয়। শব্দের প্রয়োগে, তথ্যের মিশেলে এই অসত্যাচার প্রায়ই তৈরি করা হয়। খবরের সঙ্গে মতামত মিশিয়ে নির্দোষ বিষয়কেও জটিল অপরাধ কিংবা গ্লানি হিসেবে উপস্থিত করা হয়। আরেকটি বিষয় হচ্ছে, ঢালাওকরন করা। যে কোনো নেতিবাচক বিষয় নিয়েই ইসলামপ্রিয় সব মানুষকে ঢালাওভাবে অভিযুক্ত ও অপরাধী সাব্যস্ত করার মহড়া শুরু করে দেওয়া হয়। এটিও মারাত্মক অন্যায়। এসব বিষয়ের ভেতর-বাইর প্রায় সময়ই দেশের সচেতন মানুষ পুরোটা অনুভব করেন। এবং বেদনাও বোধ করেন। কিন্তু কলম ও ক্ষেত্র হাতে না থাকায় কিছু করে দেখাতে পারেন না।
। তিন।
কেউ কেউ বলেন, মুসলিম বিরোধী আন্তর্জাতিক স্বার্থ-সংশ্লিষ্ট প্রচার ও গণমাধ্যমের ভাষা এক সময় এরকম  বৈপরিত্বপূর্ণ ছিল। এখন সেটিরই দেশীয়করণ করা হয়েছে। এ অর্থে মন-মগজ ও স্বার্থে পশ্চিমানুরক্ততা তৈরি হওয়ায় এদেশের গণমাধ্যমে স্বজাতি ও স্বধর্ম-বিরোধিতার এক স্বনিয়োজিত অধ্যায় চলছে বলা যায়। এতে নাকি এদেশের সংবাদকর্মীদের একটি ‘অবসরপ্রাপ্ত’ কম্যুনিস্ট ও সেক্যুলারিস্ট অংশের মন ও পেশার মান রক্ষা হচ্ছে। কেউ কেউ বলেন, পাশের দেশের সাংস্কৃতিক চেতনা ও গোয়েন্দাস্বার্থও এজাতীয় প্রবণতাকে উস্কে দিচ্ছে। প্রবল সাম্প্রদায়িক ও খুনে একটি শক্তির হাতে পাশের বড় ‘ধর্মনিরপেক্ষ’ দেশের রাজত্ব। সে ‘রাজত্ব’ নিয়ে কোনো মোসাহেবী ‘নিন্দা’ করার সাহসও করে না এদেশের গণমাধ্যম। কিন্তু তারাই আবার এদেশের নিরীহ ধর্মপ্রাণ মুসলিমের বোধ-জীবনাচার ও শিক্ষা নিয়ে বিষোদ্গারের বন্যা ছুটিয়ে দেয়। আর এটাই হচ্ছে এদের বড় অবিচার। ন্যায়-বিরুদ্ধতা ও ভারসাম্যহীনতা। এরা একই ইস্যুতে মুসলিমদের গালি দেন। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের পিঠে হাত রেখে পিঠচাপড়ানি দেন। এরা সাম্প্রদায়িকতার কথা কাদের বিরুদ্ধে বলেন? যারা উপমহাদেশজুড়ে অপর ধর্মীয়দের সাম্প্রদায়িক আক্রমনে প্রায়ই ‘নিহত’ হচ্ছেন। এরা ‘কুসংস্কার’ নিয়ে মুসলিম জীবনাচারের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেন। কিন্তু ভিন্ন ধর্মীয় অমানবিক কুসংস্কারকেও মানবিক ও সাংস্কৃতিক একটি আবহ দিয়ে প্রচার করেন। এটি গণমাধ্যমের ক্ষেত্রে কোনো সুবিচার হতে পারে না। এবং এই অবিচার এখন আর উপেক্ষাযোগ্যও নয়। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে কথা! ব্যাপক প্রভাবক এই রাষ্ট্রীয় স্তম্ভের অবিচার ও ন্যায়-বিরুদ্ধতা এখন এদেশের সভ্যতা ও ইতিহাসকেই যেন ঘুরিয়ে দিতে শুরু করেছে। সুতরাং গণ্যমাধ্যম ও সাংবাদিকতার সঙ্গে জড়িত প্রতিটি মানুষের মন ও বিবেকের কাছে আমরা আহŸান রাখব, গণমাধ্যমের কোনো ব্যক্তিই যেন সভ্যতাধ্বংসী, বিশ্বাসবিরোধী ও জাতিবিনাশী খুনীর হাতের দীর্ঘ মেয়াদী ‘চাপাতি’ হিসেবে ব্যবহৃত না হই। এটা উচিত নয়। কারণ, এর নানামাত্রিক বিষফল গোটা সমাজকেই ধসিয়ে দিতে পারে।
একজন ইসলামী প্রাজ্ঞজন বলেছিলেন, ‘সাংবাদিকতা হচ্ছে কোনো জাতির নির্মাণ কিংবা ধ্বংসের গদ্য।’ সুতরাং গণমাধ্যমের চরিত্র বিশ্লেষণ করে আবারো এর নির্মাণক্ষমতা সজীব করে তোলা দরকার। বন্ধ করা দরকার এর ধ্বংসাত্মক উপাদান ও উপলক্ষ। গণমাধ্যম তো সব মানুষের কথা বলবে, এজন্যই তো সেটি গণমাধ্যম। কিন্তু মতাদর্শিক অতীত অথবা পশ্চিমা প্রভাব কিংবা প্রতিবেশী দেশ ও ধর্মের খুদকুড়ার ঋণ যেন গণমাধ্যমকে গোত্রমাধ্যমে পরিণত না করে সে দিকে দৃষ্টি আকর্ষণ করছি সবার। রাষ্ট্রের প্রভাবশালী এই স্তম্ভটির পাহারাদারিও তো দরকার। মানুষ, দেশ ও সভ্যতার প্রয়োজনেই দরকার। এমন তো নয় যে সেখানে যারা আছেন সবাই ফেরেশতা। তাদের নৈতিকতার কোনো ক্ষয়-লয় নেই। খেদ-ক্ষোভ কিংবা আনুগত্য-দাসত্বের ব্যাপার নেই। আইন-বিচার ও শাসন বিভাগের সামনে যদি জবাবদিহিতার কাঠগড়া থাকতে পারে তবে গণমাধ্যমের ‘পথচ্যুতি’ কিংবা ‘এজেন্ডাবাজি’ নিয়েও তো শৃঙ্খলার ‘শেকল’ থাকা উচিত বলাই যেতে পারে।
। চার।
পথচ্যুত গণমাধ্যমের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কী কী করা যায়? প্রথম পথ তো হচ্ছে, গণমাধ্যম-সংশ্লিষ্ট সৎ ও সম্ভাবনাময় ব্যক্তিদের কাছে সত্য ও বাস্তবতাটি বারবার তুলে ধরা। গণমাধ্যমের তীব্র ও প্রকাশ্য অসঙ্গতিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করা। দ্বিতীয়ত, বিভিন্ন পরিসরে দেশের মানুষকে, গণমাধ্যমের পাঠক-দর্শককে বাস্তবতার বিষয়গুলো তুলনা দিয়ে ব্যাখ্যা করে বুঝানোর উপায় চালু করা। এতে অনেক সুফল আসতে পারে। কারণ একশ্রেণীর গণমাধ্যমের পক্ষপাতমূলক ভ‚মিকা বা অবিচার নিয়ে জনসাধারণের মাঝে এমনিতেই যথেষ্ট ক্ষোভ ও সচেতনতা সক্রিয় আছে। তৃতীয়ত যেটা করা যায় সেটি হল, বিকল্প গণমাধ্যম-কর্মী তৈরি এবং ইতিবাচক গণমাধ্যম নির্মাণের পথে যাওয়া। এটিই স্থায়ী ও প্রভাবক পদ্ধতি। অবশ্য অবিচারের শিকার হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে আইনী পদক্ষেপও নেয়া যেতে পারে। এই অবকাশও স্বীকৃত ও চর্চিত। বরং কোনো কোনো ক্ষেত্রে ক্ষমতা ও শক্তির কারণে বর্তমানে এর অন্যায়চর্চাও হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

ব্যাপার যা-ই হোক, একথা সত্য যে মানুষ, মানবতা, বিশ্বাস ও নৈতিকতার সুস্থতার প্রয়োজনেই প্রয়োজন পক্ষপাতমুক্ত, ইতিবাচক গণমাধ্যম। ঐতিহ্যবাদী, শ্রদ্ধাপ্রবণ, শালীনতাসন্ধানী ও স্বাধীনতা রক্ষাকারী গণমাধ্যমের সাহায্যেই আমাদের দেশ সুস্থতার সঙ্গে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। অন্য কোনোভাবে নয়। সবার লক্ষ রাখতে হবে গণমাধ্যম যেন  মাত্র একভাগ মানুষের উদ্ভট পক্ষপাত ও বিভাজন-বেয়াদবির বাহন না হয়ে উঠতে পারে। 

কয়েকটি বর্জনীয় দৃশ্য,

কিছু বিষয় আছে, যা নিজেরটা নিজে দেখা যায় না বা অনুভব করা যায় না। আবার কিছু বিষয় আছে, যা নিজে একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারি, কিন্তু অনেক সময় ওদিকে নযর যায় না। এমনই কয়েকটি বিষয় নিয়ে মুযাকারা করাই আজকের লেখার উদ্দেশ্য।
এক. আমি কারো সাথে সামনা-সামনি কথা বলছি তার অর্থ হল, সে আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় যদি হাই ওঠে আর আমি তা প্রতিহত না করি বা মুখে হাত না দিই তাহলে কেমন দৃশ্য হয়? সেটা বোঝার জন্য হাই ওঠা অবস্থায় মুখে হাত না দিয়ে একবার আয়নার সামনে দাঁড়ালেই বোঝা যাবে। আমার নিজের এ দৃশ্য যদি আমার নিজের কাছেই খারাপ লাগে তাহলে অন্যের কাছে দৃশ্যটি কেমন লাগে একটু ভেবে দেখি।
ইসলাম আমাদেরকে এধরনের ছোট ছোট বিষয়ের আদবও শিক্ষা দেয়; নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো হায় আসে সে যেন তা যথাসাধ্য প্রতিহত করার চেষ্টা করে। (সহীহ বুখারী, হাদীস ৬২২৬) আরেক বর্ণনায় আছে, “...সে যেন তা আড়াল করে।” (শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস ৮৮৭৯) আরেক বর্ণনায় আছে, “... সে যেন তার মুখের উপর হাত রাখে।” (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ৩৩২৩)
দুই. তেমনি আরেকটি অপছন্দনীয় দৃশ্য হল, মজলিশে বা কারো সামনে থাকা অবস্থায়, কিংবা রাস্তায় চলতে চলতে নাকে আঙ্গুল দেয়া। দৃশ্যটি কেমন লাগে অন্যকে দেখেই আমরা বুঝতে পারি। অন্যকে দেখতে যেমন বাজে লাগে, তার দিকে তাকিয়ে থাকতে আমার অস্বস্তি লাগে, তেমনি আমাকে দেখতেও বাজে লাগে এবং অন্য মানুষ আমার দিকে তাকিয়ে অস্বস্তি বোধ করে।
অনেক সময় এটা মুদ্রাদোষ, অনেক সময় প্রয়োজন। যদি মুদ্রাদোষ হয় তাহলে একটু আয়নার সামনে দাঁড়াই বা বারবার অন্যের দৃশ্যটা স্মরণ করি।
আর যদি মানুষের সামনে থাকাবস্থায় বাস্তবেই এর প্রয়োজন হয় তাহলে কোনোভাবে নিজেকে একটু আড়াল করে নিই, যাতে আমার প্রয়োজনও পুরা হয় এবং অপসন্দনীয় দৃশ্যের অবতারণাও না হয়। তিন.  আরেকটি বিষয় যা বলতেও দ্বিধা হয়। একেবারে সাধারণ রুচি-বোধ যার আছে তার দ্বারা এমন কাজ হতে পারে না। যে বিষয়টি বলতে চাচ্ছি তাতে অপসন্দনীয় দৃশ্য ও ‘অন্যকে কষ্ট দেওয়া’ উভয়টিই রয়েছে। হাম্মামে (টয়লেটে) মানুষ প্রয়োজনেই প্রবেশ করে এবং চেষ্টা করে, কত অল্প সময়ে প্রয়োজন সেরে সেখান থেকে বের হওয়া যায়। কিন্তু আমাদের অবহেলার কারণে কখনো এমন হয় যে, কোনো ভাই হাম্মামে প্রবেশ করে প্রয়োজন পুরা করা ছাড়াই বের হয়ে যান। দুর্গন্ধ বা  কোনো দৃশ্যের কারণে তিনি এমন কষ্ট পান যে নিজের প্রয়োজন পুরা করার কথাও ভুলে যান। আমার  অসতর্কতার কারণে আরেক ভাই কষ্ট পাবেন তা হতে পারে না। দুর্গন্ধ রয়ে গেলে যেমন মানুষ কষ্ট পায়, তেমনি অপসন্দনীয় দৃশ্যের মুখোমুখি হলেও কষ্ট পায়। সুতরাং হাম্মাম থেকে বের হওয়ার সময় এ পরিমাণ পানি ঢালার চেষ্টা করব যে, অন্য ভাইকে না দুর্গন্ধের কারণে কষ্ট পেতে হয়, না অপসন্দনীয় দৃশ্যের কারণে।
আল্লাহ তাআলা আমাদের আমলের তাওফিক দান করুন।

সচেতনতা ইসলামের অন্যতম সৌন্দর্য,

 আরবের জনমানবহীন ফলফসলহীন এক অনাবাদ অঞ্চলে স্বীয় স্ত্রী হাজেরা আর শিশুপুত্র ইসমাঈলকে মহান আল্লাহর নির্দেশে রেখে গিয়েছিলেন নবী হযরত ইবরাহীম আলাইহিস সালাম। পরবর্তীতে পুত্র ইসমাঈলও নবুওতপ্রাপ্ত হন। পিতা-পুত্র দুজনে মিলেনির্মাণ করেন মহান প্রভুর ঘর―পবিত্র কাবা শরীফ। শুরু হয় হজ্বের ধারা। পবিত্র কুরআনের কত সুন্দর বর্ণনা―(হযরত ইবরাহীম আ.-কে মহান আল্লাহর নির্দেশ) (তরজমা) তুমি মানুষের মাঝে হজ্বের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট চলে আসবে হেঁটে হেঁটে, দূর-দূরান্ত থেকে গভীর পথ মাড়িয়ে আগত শীর্ণকায় উটের পিঠে চড়ে। -সূরা হজ্ব (২২) : ২৭
নবী ইবরাহীম আ.-এর ছেলেবেলায় স্বগোত্রের সঙ্গে বিতর্ক হয়েছিল মূর্তির উপাসনা নিয়ে। তাদের অবর্তমানে মূর্তিশালায় ঢুকে মূর্তি গুড়িয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে কথায় কুলাতে না পেরে তারা সোজা তাঁকে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। আল্লাহর কুদরতে তিনি সেদিন জ্বলন্ত অগ্নিকু- থেকেও নিরাপদে বেরিয়ে আসেন। পবিত্র কুরআনে এ ঘটনাও বিস্তারিত বর্ণিত হয়েছে। এই নবীর হাতেই নির্মিত পবিত্র কাবাঘর। সেই কাবাঘরে মানুষ হজ্ব করতে আসে। পবিত্র এই ঘর তওয়াফ করে। কিন্তু কালের আবর্তনে এই কাবাঘরের ভেতরেই স্থান করে নেয় তিনশ ষাটটি মূর্তি। যে মূর্তির উপাসনা নিয়ে তিনি সংগ্রাম করেছেন স্বজাতির সঙ্গে, তাঁরই হাতে নির্মিত পবিত্র ঘরটিতেও একটা সময় স্থান করে নিল এই মূর্তির দল। পৃথিবী জুড়ে ‘আল্লাহর ঘর’ বলে পরিচিত এই ঘরখানি। অথচ এই ঘরের পড়শিরাই আল্লাহর দ্বীন ছেড়ে মূর্তিপূজায় আকণ্ঠ নিমজ্জিত! প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ পৃথিবীতে আগমনকালে আরবসমাজ এ মূর্তিপূজার কৃষ্ণ আবরণে এভাবেই আচ্ছাদিত ছিল।
জানা কথা, ইসলাম প্রথমেই মানুষকে আহ্বান জানায় সৃষ্টির উপাসনা ছেড়ে একমাত্র স্রষ্টা মহান আল্লাহর বন্দেগি ও দাসত্ব গ্রহণ করতে। তাই মরু আরবে ইসলামের ঘোষণাই ছিল মূর্তিপূজার মূলে কুঠারাঘাত। অথচ প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে যারা মূর্তিপূজার অন্ধকার গলি থেকে উঠে আসছিলেন তাওহীদের আলোকিত রাজপথে, তাদেরকেই পবিত্র কুরআনে এ বলে সতর্ক করে দেয়া হল― (তরজমা)‘আল্লাহকে ছাড়া যাদের তারা ডাকে, তোমরা তাদেরকে গালি দিয়ো না!’ [সূরা আনআম (৬) : ১০৮] সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দেয়া হয়েছে এর রহস্য―‘এমন করলে তারাও যে শত্রুতাবশত আল্লাহকে গালি দেবে!’ (প্রাগুক্ত) কোনো জটিল সমীকরণ নয়। যিনি আল্লাহবিশ্বাসী মুমিন, তার কোনো কর্মের প্রতিক্রিয়াস্বরূপ যদি কেউ আল্লাহকে গালি দিয়ে বসে, তাহলে এর দায় তো স্বাভাবিকভাবেই সে মুমিনের ওপরও বর্তায়। দুর্ভাগ্যবশত যদি কেউ আল্লাহকে গালি দেয় তাহলে সে যেমন অপরাধী, কারও কথা বা কাজের প্রতিক্রিয়াস্বরূপ যদি এমনটি ঘটে তাহলে সেও এর দায় এড়াতে পারে না। ইসলাম তার অনুসারীদের এভাবেই সচেতনতা শিক্ষা দেয়।
সচেতনতার আরেকটি রূপও এখানে লক্ষণীয়। স্বভাবধর্ম ইসলামে সবকিছুতেই মধ্যপন্থাকে গুরুত্ব দেয়া হয়েছে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য দেখুন―মধ্যপন্থা মেনে যে কর্ম করা হয় সেটাই শ্রেষ্ঠ। -বায়হাকী, শুআবুল ঈমান, হাদীস : ৩৬০৪
উপরোক্ত বিষয়েও সযত্নে রক্ষিত হয়েছে এ মধ্যপন্থার শিক্ষা। মূর্তিপূজা আর ইসলাম সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বিষয়। এ দুয়ের মাঝে কোনোরকম সমন্বয় কিংবা মূর্তিপূজাকে ছাড় দেয়ার অবকাশ ইসলামে নেই। ইসলামের মৌলিক যে দাওয়াত―এক আল্লাহকে মাবুদ ও উপাস্য হিসেবে মেনে নেয়ার আহ্বান, এটিই তো শিরিক ও মূর্তিপূজাকে গুড়িয়ে দেয়। এ থেকে কেউ যেন আবার কাফেরদের দেবতা বা মূর্তিগুলোকে গালমন্দ করাকে ‘ভালো কাজ’ না বানিয়ে ফেলে, সেজন্যে সতর্ক করা হয়েছে। একদিকে মূর্তিপূজার বিপরীতে ইসলামের শাশ্বত বাণীর প্রচার এবং সৃষ্টির উপাসনা ছেড়ে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বানের আদেশ, সঙ্গে সঙ্গে পরিণতিতে ইসলাম আক্রান্ত হতে পারে এমন সব কাজে নিষেধাজ্ঞা―এ সচেতনতাই ইসলামের সৌন্দর্য।
শুধু এই একটি ক্ষেত্রই নয়, ইসলামের সর্বত্রই ছড়িয়ে রয়েছে এই সচেতনতার শিক্ষা। দ্বীনী ও পরকালীন বিষয়ে তো বটেই, নিরেট পার্থিব বিষয়েও ইসলাম আমাদের শিক্ষা দেয় এই সচেতনতার। সচেতনতার শিক্ষা পাওয়া যায় এমন কয়েকটি দৃষ্টান্ত আমরা এখানে উল্লেখ করছি :
প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম হযরত আনাস ইবনে মালিক রা. বর্ণনা করেছেন, এক ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ‘ইয়া রাসূলাল্লাহ! আমি কীভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করব? আমার উটনীটি ছেড়ে দিয়ে, না বেঁধে রেখে?’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে তোমার উটনীটি বাঁধ, এরপর আল্লাহর ওপর তাওয়াক্কুল কর। -জামে তিরমিযী, হাদীস ২৫১৭
আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ভরসা একজন মুমিনের ঈমানের অপরিহার্য অংশ। তাই বলে স্বেচ্ছায় ‘আল্লাহ ভরসা’ বলে আগুনে ঝাঁপিয়ে পড়া তো আর ইসলামের শিক্ষা হতে পারে না। আমাদের স্থির বিশ্বাস, আল্লাহর হুকুমেই আগুন পোড়ায়, আগুনের নিজস্ব কোনো শক্তি নেই। তবে সঙ্গে এও বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাই আগুনকে পোড়ানোর শক্তি দিয়েছেন। সেই শক্তি দিয়েই আগুন পুড়িয়ে ছাই করে দেয় সবকিছু। এটি আগুনের শক্তি নয়, আল্লাহর দেয়া শক্তি। মহান আল্লাহ কখনো সেই শক্তি হরণ করে কুদরতের কারিশমা দেখান। মানুষ অবাক হয়ে দেখে―নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েও ইবরাহীম আলাইহিস সালাম নিরাপদ।
তবে এটা তাঁর সাধারণ ধারা নয়। স্বাভাবিকতা এটিই―আল্লাহ আগুনকে পোড়ানোর ক্ষমতা দিয়েছেন আর আগুন সেই ক্ষমতাবলে পোড়ায়। উপরোক্ত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন, উটনী ছেড়ে দিলে তা চলে যাবে কোথাও, হারিয়ে যাবে, তখন তুমি অর্থহীন পেরেশানিতে আক্রান্ত হবে―এটাই স্বাভাবিক। তাই উটনীটি ছেড়ে না দিয়ে বেঁধে রাখ, এরপর আল্লাহর ওপর তাওয়াক্কুল কর এভাবে―একমাত্র আল্লাহই পারেন উটনীটি রক্ষা করতে। বাঁধার পরও তো উটনীটি আক্রান্ত হতে পারে কোনো বিপদে। তাই তোমার সাধ্যের সচেতনতাটুকু অবলম্বনের পর তুমি আল্লাহর ওপর ভরসা কর, যেন তিনি তোমার সাধ্যের বাইরের অনাকাক্সিক্ষত বিষয়াদি থেকে তোমাকে ও তাকে নিরাপদ রাখেন।
ছোঁয়াচে রোগ বলে কিছু রোগ আছে। এক রোগীর ছোঁয়ায় আরেকজনের দেহে সংক্রমিত হয় এ রোগ। কিন্তু এ ধারণা যেন মূল বিষয়টি ভুলিয়ে না দেয়; তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোঁয়াচে কোনো রোগ নেই। তখন এক গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা তো দেখি, একটা পাঁচড়াযুক্ত উট যখন কোনো পালে থাকে, তখন পুরো উটের পালকেই পাঁচড়ায় আক্রান্ত করে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হলো ভাগ্য, বলো দেখি, প্রথমটির পাঁচড়া হলো কীভাবে? -সুনানে ইবনে মাজাহ, হাদীস  ৮৬
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, প্রথম উটটিকে যিনি পাঁচড়ায় আক্রান্ত করেছেন, তিনিই অন্যগুলোকেও এ রোগ দিয়েছেন। যে কোনো প্রকার রোগই হোক, তা কেবল আল্লাহর হুকুমেই কাউকে আক্রান্ত করতে পারে কিন্তু এখানেও একই কথা, আল্লাহ তাআলাই কিছু কিছু রোগকে সংক্রামক করে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত এই সংক্রমণ শক্তির কারণেই এক রোগী থেকে আরেক রোগীতে তা সংক্রমিত হয়। আরেকটি হাদীসে এই বাস্তবতাটিকেই তিনি স্পষ্ট করেছেন এভাবে―কুষ্ঠ রোগী থেকে দূরে থাক, যেভাবে তুমি সিংহ থেকে দূরে থাক। -সহীহ বুখারী, হাদীস ৫৭০৭ প্রথমোক্ত হাদীসটি যেমন আমাদের ঈমানী ভিত মজবুত করে, দ্বিতীয় হাদীসটি আমাদেরকে সচেতনতার শিক্ষা দেয় এবং ঈমান-আকীদা ক্ষতিগ্রস্ত করতে পারে বা অলীক সন্দেহে আক্রান্ত করতে পারে এমন ক্ষেত্র থেকেও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা শেখায়।
দান-সদকা তথা দুঃস্থ-অভাবীদের অভাব মোচনে এগিয়ে আসা একটি নৈতিক গুণ। শুধু মানুষই নয়, স্বজাতির বিপদে এগিয়ে আসে বনের হিংস্র পশুও। তাই মানুষ হয়েও যে মানুষের কষ্ট বোঝে না, সে বাস্তবিকই পশুর চেয়েও নিকৃষ্ট। দান-সদকার প্রতি ইসলাম আমাদের যথেষ্ট উৎসাহিত করেছে। যেমন দেখুন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পেটভরে আহার করে আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে তো মুমিনই নয়। -আলআদাবুল মুফরাদ, হাদীস ১১২
পবিত্র কুরআন ও হাদীসে দান-সদকার ফযীলতও বর্ণিত হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভঙ্গিতে। এতে উৎসাহিত হয়ে কেউ তার সর্বস্ব বিলিয়ে দিতে পারে এবং আক্রান্ত হতে পারে অভাবে―এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু একজন অভাবীর অভাব মোচন করতে গিয়ে নিজেও অভাবের শিকারে পরিণত হওয়া―ইসলাম আমাদেরকে এ থেকে সতর্ক করে দিয়েছে। পবিত্র কুরআনের ভাষ্য দেখুন―(তরজমা)‘তুমি (দান-সদকা করার ভয়ে) তোমার দুই হাত তোমার কাঁধে আটকে রেখো না, আবার তা পুরোপুরি বিছিয়েও দিয়ো না, (অর্থাৎ সবকিছু দান করে দিও না, বরং কিছু নিজের প্রয়োজনে রেখে দাও,) অন্যথায় তো নিন্দিত নিঃস্ব হয়ে পড়বে।’ -সূরা বনী ইসরাঈল  (১৭) : ২৯
আল্লাহকে গালি দেয়ার মতোই আরেকটি বিষয় লক্ষ করুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কবিরা গোনাহ―কোনো ব্যক্তি তার বাবা-মাকে গালি দেবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ! কেউ কি তার বাবা-মাকে গালি দেয়? তিনি উত্তর দিলেন, হাঁ, সে আরেকজনের বাবাকে গালি দেবে। তখন দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির বাবাকে গালি দেবে। সে কারও মাকে গালি দেবে। তখন দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির মাকে গালি দেবে। -সহীহ মুসলিম, হাদীস ৯০
বাবা-মাকে যদি কোনো কুসন্তান গালি দেয় তাহলে তা অতি জঘন্য―এ কথা সহজেই বোঝা যায়। কিন্তু ইসলামের সচেতনতা দেখুন, অন্যের বাবা-মাকে গালি দেয়ার পরিণামেও যেন নিজের বাবা-মা গালির শিকার না হন- সে বিষয়টি সবিশেষ লক্ষ রাখা হয়েছে। বলা হয়েছে, এভাবেও যদি বাবা-মাকে গালি শুনতে হয় তাহলে তাও সন্তানের জন্যে কবিরা গোনাহ!
বর্তমানের অগ্রসর পৃথিবীতে আর্থিক লেনদেন কিংবা যে কোনো বিষয়ে লিখিত চুক্তির প্রয়োজনীয়তা সর্বজন স্বীকৃত ও বহুল প্রচলিত। কিন্তু আমরা যদি দেড় হাজার বছর আগের পৃথিবীর দিকে ফিরে তাকাই দেখব, তখন চুক্তি কেবল মুখে মুখেই হতো। ইসলামে সচেতনতার শিক্ষা কত ব্যাপক দেখুন, ইসলাম আমাদেরকে সেই প্রাচীন কালেই এ শিক্ষা দিয়েছে যে কোনো মেয়াদি ঋণচুক্তি করলে তা লিখে রেখো। কুরআনের ভাষায়- (তরজমা) ‘হে মুমিনগণ! তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্যে ঋণের কারবার কর, তখন তা  লিখে রেখো।’ -সূরা বাকারা (২) ২৮২
ঋণচুক্তি, বাকিতে ক্রয়-বিক্রয় কিংবা যে কোনো ধরনের আর্থিক চুক্তি যদি লিখে রাখা হয়, তাহলে  পরবর্তী সময়ে অনেক অনাকাক্সিক্ষত জটিলতা এড়ানো সম্ভব হয়। মৌখিক নির্ধারিত শর্ত ও চুক্তি ভুলে যাওয়া বিচিত্র কিছু নয়। যদি চুক্তিটি লিখিত থাকে, তাহলে উভয়পক্ষের জন্যেই তা নিরাপদ থাকে।
সচেতনতাকে যারা তাওয়াক্কুল পরিপন্থী মনে করেন সামনের উদাহরণটি তাদের জন্যে। ইয়েমেনের কিছু লোক হজ্ব করতে আসত খালি হাতে। হাজ্বীগণ আল্লাহর মেহমান―এই ভরসায় তারা কোনো ধরনের খাবার-পানি সঙ্গে না নিয়েই হজ্বে চলে আসত। তারা বলত, আমরা আল্লাহর ওপর ভরসাকারী। পরে তারা অন্যদের বোঝা হয়ে থাকত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তাদের এ থেকে বারণ করেছেন এভাবে- (তরজমা) ‘আর (হজ্বের সফরে) পথ খরচা সাথে নিয়ে নিও...’ -সূরা বাকারা (২) : ১৯৭
সচেতনতার জন্য চাই দ্বীনের সহীহ ইলম ও সহীহ সমঝ। আল্লাহ আমাদের দ্বীনের সহীহ ইলাম সহীহ সমঝ ও সচেতনতা দান করুন।

ইসলামের বিশেষত্ব


উৎসবে-অনুষ্ঠানে নিজে পরিপাটি থাকা, আশপাশ পরিচ্ছন্ন রাখা মানুষের এক সাধারণ স্বভাব। নিজেদের কোনো উৎসবে সাধ্যমতো পরিচ্ছন্নতায় মনোযোগী হয় না—এমন মানুষ বিরল। আর এক্ষেত্রে ইসলামের বিশেষত্ব হলো, পরিচ্ছন্নতাকে ইসলাম শুধু স্বভাবজাত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। বরং ইসলামে পরিচ্ছন্নতা অর্জন করা ইবাদতও। ব্যক্তি-সমাজ-পরিবেশের সর্বত্রই ইসলাম পরিচ্ছন্নতার শিক্ষা দিয়েছে। স্থানভেদে এ শিক্ষা কোথাও কঠোর, কোথাও কিছুটা শিথিল। কিন্তু কোথাও অপরিচ্ছন্নতার কোনো স্থান ইসলামে নেই।
পরিচ্ছন্নতা প্রসঙ্গে প্রথমেই আসে ওযুর কথা। প্রতিটি বালেগ নর-নারীর ওপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায পড়া ফরয। আর নামাযের জন্যে ফরয ওযু। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযের জন্যে ওযু করার যে বিধান ইসলাম দিয়েছে তাতে স্বাভাবিকভাবেই অপরিচ্ছন্নতার দুয়ার বন্ধ হয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠেই মুমিন বান্দা ওযু করে পবিত্রতা হাসিল করে। তার পরিচ্ছন্নতার চর্চা শুরু তখনই। দেহ-মনে যত ক্লান্তিই থাকুক, ভালোভাবে যদি কেউ ওযু করে তাহলে তার মন সতেজতায় ভরে ওঠে। সারাদিনের অবসাদ নিয়ে রাতে যখন সে ঘুমাতে যায় তখনও তাকে উৎসাহিত করা হচ্ছে, যেন সে ওযুর সঙ্গেই ঘুমাতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
مَا مِنْ مُسْلِمٍ يَبِيتُ عَلَى ذِكْرٍ طَاهِرًا فَيَتَعَارُّ مِنَ اللَّيْلِ فَيَسْأَلُ اللَّهَ خَيْرًا مِنَ الدُّنْيَا وَالآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ
যে কোনো মুসলমান যখন পবিত্রতার সঙ্গে আল্লাহর নামে ঘুমায়, এরপর সে রাতে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দুনিয়া-আখেরাতের কোনো কল্যাণ প্রার্থনা করে, আল্লাহ তাকে তা দিয়ে দেন। -সুনানে আবু দাউদ, হাদীস ৫০৪৪
দৈহিক পরিচ্ছন্নতা নিশ্চিত করে এমন কিছু বিষয়কে হাদীসে বলা হয়েছে ফিতরত বা ইসলামের স্বভাবজাত বিষয়। এগুলো নবীগণের সুন্নত। সহীহ মুসলিমের হাদীস :
عَشْرٌ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَاسْتِنْشَاقُ الْمَاءِ وَقَصُّ الأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الإِبْطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ. قَالَ زَكَرِيَّاءُ قَالَ مُصْعَبٌ وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلاَّ أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ.
দশটি বিষয় ফিতরতের অন্তর্ভুক্ত—১. গোঁফ ছোট রাখা ২. দাড়ি ছেড়ে দেয়া ৩. মেসওয়াক করা ৪. নাকে পানি দিয়ে ধোয়া ৫. নখ কাটা ৬. আঙ্গুলের গিটগুলো ধুয়ে রাখা ৭. বগলের লোম পরিষ্কার করা, ৮. নাভির নীচের পশম মু-ানো, ৯. প্রাকৃতিক প্রয়োজন শেষে পানি ব্যবহার করা, ১০. কুলি করা। -সহীহ মুসলিম, হাদীস ২৬১
কোথাও যেতে হলে কিংবা কারও সঙ্গে সাক্ষাৎ করতে হলে মানুষ স্বাভাবিকভাবেই বাহ্যিক পরিপাটির দিকে নজর রাখে। কিন্তু  এ হাদীসে কেবল অন্যের সঙ্গে মেলামেশার সময়ই নয়, একান্ত ব্যক্তিগত জীবনেও যেন পরিচ্ছন্নতা অটুট থাকে সে শিক্ষাও দেয়া হয়েছে। আর অন্য কারও সঙ্গে সাক্ষাতের সময় ইসলামের শিক্ষা হলো, এমন সব আচরণ পরিহার করা যাতে কেউ কষ্ট পেতে পারে। উপরোক্ত হাদীসে মেসওয়াকের বিষয়টি তাই অত্যধিক গুরুত্বপূর্ণ। মেসওয়াকের অনেক ফজিলত রয়েছে। হাদীস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، أَوْ عَلَى النَّاسِ - لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ.
যদি আমি আমার উম্মতের জন্যে কষ্টকর মনে না করতাম, তাহলে তাদেরকে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করতে আদেশ দিতাম। -সহীহ বুখারী, হাদীস : ৮৮৭
আরেকটি হাদীস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ ، مَرْضَاةٌ لِلرَّبِّ.
মেসওয়াক মুখের জন্যে পবিত্রতা আর প্রভুর সন্তুষ্টির মাধ্যম। -সুনানে নাসাঈ, হাদীস ৫
মেসওয়াকের দ্বীনী ও পরকালীন উপকারিতার পাশাপাশি এর তাৎক্ষণিক কল্যাণও প্রশ্নাতীত। কারও মুখে যদি দুর্গন্ধ থাকে, তাহলে তার সঙ্গে কথা বলাটাই কষ্টকর হয়ে পড়ে । অথচ অনেক সময় সে বুঝতেই পারে না—তার মুখ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আর সে দুর্গন্ধে অন্যদের কষ্ট হচ্ছে। নিয়মিত যদি কেউ মেসওয়াক করে তাহলে মুখের দুর্গন্ধ থেকে সে নিজে মুক্তি পাবে আর অন্যরা নিষ্কৃতি পাবে তার মুখের দুর্গন্ধজনিত কষ্ট থেকে।
প্রতিদিন গোসল করা আমাদের দেশের এক স্বাভাবিক রীতি। কিন্তু প্রাচীন আরবের রীতি এমন ছিল না। নিয়মিত গোসল না করলে ঘাম জমে ধীরে ধীরে শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়। এমন অবস্থায় যদি অনেক মানুষ কোথাও একত্রিত হয় তাহলে সেখানে দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয়। এজন্যেই জুমার দিনের গোসলকে হাদীস শরীফে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ
জুমার দিনে গোসল করা প্রতিটি বালেগ পুরুষের জন্যে আবশ্যক। -সহীহ বুখারী, হাদীস  ৮৫৮
ইসলাম যেমন মানুষের রুহের খোরাক জোগায়, তেমনি বাহ্যিক সৌন্দর্য অবলম্বনও এখানে কাক্সিক্ষত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অহংকারের ভয়াবহতা বর্ণনা করছিলেন। সাহাবায়ে কেরামের মনে তখন সংশয়—তাহলে সুন্দর পোশাক সুন্দর জুতাও কি অহংকারের শামিল? তাদের একজন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন—মানুষ তো চায় তার কাপড়-চোপর সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক। (এটাও কি অহংকার?)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ.
নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হলো সত্য অগ্রাহ্য করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। -সহীহ মুসলিম, হাদীস ৯১
সাহাবী মালেক ইবনে নাযলা রা.-এর ঘটনা। তিনি নিজেই বর্ণনা করছেন—একদিন আমি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে ছিলাম। তিনি দেখলেন আমার গায়ে ছেঁড়াফাটা কাপড়। তখন তিনি জানতে চাইলেন : তোমার কি অর্থসম্পদ আছে? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! সব রকম সম্পদই আমার রয়েছে। তিনি বললেন,
فَإِذَا آتَاكَ اللَّهُ مَالاً فَلْيُرَ أَثَرُهُ عَلَيْكَ
আল্লাহ যখন তোমাকে সম্পদ দিয়েছেন তাই এর চিহ্ন যেন তোমার ওপর প্রকাশ পায়। -সুনানে নাসাঈ, হাদীস : ৫২২৩
আরেক বর্ণনায় জাবের রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের বাড়িতে এলেন। এক ব্যক্তির চুল উষ্কখুষ্ক দেখে বললেন, তার কি এমন কিছু নেই যার দ্বারা সে তার চুল আঁচড়িয়ে পরিপাটি রাখতে পারে। আরেক ব্যক্তির কাপড় ময়লা দেখে বললেন, সে কি তার কাপড় পরিষ্কার রাখার মত কিছু পায় না? -সুনানে আবু দাউদ, হাদীস ৪০৬২; মুসনাদে আহমাদ, হাদীস ১৪৮৫০
পরিচ্ছন্নতা ও সৌন্দর্য অবলম্বনে এই হলো ইসলামের শিক্ষা। প্রান্তিকতা ও বাড়াবাড়ি থেকে যারা মুক্ত থাকে, তাদের জন্যে এ বাহ্যিক সৌন্দর্যও ইবাদত ও পুণ্যের মাধ্যম হতে পারে।
পরিচ্ছন্নতা মানুষকে আকর্ষণ করে আর অপরিচ্ছন্নতা কষ্ট দেয়। তখন সে তা থেকে মুক্তি পেতে চায়; নিজে তা থেকে দূরে সরে গিয়ে কিংবা তা দূরে সরিয়ে দিয়ে। চুল-দাড়ি যদি উষ্কখুষ্ক থাকে তাহলে এমনি এক অপ্রীতিকর দৃশ্য সৃষ্টি হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ছিলেন। এমন সময় এক লোক এল। লোকটির চুল ও দাড়ি ছিল এলোমেলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় তাকে বেরিয়ে যেতে বললেন। তিনি যেন এটাই বোঝাতে চাচ্ছিলেন, সে যেন তার মাথার চুল আর দাড়িগুলো ঠিক করে আসে। লোকটি মসজিদ থেকে বেরিয়ে গেল। চুল-দাড়ি ঠিক করে আবার ফিরে এল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
أَلَيْسَ هَذَا خَيْرًا مِنْ أَنْ يَأْتِيَ أَحَدُكُمْ ثَائِرَ الرَّأْسِ كَأَنَّهُ شَيْطَانٌ.
তোমাদের কেউ শয়তানের মতো এলোমেলো চুল নিয়ে উপস্থিত হওয়ার চেয়ে এটি কি ভালো নয়? -মুয়াত্তা মালেক, হাদীস ১৭০২
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চুল পরিপাটি  করে রাখতেন। একবার নবীজীর সাথে কিছু মানুষ দেখা করতে এল। নবীজী তাদের উদ্দেশ্যে বের হওয়ার সময় একটি পানির পাত্রের মধ্যে তাকিয়ে নিজের চুল-দাড়ি পরিপাটি করে নিলেন। ...নবীজী বললেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। যখন কেউ তার ভাইদের সাথে সাক্ষাতে যাই, সে যেন নিজেকে পরিপাটি করে নেয়। -আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ, হাদীস ১৭৩
 এক হাদীসে তিনি এমনও বলেছেন,
مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ
যার চুল আছে সে যেন চুলের যতœ নেয়। -সুনানে আবু দাউদ, হাদীস : ৪১৬৫
অবশ্য অন্য সব বিষয়ের মতো চুলের পেছনেও যেন মাত্রাতিরিক্ত সময় ব্যয় করা না হয় হাদীসে সেদিকেও সতর্ক করা হয়েছে—
نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنِ التَّرَجُّلِ إِلاَّ غِبًّا
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে চুল আঁচড়ানো অনুমোদন করেছেন। -সুনানে আবু দাউদ, হাদীস ৪১৬১
কষ্টদায়ক কোনো বিষয় কোথাও থাকলে, বিশেষ করে তা যদি পথে থাকে, তাহলে তা সরিয়ে ফেলাও ঈমানের দাবি। হযরত আবু হুরায়রা রা. কর্তৃক বর্ণিত একটি হাদীস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ - أَوْ بِضْعٌ وَسِتُّونَ - شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ
ঈমানের সত্তরোর্ধ্ব কিংবা ষাটোর্ধ্ব শাখা রয়েছে। তন্মধ্যে শ্রেষ্ঠতম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্ব নি¤œস্তরের শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। -সহীহ মুসলিম, হাদীস ৩৫
হাদীসে উল্লেখিত কষ্টদায়ক বস্তুর পরিধি অনেক বিস্তৃত। যে কোনো ভাবেই কষ্টদায়ক হোক না কেন, তা সরিয়ে ফেলা উচিত। চলার পথে পড়ে থাকা কোনো কাটা, ভাঙ্গা কাঁচ কারও পায়ে বিঁধে যেতে পারে, ইটের টুকরা বা শক্ত কোনো কিছুতে কেউ হোঁচটও খেতে পারে, পড়ে থাকা কোনো ফলের খোসা কিংবা পলিথিনের প্যাকেটে কারও পা পিছলে যেতে পারে, দুর্গন্ধযুক্ত কোনো কিছু পথিকের কষ্টের কারণ হতে পারে, এমনকি দৃষ্টিকটু কোনো বিষয়ও অন্যদের কষ্ট দেয়। ইসলাম আমাদের যে পরিচ্ছন্নতা শিক্ষা দেয় তা আমলে নিলে সবরকম কষ্টদায়ক বস্তু থেকেই পথঘাট মুক্ত থাকবে।
দুঃখজনক বাস্তবতা হচ্ছে, ইসলামের এই সুন্দর শিক্ষা থেকে আমরা অনেকেই উদাসীন। ইসলামের পরিচ্ছন্নতার শিক্ষাকে জীবনের সর্বক্ষেত্রেই বাস্তবায়িত করতে হবে। ব্যক্তিজীবন থেকে সমাজ পর্যন্ত সর্বত্রই ছড়িয়ে দিতে হবে এ শিক্ষার আলো।

Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers