বিবাহ-বিচ্ছেদ নয়

ইচ্ছা ছিল ব্যাংকিংয়ের একটি বিষয়ের উপর লেখার। কিন্তু হঠাৎ নজরে পড়ল একটি শিরোনাম- ‘তালাকের হিড়িক, ঢাকায় দিনে ৫০-৬০ দম্পতির বিচ্ছেদের আবেদন।’ খুবই উদ্বেগ ও বেদনার বিষয়। শিরোনামটি দেখার পরে মনে হয়েছে, এ বিষয়েই কিছু বলি।
ঐ রিপোর্টে বলা হয়েছে, ‘ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ ও উত্তরের তথ্যানুযায়ী, ২০১০-২০১৬ সাল পর্যন্ত রাজধানীতে তালাকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় বায়ান্ন হাজার। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টির মত বিচ্ছেদের আবেদন জমা হচ্ছে।
কী ভয়াবহ অবস্থা! যদিও সংবাদে যা এসেছে তা দাপ্তরিক হিসাব। বাস্তবে পরিস্থিতি আরো ভয়াবহ। এটা আমরা বলতে পারি ফতোয়া বিভাগের অভিজ্ঞতা থেকে। নানা পরিসংখ্যান বলছে, এই প্রবণতা ক্রমবর্ধমান, যা একটি সমাজের জন্য, বিশেষত মুসলিম সমাজের জন্য খুবই দুঃখজনক ও আশঙ্কাজনক। কারণ, বিবাহ-বিচ্ছেদের কুফল অনেক দূর পর্যন্ত গড়ায়।
এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান সমাজে বিচ্ছেদ প্রবণতার এই ক্রমবর্ধমান বিস্তার কেন। সমাজবিজ্ঞানীরা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে নানা কারণ বর্ণনা করেছেন। তবে যে কথাটি প্রায় সবাই বলছেন তা হচ্ছে ধর্মীয় অনুশাসনের অভাব। বাস্তবেই এটা অনেক বড় কারণ।
ধর্মীয় অনুশাসনের বিষয়টি অনেক বিস্তৃত। বিশ্বাস ও মূল্যবোধ, জীবন-দর্শন ও জীবনধারা, স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, একে অপরের হক সম্পর্কে সচেতনতা, বিনয় ও ছাড়ের মানসিকতা- এই সবই ধর্মীয় অনুশাসনের অন্তর্র্ভুক্ত। এরপর পর্দা-পুশিদা রক্ষা, পরপুরুষ বা পরনারীর সাথে সম্পর্ক ও মেলামেশা থেকে বিরত থাকা ইত্যাদিও বিশেষ ধর্মীয় অনুশাসন, যা পালন না করাও স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি ও বিবাহ বিচ্ছেদের  কারণ। পরিসংখ্যানও বিষয়টিকে সমর্থন করে। ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের গবেষণা-পরিসংখ্যান বলছে, বিচ্ছেদের যেসব আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে তার মধ্যে ৮৭ শতাংশ বিচ্ছেদের ঘটনা ঘটেছে পরকীয়ার জের ধরে। কোনো ক্ষেত্রে স্বামীর পরকীয়া, কোনো ক্ষেত্রে স্ত্রীর।
কাজেই সমাজবিজ্ঞানীদের কর্তব্য, এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা। কেন এই সমাজে পরকীয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রতিকারের উপায় কী- তা নিয়ে নির্মোহ চিন্তা-ভাবনার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন আছে।
পরিসংখ্যানের আরেকটি দিক হচ্ছে, বিবাহ-বিচ্ছেদে পুরুষের চেয়ে নারীরাই এগিয়ে। এক জরিপে দেখা গেছে, ৭০.৮৫ ভাগ তালাক গ্রহণ করছেন নারী আর ২৯.১৫ ভাগ তালাক দিচ্ছেন পুরুষ।
এর কারণ হয়তো অনেক ক্ষেত্রে এই যে, সাধারণত নারীরা নির্যাতিত হওয়ায় তারাই বিচ্ছেদের পদক্ষেপ বেশি নিচ্ছে তবে এর সাথে অনেকেই আরো যা বলছেন তা হচ্ছে-
‘মেয়েরা এখন অনেক অধিকার পেয়েছেন। সামাজিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই বেশি অধিকার পেয়ে স্বামীকে তালাক দিতে আগের চেয়ে বেশি আগ্রহী হচ্ছেন। আগেকার দিনের মায়েরা সংসার ও ছেলেমেয়েদের নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। এখন একক পরিবার হওয়ায় এবং বাইরে চাকরি-বাকরির ও সার্বিক স্বাধীনতার বিস্তার ঘটায় বাইরের মানুষের সাথে তাদের মেলামেশা বেড়েছে এবং স্বামীদের চেয়ে বাইরের বন্ধু-বান্ধবদের দিকে বেশি ঝুকছে। তাই পারিবারিক অবস্থা একটু খারাপ হলেই তালাকের চিন্তা করছে। অনেক ক্ষেত্রে পুরুষরা খুব বেশি অত্যাচারী হয়ে থাকে। এছাড়া তথ্য-প্রযুক্তির প্রভাব, সামাজিক যোগাযোগ-মাধ্যম ও আধুনিক সংস্কৃতির কারণে সংসার ভাঙছে। বর্তমানের মেয়েরা বিদেশী টেলিভিশন, স্টার জলসা, জি-বাংলাসহ বিভিন্ন ধরনের সিরিয়াল দেখে সাংস্কৃতিক দিক থেকে প্রভাবিত হচ্ছে।’
এই কথাগুলো কোনো ধর্মীয় ব্যক্তিত্বের নয়। এদেশের আধুনিক চিন্তাধারার সমাজ-চিন্তকেরাই এই কারণগুলো নির্দেশ করছেন। এখান থেকে বেশ কিছু বিষয় বুঝে আসে।
প্রথমত, ইসলামে যে সুসংহত জীবন-ব্যবস্থা রয়েছে, তার প্রতিটি অংশই অতি প্রয়োজনীয়। যে অংশই বাদ দেয়া হবে তার কুফল ভুগতে হবে। ইসলামে আয়-উপার্জন, জীবনমান ও জীবনধারার ক্ষেত্রে অল্পেতুষ্টির শিক্ষা দেয়া হয়েছে। জীবনের বাস্তব প্রয়োজন আর অবাস্তব প্রয়োজনের মাঝেও রেখা টেনে দেয়া হয়েছে। অল্পেতুষ্টির পরিবর্তে যদি সম্পদ ও প্রাচুর্যের মোহ তৈরি হয়, বাস্তব প্রয়োজন ছাড়াও নানা অবাস্তব প্রয়োজনের ভার কাঁধে তুলে নেওয়া হয় তখন অস্থিরতা সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক। তদ্রূপ ইসলামী শিক্ষায় পারস্পরিক হক রক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একে অপরকে কোনোভাবে-ই কষ্ট না দেওয়া, প্রত্যেকে অন্যের হক রক্ষায় সচেষ্ট থাকা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। ইসলাম শুধু অধিকারের কথা বলে না, কর্তব্যের কথাও বলে। স্বামী ও স্ত্রী প্রত্যেকেরই রয়েছে কর্তব্য এবং অধিকার। নিজের কর্তব্য পালন আর অন্যের অধিকার রক্ষায় সচেষ্ট হলেই সবার শান্তি আসতে পারে।
কুরআন মাজীদে ইরশাদ হয়েছে-
وَ لَهُنَّ مِثْلُ الَّذِیْ عَلَیْهِنَّ بِالْمَعْرُوْف.
আর স্ত্রীদেরও ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, যেমন তাদের প্রতি (স্বামীদের) অধিকার রয়েছে। -সূরা বাকারা (২) : ২২৮
কাজেই দেখা যাচ্ছে, নারীর যেমন কর্তব্য আছে তেমনি অধিকারও আছে। একই কথা পুরুষের ক্ষেত্রেও। তাই পারিবারিক শান্তি-শৃঙ্খলার জন্য স্বামী-স্ত্রী উভয়কে নিজ নিজ কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে এবং একে অপরের হক ও অধিকারের বিষয়ে শ্রদ্ধাশীল হতে হবে।
পারিবারিক শান্তির জন্য শুধু পরিবারকেন্দ্রিক ইসলামী অনুশাসনগুলোই নয়, সাধারণ অনুশাসনগুলো মেনে চলারও গুরুত্ব আছে। যেমন ধরুন, মাদকাসক্তিও অনেক পরিবারের ভাঙ্গনের কারণ। মাদক ইসলামী বিধানে হারাম। এটি দাম্পত্যের সাথে সংশ্লিষ্ট বিষয় নয়, সাধারণ বিষয়। কিন্তু এর প্রভাব পারিবারিক জীবনেও পড়ে এবং প্রকটভাবেই পড়ে।
দ্বিতীয়ত পরিবারের ভরণ-পোষণের সম্পূর্ণ দায়িত্ব পুরুষের। কাজেই পুরুষ বাইরে উপার্জন করবে আর নারী ঘরে সংসার ও সন্তানদের আদব-তরবিয়ত ও প্রাথমিক লেখা পড়ায় সময়  দেবে- মৌলিকভাবে এটাই স্বাভাবিক পদ্ধতি। এর বিপরীতে নারী-স্বাধীনতা বা নারীর স্বাবলম্বিতার নামে নারীকে উপার্জনে বের করার যে সংস্কৃতি এর কুফল ইতোমধ্যে প্রকাশিত হতে শুরু করেছে। খোদ সমাজ-চিন্তকেরাই এখন স্বীকার করছেন যে, বিবাহ-বিচ্ছেদের এক বড় কারণ, নারী বাইরে বের হওয়া এবং পর-পুরুষের সাথে মেলামেশা। অথচ অন্য ক্ষেত্রে নারীর স্বাবলম্বিতার তথা বাইরের জগতে বিচরণের বর্তমান ধারার পক্ষে নারী-নির্যাতনের বিষয়টিকে কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। এখন দেখা যাচ্ছে, এর দ্বারা নারী নির্যাতন তো কমছেই না, বরং বাড়ছে, একইসাথে সংসারও ভাঙছে। কাজেই গোড়া থেকেই সমস্যার সমাধান করতে হবে। একান্ত আর্থিক সমস্যা ছাড়া নারীদেরকে রোজগারের জন্য ঘরের বাইরে বের করবে না, বরং স্বামীরাই স্ত্রী-সন্তানের খরচাদির ব্যবস্থা করবে।
তৃতীয়ত তালাকের অধিকার  পুরুষের হাতে ন্যস্ত করার যথার্থতাও স্পষ্ট হচ্ছে। ইসলামী বিধানে তালাকের অধিকার পুরুষের হাতে ন্যস্ত করার পাশাপাশি পুরুষকে যে সকল গুণের অধিকারী হওয়ার এবং স্ত্রী ও পরিবার পরিচালনায় যে নীতি ও বিধান অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে তা পালনের মাধ্যমে কাক্সিক্ষত সুফল পাওয়া সম্ভব। ইসলাম স্ত্রীদেরকে ‘খোলা‘আ’র অধিকার দিয়েছে এবং স্বামী থেকে পাওয়া অধিকার বলে তালাকেরও ক্ষমতা দিয়েছে, যা আমাদের দেশের কাবিননামার ১৮ নং ধারায় উল্লেখ থাকে। সে ধারার গলদ ব্যবহার করেই নারীগণ পুরুষের চেয়ে ৩ গুণ বেশি তালাকের পথে হাঁটছে। এর থেকেই অনুমান করা যায় যে, যদি তারা সরাসরি তালাকের ক্ষমতা পেত তবে পরিস্থিতি আরো কত ভয়াবহ হত। 
এখানে এ বিষয়টিও পরিষ্কার হওয়া চাই যে, ইসলামী শরীয়তে অতীব প্রয়োজনের ক্ষেত্রে তালাকের অবকাশ রয়েছে, কিন্তু বিষয়টি পছন্দনীয় নয়। সুনানে ইবনে মাজাহ্য় আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী বর্ণিত হয়েছে যে-
أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللّهِ الطّلَاقُ.
আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল হচ্ছে তালাক। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ২০১৮
সুনানে আবু দাউদে মুহারিব ইবনে দিছার রা.-এর সূত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হয়েছে-
مَا أَحَلّ اللّهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطّلَاقِ.
আল্লাহ তাআলা তাঁর কাছে তালাকের চেয়ে অপ্রিয় কোনো কিছু হালাল করেননি। -সুনানে আবু দাউদ, হাদীস ২১৭৭
কাজেই তালাকের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। নারী-পুরুষ উভয়ের কর্তব্য তালাক থেকে দূরে থাকা। তালাক দেয়ার ক্ষমতা যেহেতু পুরুষের তাই পুরুষকে এই ক্ষমতা প্রয়োগের ব্যাপারে খুবই সংযমী হতে হবে। অন্যদিকে নারীর ব্যাপারে হাদীস শরীফে বলা হয়েছে-
أَيّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطّلَاقَ فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنّةِ.
যে নারী তার স্বামীর কাছে বিনাকারণে তালাক প্রার্থনা করে তার জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ২০৫৫
সম্প্রতি পরকীয়ার যে বিস্তার এতে যেমন পুরুষের অপরাধ আছে তেমনি আছে নারীরও। দেখা যাচ্ছে যে, এক নারীর দ্বারাই অন্য নারীর সংসার ভাঙছে। এক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী খুবই প্রাসঙ্গিক। জামে তিরমিযীতে হযরত আবু হুরায়রা রা.-এর সূত্রে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
لاَ تَسْأَلِ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْفِئَ مَا فِي إِنَائِهَا.
কোনো নারী যেন তার বোনের (অপর নারীর) হিস্যা নিজের পাত্রে উপুড় করে নেয়ার জন্য তালাকের ফরমায়েশ না করে। -জামে তিরমিযী, হাদীস ১১৯০
প্রত্যেকের কর্তব্য, নিজের পাতে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। অন্যের পাতে যা আছে তা-ও নিজের পাতে নিয়ে নেওয়ার মতো লোভী মানসিকতা কোনো ভদ্র মানুষের হতে পারে না। উপরন্তু যখন ঐ নারীটিও একজন নারী, একজন মুসলিম, দ্বীনী বোন।
তো এই সকল ঈমানী ও মানবীয় চেতনার বিস্তার এখন খুবই জরুরি। তাহলে অন্যায় অযৌক্তিক কারণে বিবাহ-বিচ্ছেদের হার অনেক হ্রাস পাবে। নারী-পুরুষ উভয়ে যদি পর্দার বিধান মেনে চলে তবে পরকীয়া জাতীয় কিছু ঘটার কোনই আশংকা থাকবে না। যারা শরীয়তের এ গুরুত্বপূর্ণ বিধানটি নিয়ে কটাক্ষ করে অথবা একে জটিল মনে করে তা পালনে বিরত থাকে, তাদের বিষয়টি ভাবা উচিত।
উল্লেখ্য যে, পর্দা বলতে শুধু সামনের মানুষটির সাথেই পর্দা নয়; বরং এ ডিজিটাল যুগে টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদির মাধ্যমেও ব্যাপকভাবে পর্দা লংঘিত হয় এবং তাও এক সময় সংসার ভাঙার কারণ হয়ে থাকে। বিশেষতঃ ফেসবুক ইত্যাদির মত তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে, বিশ্বব্যাপী কত সংসার ভাঙার কারণ ঘটেছে, কত শিশুকে তাদের মা-বাবা থেকে বিচ্ছিন্ন করেছে তার সঠিক হিসাব হয়ত কোনো দিনই প্রকাশিত হবে না। মুসলমানরা এসব বিজাতীয় পথে হেঁটে আর কত নিজেদেরকে ধ্বংস করবে? মনে রাখা দরকার, সমাজের আগে পরিবারের স্থান, তাই তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটিয়ে পারিবারিক বন্ধনকে ঝুঁকিতে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।
শরীয়তের নির্দেশনা হচ্ছে, শেষ পর্যন্ত বৈবাহিক সম্পর্ক রক্ষায় প্রয়াসী হওয়ার। তালাক ও বিবাহ-বিচ্ছেদের পর্যায়টি হচ্ছে সর্বশেষ পর্যায়, যা একান্ত অনিবার্য প্রয়োজনের স্বার্থেই বৈধ করা হয়েছে। স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য হতে পারে, ঝগড়া-বিবাদ হতে পারে, তা নিজেরাই মিটমাট করে নেয়া চাই, যদি তা বড় আকার ধারণ করার আশংঙ্কা হয় তখন দুই পরিবার আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করবে। ইরশাদ হয়েছে-
وَ اِنْ خِفْتُمْ شِقَاقَ بَیْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَ حَكَمًا مِّنْ اَهْلِهَا  اِنْ یُّرِیْدَاۤ اِصْلَاحًا یُّوَفِّقِ اللهُ بَیْنَهُمَا  اِنَّ اللهَ كَانَ عَلِیْمًا خَبِیْرًا.
তাদের উভয়ের মধ্যে বিরোধ আশংকা করলে তার (স্বামীর) পরিবার থেকে একজন ও তার (স্ত্রী)পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ে নিষ্পত্তিচাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংশার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। -সূরা নিসা (৪) : ৩৫

অর্থাৎ স্বামী-স্ত্রীর পারস্পরিক জিদ ও বিদ্বেষের কারণে যখন আশংঙ্কা হয় যে, তারা নিজেরা বিবাদ মিমাংসা করতে পারবে না তখন দুই পক্ষের আত্মীয়দের মধ্য থেকে একজন একজন করে সালিশ নিযুক্ত করে দেওয়া হবে এবং মীমাংসার জন্য তাদেরকে স্বামী-স্ত্রীর কাছে পাঠানো হবে। আত্মীয়রাই তো তাদের অবস্থা ভালো জানবে এবং এদের কল্যাণকামিতার প্রত্যাশাও তাদের কাছে বেশি করা যায়। এই দু’জন গিয়ে খোঁজ খবর নিবে এবং যার যে পরিমাণ অন্যায় সে অনুযায়ী বুঝিয়ে শুনিয়ে তাদেরকে মিলিয়ে দিবে।
আয়াতের শেষাংশে বলা হয়েছে, উভয় সালিশ স্বামী-স্ত্রীর মাঝে মীমাংসা করে দেয়ার সদুদ্দেশ্য রাখলে আল্লাহ তাআলা তাদের নেক নিয়ত ও সঠিক চেষ্টার বদৌলতে বনিবনা করে দিবেন। কাজেই বিবাহ-বিচ্ছেদের আগে এই কুরআনী শিক্ষা অনুসরণ করা কাম্য।
বর্তমানে এই কুরআনী শিক্ষাটি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হয়। দেখা যায় ঝগড়া-বিবাদ বা মনোমালিন্য সৃষ্টি হলেই স্বামী বা স্ত্রী-পক্ষ অথবা উভয় পক্ষের মধ্যে মিথ্যা আত্মমর্যাদাবোধ জাগ্রত হয় এবং কোনো এক পক্ষ তাড়াহুড়া করে তালাকের পদক্ষেপ নিয়ে বসে। এরপর স্থানীয় সরকারের শালিশী কাউন্সিল তাদের মধ্যে মিমাংসা করতে বসে, যা অধিকাংশ ক্ষেত্রেই কোনো কাজে আসে না।
এখানে উল্লেখ্য যে, এই যে শালিশী কাউন্সিল এটি কিন্তু একটি শরীয়ত-বিরোধী আইনের ফসল, যা ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইন নামে প্রসিদ্ধ। স্বাধীনতার ৪ দশক পার হয়ে যাওয়ার পরও পাকিস্তানী সামরিক শাসক আইউব খানের জারী করা কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন আমাদের দেশে এখনো চালু রয়েছে। জানি না ইসলাম-বিরোধী হওয়ার কারণেই কি না? যদিও পাকিস্তানে এটি সংশোধিত হয়ে গেছে কয়েক বছর আগেই। যা হোক, ঐ ১৯৬১ সালের আইনটির বহুবিধ ত্রুটির মধ্যে এটিও একটি যে, এতে তালাকনামা লিখে নোটিশ পাঠাবার পর শালিসের কথা বলা হয়েছে। অথচ শরীয়া অনুযায়ী তালাকনামা লিখে দস্তখত করার পরই তালাক হয়ে যায়। তাহলে আর শালিস কিসের জন্য? আসলে শালিস হওয়া দরকার তালাকের পূর্বেই এবং তা হওয়া দরকার পারিবারিক ও সামাজিকভাবে। আইনের লোকদের দিয়ে নয়। এ সহজ কথাগুলো সংশ্লিষ্ট লোকজন যত তাড়াতাড়ি উপলব্ধি করবেন ততই জাতির মঙ্গল হবে।
আমরা মুসলিম নর-নারীদের অনুরোধ করব, তারা যেন তালাকের আগে অন্ততঃ দশবার ভেবে নেন। শালিশ-সমঝোতাসহ যাবতীয় পূর্ব-পদক্ষেপ বিফল হয়ে গেলে যদি তালাকের পথে যেতেই হয় তবে কোনো নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিয়ে তা করবে এবং কোনোক্রমেই এক তালাকে বায়েনের বেশি দিবে না; যেন পরে সংসার পুনর্বহালের সুযোগ থাকে।
পারিবারিক মর্যাদা, মূল্যবোধ, সন্তানের ভবিষ্যৎ এবং নিজেদের দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য তালাকের বিষয়ে সংযমী হওয়ার কোনো বিকল্প নেই। মসজিদের সম্মানিত খতীবগণ, ওয়ায়েযগণ এবং সমাজের নেতৃস্থানীয় বিজ্ঞ লোকজন গণ-মানুষকে এসব বিষয়ে বোঝাতে এগিয়ে আসলে তা অধিক কার্যকরি হবে বলে আশা করা যায়।

কুরআন তিলাওয়াত ও তারাবীর তিলাওয়াত : আমাদের অসতর্কতা

কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামীনের কালাম। মহান প্রভুর মহান বার্তা। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ
যারা অত্যন্ত পবিত্র তারাই কেবল একে স্পর্শ করে। এটা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। -সূরা ওয়াকেয়া (৫৬) : ৭৯-৮০
আমরা কুরআন তিলাওয়াত করি। তিলাওয়াত কুরআনের বড় একটি হক। আল্লাহ তাআলা আদেশ করেছেন-
اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ
(হে নবী!) ওহীর মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তা তিলাওয়াত কর। -সূরা আনকাবূত (২৯) : ৪৫
তিলাওয়াতের অনেক গুরুত্ব, অনেক ফযীলত। তিলাওয়াতকারীর লাভ ও সওয়াবকে অল্লাহ এমন ব্যবসার সাথে তুলনা করেছেন, যে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হয় না-
إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ  .
যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামায কায়েম করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রাকশ্যে। তারা এমন ব্যবসায়ের আশাবাদী, যাতে কখনও লোকসান হয় না। -সূরা ফাতির (৩৫) : ২৯
মহান আল্লাহ তাআলার কালাম তিলাওয়াতের বিশেষ নিয়ম ও আদব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪
হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
زينوا القرآن بأصواتكم
সুন্দর সূরের মাধ্যমে কুরআনকে  (এর তিলাওয়াতকে) সৌন্দর্যমণ্ডিত কর। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৮
হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লম ইরশাদ করেছেন, (কিয়ামতের দিন) কুরআনের তিলাওয়াতকারী বা হাফেজকে বলা হবে-
اقْرَأْ، وَارْتَقِ، وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا.
তিলাওয়াত করতে থাক এবং উপরে উঠতে থাক। ধীরে ধীরে তিলাওয়াত কর, যেভাবে ধীরে ধীরে দুনিয়াতে তিলাওয়াত করতে। তোমার অবস্থান হবে সর্বশেষ আয়াতের স্থলে যা তুমি তিলাওয়াত করতে। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৪; জামে তিরমিযী, হাদীস ২৯১৪
এই ধীরস্থির বা তারতীলের সাথে তিলাওয়াত কেমন হবে তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। হযরত উম্মে সালামাহ রাযি.-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায ও তিলাওয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাঁর তিলাওয়াত ছিল-
قِرَاءَةً مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا
প্রতিটি হরফ পৃথক পৃথকভাবে উচ্চারিত। -জামে তিরমিযী, হাদীস ২৯২৩
অর্থাৎ কোনো জড়তা, অস্পষ্টতা ও তাড়াহুড়া ছিল না।
হযরত আনাস রাযি.-কে নবীজীর তিলাওয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাঁর তিলাওয়াত ছিল (মদের স্থানে) টেনে পড়া। এর পর তিনি بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ পাঠ করে শোনান এবং اللهِ , الرَّحْمٰنِ  ও الرَّحِيمِ এ সব জায়গার মদগুলো টেনে উচ্চারণ করে দেখান। -সহীহ বুখারী, হাদীস ৫০৪৬
সাহাবায়ে কেরামের তিলাওয়াতের বৈশিষ্ট্যও এমনই ছিল। ধীরস্থিরভাবে তিলাওয়াত করতেন তাঁরা। নিজেরা করতেন, অন্যদেরকেও তাগিদ দিতেন।
قَالَ عَلْقَمَةُ : صَلَّيْتُ مَعَ ابْنِ مَسْعُودٍ مِنْ أَوَّلِ النَّهَارِ إِلَى انْصِرَافِهِ مِنَ الْفَجْرِ فَكَانَ يُرَتِّلُ.
হযরত আলকামাহ রাহ. বলেন, আমি আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর সাথে নামায পড়লাম দিনের শুরু থেকে ফজর পর্যন্ত। তিনি তিলাওয়াত করছিলেন তারতীলের সাথে, ধীরস্থিরভাবে। -মুখতাছারু কিয়ামিল লাইল পৃ. ১৩১
وَقَرَأَ عَلْقَمَةُ عَلَى عَبْدِ اللَّهِ وَكَانَ حَسَنَ الصَّوْتِ. فَقَالَ: رَتِّلْ فِدَاكَ أَبِي وَأُمِّي. فَإِنَّهُ زَيْنُ الْقُرْآنِ
আলকামাহ রাহ. একবার হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি.-কে কুরআন তিলাওয়াত করে শোনাচ্ছিলেন। তিনি সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন। (তো তিনি কিছুটা দ্রুত পড়ে যাচ্ছিলেন) তখন ইবনে মাসউদ রাযি. বললেন, আমার বাবা-মা তোমার উপর কুরবান হোক! ধীরস্থিরভাবে তারতীলের সাথে তিলাওয়াত কর। এটা কুরআনের (তিলাওয়াতের) ভূষণ। -মুখতাসারু কিয়ামিল লাইল, পৃ. ১৩১
হযরত ইবনে মাসউদ রা.কে এক ব্যক্তি বলল,
إِنِّي لَأَقْرَأُ الْمُفَصَّلَ فِي رَكْعَةٍ، فَقَالَ عَبْدُ اللهِ: هَذًّا كَهَذِّ الشِّعْرِ، إِنَّ أَقْوَامًا يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، وَلَكِنْ إِذَا وَقَعَ فِي الْقَلْبِ فَرَسَخَ فِيهِ نَفَعَ
আমি এক রাকাতেই মুফাস্সালের [সূরা ক্বাফ থেকে সূরা নাস পর্যন্ত। (ফাতহুল বারী ২/২৫৮)] সব সূরা পড়ে নিই। হযরত ইবনে মাসউদ রাযি তখন বললেন, সে তো কবিতা আওড়ানোর মত পাঠ করা।
অনেক মানুষ কুরআন তিলাওয়াত করে, কিন্তু তা তাদের কণ্ঠনালির নিচেও যায় না। অথচ কুরআন তিলাওয়াত তখনই (পরিপূর্ণ) উপকারী হয় যখন তা অন্তরে গিয়ে বসে। -সহীহ মুসলিম, হাদীস ৮২২
وَعَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ: سَافَرْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ وَهُمْ يَسِيرُونَ إِلَيْهَا وَيَنْزِلُونَ بِاللَّيْلِ، فَكَانَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُومُ نِصْفَ اللَّيْلِ فَيَقْرَأُ الْقُرْآنَ حَرْفًا حَرْفًا، ثُمَّ حَكَى قِرَاءَتَهُ: ثُمَّ يَبْكِي حَتَّى تَسْمَعَ لَهُ نَشِيجًا.
হযরত ইবনে আবী মুলাইকা রাহ. বলেন, এক সফরে মক্কা থেকে মদীনায় যাওয়ার পথে আমি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর সাথে ছিলাম। দিনভর আমরা পথ চলতাম আর রাতে কোথাও তাবু ফেলে বিশ্রাম করতাম। হযরত ইবনে আব্বাস রাযি. মাঝরাতে নামাযে দাঁড়িয়ে যেতেন এবং খুব ধীরে ধীরে থেমে থেমে কুরআন তিলাওয়াত করতেন। এক একটি শব্দ স্পষ্ট ও পৃথক পৃথক শোনা যেত। আর নামাযে তিনি ডুকরে ডুকরে কাঁদতেন। এমনকি তাঁর হেঁচকির আওয়ায পর্যন্ত শোনা যেত। -মুখতাসারু কিয়ামিল লাইল পৃ. ১৩১
আরেক বর্ণনায় হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি.তিনি বলেন-
لَا تَهُذُّوا الْقُرْآنَ كَهَذِّ الشِّعْرِ، وَلَا تَنْثُرُوا كَنَثْرِ الدَّقَلِ، وَقِفُوا عِنْدَ عَجَائِبِهِ وَحَرِّكُوا بِهِ الْقُلُوبَ، وَلَا يَكُونُ هَمُّ أَحَدِكُمْ مِنَ السُّورَةِ آخِرَهَا.
তোমরা কবিতা পাঠের মত গড়গড় করে দ্রুত কালামে পাক তিলাওয়াত করো না এবং নষ্ট খেজুর যেমন ছুড়ে ছুড়ে ফেলা হয় তেমন করে পড়ো না বরং এর বিস্ময়কর বাণী ও বক্তব্যগুলোতে এসে থেমে যাও, হৃদয়কে নাড়া দাও। এ ভাবনা যেন না থাকে যে, এ সূরা কখন শেষ হবে! -মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ৮৮২৫
উলামায়ে কেরাম বলেন, কুরআন তারতীলের সাথে পড়া সুন্নত হওয়ার কয়েকটি কারণ :
১. তারতীলের সাথে তিলাওয়াত করা হলে কুরআনে বর্ণিত বিষয়গুলোর প্রতি মনোনিবেশ করা যায়।
২. আল্লাহ তাআলার কালামের প্রতি অধিক সম্মান প্রদর্শিত হয়।
৩. অন্তরে অধিক ক্রিয়া সৃষ্টি করে। -আলইতকান ফী উলূমিল কুরআন ১/১০৬
সুতরাং যারা অর্থ বুঝেন না তাদের জন্যও ধীরে তিলাওয়াত করা মুস্তাহাব। কারণ কুরআনের অর্থ বুঝতে না পারলেও কুরআনের প্রতি সম্মান প্রদর্শন ও অন্তরে ক্রিয়া সৃষ্টি হওয়া তো অবশ্যই সম্ভব।
উলামায়ে কেরাম এ বিষয়েও একমত যে, কুরআন তিলাওয়াত খুব দ্রুত করা ক্ষেত্রবিশেষে নাজায়েয।
আল্লামা যারকাশী রাহ. বলেন, তারতীল মানে কুরআনের শব্দগুলো ভরাট উচ্চারণে পাঠ করা এবং হরফগুলো স্পষ্ট করে উচ্চারণ করা। অন্যথায় এক হরফ আরেক হরফের সাথে যুক্ত হয়ে যাবে। কারো কারো মতে এটা তারতীলের সর্বনিম্ন মাত্রা।
নামাযে আমরা কুরআন তিলাওয়াত করে থাকি নামাযের ফরয বিধান হিসাবে। কুরআন তিলাওয়াতের যে আদবসমূহ উপরে আলোচিত হল সেগুলো নামাযে তিলাওয়াতের ক্ষেত্রে আরও বেশি  প্রযোজ্য। নামাযে তিলাওয়াতের ক্ষেত্রে ধীরস্থিরতা ও ভাবগাম্ভীর্য আরো বেশি মাত্রায় থাকতে হবে। তখন এগুলো শুধু তিলাওয়াতের বিষয় হিসাবেই থাকে না বরং এই ধীরস্থিরতা ও আত্মনিমগ্নতা নামাযেরও বিষয়।
নামাযের খুশু-খুযুর জন্য তিলাওয়াত তারতীলের সাথে হওয়া খুব জরুরি। তাছাড়া এত দ্রুত তিলাওয়াতের কারণে মদ্দ-গুন্নাসহ তাজবীদের অনেক কায়েদা লঙ্ঘিত হয় এবং হুরূফের ছিফাতের প্রতিও যথাযথ লক্ষ্য রাখা যায় না, ফলে দ্রুত পড়তে গিয়ে صএর জায়গায় س হয়ে যাওয়া, ش এর জায়গায় س হয়ে যাওয়া, ﻁ এর জায়গায় ت হয়ে যাওয়া কিংবা যেখানে টান নেই সেখানে টান হয়ে যাওয়া বা কোথাও টান আছে সেখানে টান না হওয়া (দ্রুত পড়তে গেলে এই টানের ভুল সব চেয়ে বেশি হয়) খুব সহজেই ঘটে যেতে পারে।
মোটকথা নামাযে দ্রুত তিলাওয়াত করতে গিয়ে নামায নষ্ট হয়ে যাওয়ার মত ভুল যদি নাও হয় বরং শুধু যদি এটুকু হয় যে, উচ্চারণে মাকরূহ পর্যায়ের বিঘ্ন ঘটছে তাহলে সেই নামাযও কি ত্রুটিযুক্ত হয়ে পড়ল না? আর যদি ধরে নেওয়া হয় যে, কেউ সকল উচ্চারণ ঠিক রেখে খুব দ্রুত পড়ে যেতে পারেন তার জন্যও তো নামাযে অন্তত এমনটি না করা উচিত। কারণ তাতে কুরআন তিলাওয়াতের ন্যূনতম আদবটুকুও যেমন রক্ষিত হয় না তেমনি নামাযে খুশু-খুযু রক্ষা করাও সহজ হয় না।
ফরয নামায ও অন্যান্য নামাযে আমরা কিছুটা ধীরস্থির তিলাওয়াত করে থাকি।  কিন্তু রমযানে তারাবীতে এত দ্রুত পড়ে থাকি, এতই দ্রুত যে তারতীলের ন্যূনতম মাত্রাও সেখানে উপস্থিত থাকে না। মদ্দ (টান), গুন্নাহ ও শব্দের উচ্চারণ বিঘ্নিত হয়ে তিলাওয়াত মাকরূহ পর্যায়ে গিয়ে পৌঁছে; বরং অর্থের পরিবর্তন হয়ে নামায নষ্ট হয়ে যায়, আমাদের অজান্তেই। আর খুশু-খুযু, ধ্যানমগ্নতা তো নষ্ট হচ্ছেই। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সুমহান কালাম পড়ছি বা শুনছি এমন ভাব-তন্ময়তা তো দূরের কথা কখন বিশ রাকাত তারাবী শেষ হবে এই চিন্তাই যেন সকলকে তাড়িত করতে থাকে।
নামায বা তিলাওয়াতের যে আদবটুকু ফরয নামাযে রক্ষা হয় তারাবীতে সেটুকু পাওয়াও দুষ্কর। দ্রুত তিলাওয়াত, দ্রুত রুকু, সেজদা, দ্রুত তাসবীহ। অনেকের মাঝে ধারণা জন্মে গেছে, তারাবী মানেই তাড়াতাড়ি পড়া। যার কারণে দেখা যায় যে, যারা ‘সূরা’-তারাবী পড়েন তারাও ভীষণ দ্রুত পড়েন।
অনেকেই মুসল্লিদের কষ্টের কথা বলে থাকেন। কিন্তু চিন্তা করে দেখুন, ধীরস্থিরভাবে বিশ রাকাত নামায পড়ার কারণে যতটুকু কষ্ট-ক্লান্তি আমাদের হয় তার চেয়ে বেশি হয় কিয়াম, রুকু, সেজদা, তাসবীহ দ্রুত করার কারণে। দুই রাকাত শেষে সালাম ফিরিয়েই মুহূর্তে দাঁড়িয়ে যাওয়া। চার রাকাত পড়ে খুব সামান্য একটু সময় বসে আবার শুরু করা। অথচ সালাফে সালেহীনের আমল কেমন ছিল তা আমরা পূর্বেই দেখে এসেছি।
মক্কা-মদীনার তারাবীর খোঁজ নিয়ে দেখুন, সেখানে কত ধীরস্থির তিলাওয়াত, দীর্ঘ বিশ্রাম, লম্বা সময় নিয়ে তারাবী। সেখানে কত দেশের, কত ধরনের, কত বয়সের মানুষ রয়েছে! অথচ আমাদের অবস্থা হল, বিরতিহীন উঠাবসার মাধ্যমে বিশ রাকাত শেষ করার এক প্রতিযেগিতা। অথচ হাদীস শরীফে কাকের ঠোকরের মত রুকু, সেজদা করা থেকে কত শক্তভাবে নিষেধ করা হয়েছে।
এর চেয়ে তিলাওয়াত ধীরে করে কিয়াম একটু লম্বা করলে, রুকু, সেজদায় সময় নিলে এবং উঠাবসায় ধীরস্থিরতা অবলম্বন করলে কষ্ট অনেকই কমে যাবে। বয়স্কদের কথা যদি বলেন তাদের জন্য তো ধীরস্থিরতাই সহজ। তাছাড়া বৃদ্ধ ও শিশুদের জন্য কেরাত ছোট করার কথা হাদীসে রয়েছে। তাড়াতাড়ি করার কথা তো নেই! এদের যদি খতম তারাবী একেবারেই কষ্ট হয়ে যায় তাহলে সূরা তারাবী পড়তে পারেন।
তারাবীর নামায যেমন গুরুত্বপূর্ণ আমল তেমনই ফযীলতের। হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.
যে ব্যক্তি বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় রমযানে কিয়াম করে (তারাবী, তাহাজ্জুদ সবই এর অন্তর্ভুক্ত) আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। -সহীহ বুখারী, হাদীস ২০০৯
অন্য হাদীসে ইরশাদ হয়েছে-
خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْم وَلَدَتْهُ أُمُّهُ
...সে যাবতীয় গুনাহ থেকে নবজাত শিশুর মত পবিত্র হয়ে যাবে। -সুনানে নাসায়ী, হাদীস ২২১০; সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৩২৮
এই যে এত এত সওয়াবের কথা হাদীস শরীফে উল্লেখ করা হল এগুলো পাওয়ার জন্য কি আমল সহীহ ও নির্ভুল হওয়া শর্ত নয়?! কিংবা আল্লাহ আমাকে এত সওয়াব দান করবেন, এর জন্য একটু ধৈর্য, একটু ধীরস্থিরতা, অন্তত সর্বনিম্ন আদবটুকু রক্ষা করাও কি আমার কর্তব্য নয়?
সুতরাং আমাদের অবশ্যকর্তব্য হচ্ছে, নামাযের কিয়াম, রুকু, সেজদা ও  তিলাওয়াতে ধীরস্থিরতা অবলম্বন করা ও নির্ভুল পড়া।

আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমীন।

ইসলামী আকায়েদই ঈমানের ভিত্তি

আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর সবচে’ বড় ফরজ হল, ঈমান। ঈমান বান্দার উপর আল্লাহর সবচে’ বড় হক। ঈমানের পরিচয় হল, ইসলামকে একমাত্র সত্যধর্ম মেনে কবুল করে নেওয়া। ইসলাম আকায়েদ ও আহকামের সমষ্টি। ইসলামের বর্ণিত সঠিক আকায়েদ, ইসলামের প্রদত্ত শরীয়ত মেনে নেওয়ার নাম ঈমান। আকায়েদ মানা, ইসলামী শরীয়ত অস্বীকার করা অথবা শরীয়ত মানা, ইসলামী আকায়েদ অস্বীকার করা উভয়ই কুফর। এ কুফর থাকা অবস্থায় ইসলামের দৃষ্টিতে কাউকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। যেমনটি আমি ‘উম্মাহর ঐক্য’ বইয়ে বিস্তারিত লিখেছি। শাখাগত মাসআলায় তো দলীলভিত্তিক মতবিরোধ সম্ভব। এমন মতবিরোধ হয়েছেও। ঐ মতবিরোধের দরুণ আল্লাহ পাকড়াও করবেন না। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মন্দ বলেননি। অবশ্য এ ব্যাপারে মতবিরোধের আদব-কায়দা রক্ষা করতে আমরা বাধ্য এবং এ ধরনের মতবিরোধ ঝগড়া বিবাদের মাধ্যম যেন না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। কিন্তু আকায়েদের ব্যাপারটি (মুমিন ও মুসলিম হওয়ার জন্য যে বিষয়গুলো আন্তরিকভাবে স্বীকার করা এবং সেগুলো সত্য বলে সাক্ষ্য দেওয়া জরুরি) সম্পূর্ণ ভিন্ন। তাতে দলীলভিত্তিক মতবিরোধের কল্পনাও করা যায় না। আকায়েদের বেলায় বিরোধ হয় সত্য-বিরোধীদের অন্যায় বিরুদ্ধাচরণ অথবা মূর্খতার কারণে। আকায়েদের ক্ষেত্রে বিরোধ আল্লাহ তাআলা মেনে নেননি। এক্ষেত্রে সবাইকে একমাত্র দ্বীন কবুল করে নেওয়ার আদেশ দিয়েছেন। সত্য দ্বীনের বিরুদ্ধাচরণকারীদের যালেম, ফাসেক ও কাফের আখ্যায়িত করেছেন। সুস্পষ্ট বলে দিয়েছেন, পরকালে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লামা খালেদ মাহমূদের ভাষায়- ‘ইসলামী আকায়েদে এ কথা অকাট্য যে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন একটাই। তা হল, ইসলাম। এ হতে পারে না যে, অন্যান্য ধর্ম আপন আপন জায়গায় সঠিক। সে মতবাদ অনুযায়ী চলেও পরকালে মুক্তি লাভ হবে। আখেরী নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না এনে কেউ মুক্তি পাবে না। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাযিআল্লাহু আনহুকে ইয়ামানে পাঠানোর সময় আহলে কিতাবদের ইসলামের দাওয়াত দিতে বলেছিলেন। সেসব দ্বীন আপন আপন ক্ষেত্রে মুক্তি দেওয়ার যোগ্য হলে তাদের ইসলামের দাওয়াত দেওয়ার কী প্রয়োজন ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযিআল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাযিআল্লাহু আনহুকে এ নির্দেশনা দিয়ে ইয়ামান পাঠান- إِنّكَ تَأْتِي قَوْمًا مِنْ أَهْلِ الْكِتَابِ، فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَن لَا إِلهَ إِلّا اللهُ وَأَنِّي رَسُولُ اللهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذلِكَ، فَأَعْلِمْهُمْ أَنّ اللهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ. তুমি আহলে কিতাবের (ইহুদী ও নাসারাদের) কাছে যাচ্ছ। প্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ্র সাক্ষ্য দেওয়ার দাওয়াত দিবে এবং এ কথার শাহাদাত প্রদানের দাওয়াত দিবে- মুহাম্মাদ আল্লাহর রাসূল। তারা এ কথা মেনে নিলে তাদেরকে বলবে, আল্লাহ তাআলা দিন ও রাতে তাদের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরজ করেছেন। (সহীহ মুসলিম, খ. ১, পৃ. ২৩৮, হাদীস ২৯; সহীহ বুখারী, খ. ৮, পৃ. ৪৯৩, হাদীস ৪৩৪৭) ইমাম তহাবী হানাফী রহমাতুল্লাহি আলাইহি ‘আলআকিদাতুত তাহাবিয়্যাহ’ কিতাবে বিষয়টি এভাবে লেখেন- ودين الله في الأرض والسماء واحد، وهو دين الإسلام، قال الله تعالى إن الدين عند الله الإسلام. আসমান ও জমিনের অধিবাসী সবার জন্য আল্লাহ তাআলার মনোনীত দ্বীন একটিই। তা হল, দ্বীনে ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে আল্লাহর নিকট (গ্রহণযোগ্য) দ্বীন কেবল ইসলাম। (সূরা আলে ইমরান (৩) : ১৯) আলআকিদাতুত তাহাবিয়্যাহ, পৃ. ৭৮৬ ইবনে হাযম জাহেরী রাহ. লেখেন- الإسلام دين واحد، وكل دين سواه باطل. অর্থাৎ ইসলাম একমাত্র সত্য ধর্ম। এছাড়া সব ধর্মই বাতিল। (আলমুহাল্লা, ইবনে হাযম, খ. ১, পৃ. ১০৪) আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এ আকীদাকে পেশ করেছেন এভাবে- من لم يقر باطنا وظاهرا بأن الله لَايقبل دينا سوى الإسلام فليس بمسلم. অর্থাৎ যে অন্তর ও মুখে একথা স্বীকার করে না, আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, তাকে মুসলমান ধরা হবে না। -ফাতাওয়া ইবনে তাইমিয়া, খ. ২৭, পৃ. ৪৬৩ এ থেকে সুস্পষ্ট হয়ে গেল সকল ধর্ম হক হওয়ার মতাবলম্বীরা ইসলামের দাবি করা সত্ত্বেও মুসলমান নন। (আকায়েদে আহলুসসুন্নাহ ওয়াল জামাআহ, মাওলানা মুহাম্মাদ তাহের মাসউদের ভূমিকা, পৃ. ৪৫-৪৬ থেকে গৃহিত) শায়খুল মাশায়েখ হযরত মাওলানা সালীমুল্লাহ খান রাহমাতুল্লাহি আলাইহির ভাষ্য হল, মানুষের নিজস্ব বলতে কিছু নেই। অস্তিত্ব তার নিজস্ব নয়। বিবেক ও প্রজ্ঞা, জ্ঞান ও বোধ নিজস্ব নয়। শোনা, দেখা এবং বলার শক্তিও নিজস্ব নয়। এ সবই খোদাপ্রদত্ত। নিঃস্ব এ মানুষের কাছে আছে কেবল শূন্যতা। এ শূন্যতা মহান আল্লাহর ইচ্ছাধীন। এ শূন্যতার মালিকও সে নয়। আসলে আল্লাহ তাআলার পুরস্কার ও অনুগ্রহ যে, তিনি মানুষকে এসব মূল্যবান নিআমতে ভূষিত করেছেন। বিবেকের সিদ্ধান্ত হল, পুরস্কারদাতা ও অনুগ্রহকর্তার কৃতজ্ঞতা জ্ঞাপন জরুরি। আর যে নিআমতদাতা এত উদারতার সঙ্গে অসংখ্য অগণিত নিআমত দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় তো যে কোনো অনুগ্রহকর্তা ও নিআমতদাতার চেয়ে বেশি করা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কৃতজ্ঞতা আদায়ের জন্য সর্বপ্রথম জরুরি কাজ হল, মহাপবিত্র খোদার সত্তা ও গুণ সংশ্লিষ্ট আকীদা সঠিক হতে হবে, তিনিই আহাদ-এক। সামাদ-তিনি কারো মুখাপেক্ষী নন; সকলে তাঁর মুখাপেক্ষী এবং ইবাদতের যোগ্য তিনিই। তিনিই আমাদের সবার খালিক ও মালিক। তিনিই প্রতিপালক, তিনিই রিযিকদাতা, তিনিই মৃত্যু ও জীবনদাতা। অসুস্থতা-সুস্থতা, ধনাঢ্যতা-দারিদ্র্য, লাভ-ক্ষতি শুধুই তাঁর ক্ষমতাধীন। সব মাখলুক তাঁরই সৃষ্টি করা। সবাই তাঁর মুখাপেক্ষী। তিনি কারও মুখাপেক্ষী নন। এ সৃষ্টিকর্মের মধ্যে কেউ তাঁর অংশীদার কিংবা পরামর্শক নেই। কেউ তাঁর হুকুম বদলাতে পারে না। না তাঁর কাজে কারও দখল দেওয়ার অবকাশ আছে। তিনি মালিকুল মুল্ক- রাজাধিরাজ। আহকামুল হাকিমীন- মহা বিচারক। এজন্য তাঁর প্রতিটি হুকুম মানা জরুরি। তাঁর হুকুমের বিপরীতে অন্য কারও হুকুম কখনো মানা যাবে না। চাই সে শাসনকর্তা, বাবা-মা কিংবা গোত্রপতি অথবা নিজের প্রবৃত্তি হোক। লা ইলাহা ইল্লাল্লাহ হোক আমাদের স্বীকারোক্তি ও ঘোষণা, আমাদের বিশ্বাস ও ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ হোক আমাদের আমল ও শান। এ আকীদাই দ্বীনের মূল ভিত্তি। সমস্ত নবীর সর্বপ্রথম ও গুরুত্বপূর্ণ ছবক। সাত আসমান, সাত জমিন এবং যা কিছু তাতে আছে সব এক পাল্লায় রাখা হলে আর লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখা হলে লা ইলাহা ইল্লাল্লাহ্র পাল্লা ভারী হবে। এ ফযীলত ও ওজন এজন্য যে, এ কালেমায় আল্লাহর তাওহীদের অঙ্গিকার ও স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তাঁরই ইবাদত-বন্দেগী করার, তাঁরই আদেশ মতো চলার, তাঁকেই পরম প্রার্থিত বানানোর, তাঁর সঙ্গেই সম্পর্ক করার সিদ্ধান্ত ও অঙ্গিকার। এটাই ঈমান ও ইসলামের রূহ। হাদীসে এসেছে- جَدِّدُوا إِيمَانَكُمْ، قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَكَيْفَ نُجَدِّدُ إِيمَانَنَا؟ قَالَ: أَكْثِرُوا مِنْ قَوْلِ لَا إِلَهَ إِلّا اللهُ. হে লোকসকল, ঈমান তাজা করে যাও। প্রশ্ন করা হল, কী করে ঈমান তাজা করব? বললেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। -মুসনাদে আহমাদ, হাদীস ৮৭১০; আলমুসতাদরাক, হাকেম, হাদীস ৭৬৫৭; আলমুনতাখাব মিন মুসনাদি আব্দ ইবনে হুমাইদ, হাদীস ১৪২৪ সে আল্লাহ জীবিত, জ্ঞানের অধিকারী, ক্ষমতাধর, সিফাতে কালামের অধিকারী, ইচ্ছা ও শ্রবণশক্তির অধিকারী, সৃষ্টি ও সৃজন তাঁর গুণ। তিনিই জীবন ও মৃত্যু দান করেন। সম্মান ও লাঞ্ছনা তিনিই দেন। محمد رسول الله কালেমার এ অংশে হযরত মুহাম্মাদ আল্লাহর রাসূল হওয়ার স্বীকারোক্তি ও ঘোষণা আছে। যার মর্ম হল, আল্লাহ তাআলা তাঁকে পৃথিবীবাসীর হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তিনি যা বলেছেন, যে খবর দিয়েছেন সব সঠিক। যেমন, কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া, ফেরেশতার অস্তিত্ব, কিয়ামত সংঘঠিত হওয়া, মৃতদের পুনরায় জীবিত হওয়া, নিজ নিজ আমল অনুযায়ী জান্নাত ও জাহান্নামে যাওয়া ইত্যাদি। রাসূলের প্রতি ঈমান আনার উদ্দেশ্যই হল, তাঁর সব কথা মানা। তাঁর শিক্ষা ও হেদায়েতকে আল্লাহ তাআলার শিক্ষা ও হেদায়েত মনে করা এবং তাঁর বিধান মোতাবেক চলার সিদ্ধান্ত গ্রহণ করা। কেউ যদি কালেমা পড়ে কিন্তু এ সিদ্ধান্ত না নেয়, আমি নবীজীর বর্ণিত প্রতিটি কথা একেবারে সত্য এবং তাঁর বিপরীতের সব কথা ভুল বলে বিশ্বাস করব, তাঁর আনীত শরীয়ত ও হুকুম অনুযায়ী চলব- তাহলে এমন মানুষ মুসলমান বলে গণ্য হবে না। কালেমা মূলত একটি অঙ্গীকার ও স্বীকারোক্তি। এর মর্ম এটাই- আমি শুধু আল্লাহ তাআলাকে সত্য খোদা এবং মাবুদ ও মালিক মানি। দুনিয়া ও আখেরাতের সবকিছুর চেয়ে তাঁর সাথে বেশি মুহাব্বত ও সম্পর্ক রাখছি। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য রাসূল মানছি। উম্মতের এক সদস্যের মতো আমি তাঁর আনুগত্য ও অনুসরণ করব এবং তাঁর আনীত শরীয়তের উপর আমল করতে থাকব। আকায়েদের বিষয়টি বড় গুরুত্বপূর্ণ। আকীদা দ্বীনে ইসলামের মূল বিষয়। আমল হল, তার শাখা। আকীদা ঠিক না হলে দোযখে চিরস্থায়ী আযাব ভোগ করতে হবে। আমলে অবহেলা হলে নাজাতের আশা করা যায়। নাজাত হয়ত শুরুতেই লাভ হবে অথবা শাস্তি ভোগ করার পর। (আকায়েদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, পৃ. ২৮-৩০) আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী আকীদার যথার্থ ও বিস্তারিত জ্ঞান লাভ করার তাওফীক দান করুন। ঈমান নবায়নের এমন তাওফীক দান করুন, যার প্রভাব আমাদের কথা ও কাজ, আমাদের চরিত্র ও কর্মকাণ্ডে দৃশ্যমান হয়। আমাদেরকে এ বাস্তবতাও মনে রাখতে হবে, যা হযরত মাওলানা আব্দুল হক খান বশীর লিখেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের স্বীয় যুগের ইমাম হযরত মাওলানা সারফরায খান সফদর রাহমাতুল্লাহি আলাইহি যার পূর্ণ সমর্থন করেছেন এভাবে- ‘উপমহাদেশ পাক-ভারতে গত চার শতাব্দীর মধ্যে অসংখ্য ফেতনার জন্ম হয়েছে। মুসলমানদেরই কিছু মূর্খ ও স্বার্থপর ধর্মীয় নেতৃত্বের কারণে শিরক ও বিদআতের উত্থান হয়। কবর পূজার প্রবণতা সৃষ্টি হয়। অগণিত শরীয়তবিরোধী প্রথার জন্ম হয়। চিন্তাগত কুবিশ্বাস মুসলিম উম্মাহর ঐক্য ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলে। খতমে নবুওত, হাদীসের প্রামাণ্যতা, সুন্নাহর প্রামাণ্যতা, তাকলীদের প্রামাণ্যতা, মুজিযা ও কারামাতের বাস্তবতা, সাহাবা ও আহলে বাইতের মর্যাদা এবং নবীদের নিষ্পাপ হওয়ার মতো শরীয়ত বর্ণিত সর্বসম্মত আকীদা অস্বীকার করে বিভ্রান্তির নতুন পথ খোলা হয়েছে। এ অবস্থায় ইমামে রাব্বানী, মুজাদ্দিদে আলফেসানী হযরত শাইখ আহমদ সারহিন্দী রাহ., হাকীমুল হিন্দ হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহ. এবং সিরাজুল হিন্দ হযরত ইমাম শাহ আব্দুল আযীয দেহলভী রাহ. প্রমুখ বুযুর্গগণ সমস্ত জটিলতা সহ্য করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুতাওয়াতির ও মুতাওয়ারাস আকীদা হেফাজতের দায়িত্ব আঞ্জাম দেন। তাঁদের পর তাদের প্রকৃত জ্ঞানগত আত্মিক উত্তরাধিকারী আকাবিরে দেওবন্দ এ দায়িত্ব যথাযথ সামলান। এদিক থেকে তাঁদের চেষ্টা-মেহনত অন্যান্য দল থেকে স্বতন্ত্র মর্যাদা এনে দিয়েছে। এ কথা বললে অত্যুক্তি হবে না; এ যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুতাওয়াতির ও মুতাওয়ারাস আকীদা ও দৃষ্টিভঙ্গি হেফাজতের ক্ষেত্রে দেওবন্দের বুযুর্গদের উপমা খুঁজে পাওয়া মুশকিল। তাঁরা পরিপূর্ণভাবে তাদের মেধা, চিন্তা, জ্ঞান ও বোধ এ চেষ্টা ও মেহনতে ব্যয় করেন। যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুতাওয়াতির ও মুতাওয়ারাস আকীদা ও চিন্তায় কোনো ধরনের পরিবর্তন ও পরিবর্ধন অনুপ্রবেশ করতে না পারে। এমনকি এ প্রচেষ্টায় নিজের আপনজন বাধা হলেও তাদেরকে নিজেদের থেকে পৃথক করতে দ্বিধাবোধ করতেন না। যার একাধিক উদাহরণ আছে। দেওবন্দের পূর্বসূরিদের এই আন্তরিকতা, দ্বীনদারিতা ও দায়িত্বশীলতা ও পূর্ণ প্রচেষ্টার ফলাফল হয়েছে এই- আজ আমরা পূর্ণ বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে এ দাবি করতে পারি, আলহামদু লিল্লাহ আমাদের কাছে আহলুসসুন্নাহ ওয়াল জামাআতের আকীদা সে অবস্থাতেই আছে এবং সে ব্যাখ্যা ও বিশ্লেষণসহই আছে, যে অবস্থায়, যে ব্যাখ্যা-বিশ্লেষণসহ প্রথম ও দ্বিতীয় শতাব্দীর মুসলমানদের কাছে ছিল। দেওবন্দের পূর্বসূরিদের জ্ঞানগত ও আত্মিক উত্তরাধিকারীরা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা সংরক্ষণের এ দায়িত্ব পালন করে যাবে। (আকায়েদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, পৃ. ৩৫-৩৬) আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদা গ্রহণ করা, তার উপর অবিচল থাকা এবং তার সংরক্ষকদের কৃতজ্ঞতা আদায়ের তাওফীক দান করুন- আমীন। 

একটি ভুল ধারণা

কবরের সুওয়াল-জওয়াবের সময় কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে?
কোনো কোনো মানুষের ধারণা, কবরে সুওয়াল-জওয়াবের সময় যখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে তখন সরাসরি নবীজীকে দেখিয়ে বা নবীজীর ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে। তাদের এ ধারণা ভিত্তিহীন।
কুরআন-হাদীসের কোথাও এমন কথা উল্লেখ নেই। ফলে হাদীস বিশারদগণ নবীজীকে দেখানোর কথা প্রত্যাখ্যান করেছেন। ইবনে হাজার আসকালানী রাহ. বলেন-
أن هذا لم يرد في خبر صحيح.
কোনো সহীহ বর্ণনায় একথা উল্লেখ হয়নি। -মাজমূআতুর রাসায়িলিল মুনিরিয়্যাহ খ. ৪ (ফাতাওয়া ইবনে হাজার আসকালানী), পৃ. ৪১; শরহুস সুদূর, সুয়ূতী রাহ. পৃ. ১৪৫
এ সংক্রান্ত বর্ণনার هذا الرجل (এই ব্যক্তি) শব্দ থেকে কেউ কেউ যদিও বলতে চেয়েছেন যে, নবীজীকে দেখানো হবে- কিন্তু তাদের কথা সহীহ নয়। কারণ, সহীহ বুখারীর বর্ণনায় (হাদীস ১৩৩৮) রয়েছে-
مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرّجُلِ مُحَمّدٍ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ؟
এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তোমার কী বিশ^াস ছিল?
হযরত মাওলানা তাকী উসমানী দামাত বারাকাতুহুমও তাকমিলা ফাতহুল মুলহিমে এ বিষয়ে আলোচনা করেছেন যে, সুওয়াল-জওয়াবের সময় নবীজীর ছবি দেখানো বিষয়ে যে কথা সমাজে প্রচলিত আছে তা দলীলসিদ্ধ নয়। -তাকমিলা ফাতহুল মুলহিম খ. ৬, পৃ. ২৪১

শবে বরাতে ইবাদতের ফযীলত বিষয়ে ঈসা আ. ও বুযুর্গ বৃদ্ধের কাহিনী,

১৫ই শাবানের রাত অর্থাৎ ১৪ই শাবান দিবাগত রাতকে ফার্সী, উর্দূ ও বাংলা ভাষায়  শবে বরাত বলা হয়। হাদীস শরীফে এ রাতকে ‘লাইলাতুন নিছফি মিন শাবান’ বলা হয়েছে। এ ব্যাপারে সঠিক ও ভারসাম্যপূর্ণ অবস্থান  হল, এ রাতের ফযীলত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। সম্মিলিত কোনো রূপ না দিয়ে এবং এই রাত উদ্যাপনের বিশেষ কোনো পন্থা উদ্ভাবন না করে বেশি ইবাদত করাও নির্ভরযোগ্য রেওয়ায়েত দ্বারা প্রমাণিত। এই রাতকে অন্যসব সাধারণ রাতের মত মনে করা এবং এ রাতের ফযীলতের ব্যাপারে যত হাদীস এসেছে তার সবগুলোকে ‘মওযূ’ বা ‘যঈফ’ মনে করা যেমন ভুল তেমনি এ রাতকে শবে কদরের মত বা তার চেয়েও বেশি ফযীলতপূর্ণ মনে করাও ভিত্তিহীন ধারণা।

তাবলীগ জামাতের বিবাদ : দ্বীনদারি রক্ষা করুন

দ্বীনদার হওয়া যেমন জরুরি, দ্বীনদারি রক্ষা করা তার চেয়েও বেশি জরুরি। প্রত্যেক মুসলিমকে আমৃত্যু দ্বীনদার থাকতে হবে। দ্বীনদারির উপরই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কাজেই দ্বীনদারি রক্ষার চেতনা প্রত্যেক মুসলিমের মাঝেই জাগ্রত থাকতে হবে।
দ্বীন ও ঈমান মুমিন-মুসলমানের অমূল্য সম্পদ। আখিরাতের নাজাতের একমাত্র সম্বল। এই সম্বল হাতছাড়া করার কোনো উপায় নেই। কাজেই যা কিছু দ্বীনদারের দ্বীনদারিকে খতম করে বা ক্ষতিগ্রস্ত করে তা থেকে বেঁচে থাকা অতি প্রয়োজন। তেমনি যেসকল ক্ষেত্র ও পরিস্থিতি দ্বীনদারিকে ঝুঁকির মুখে ফেলে ঐসকল ক্ষেত্র ও পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন কাম্য। এর জন্য প্রয়োজন জানা ও মানা। ক্ষতিকর বিষয় ও ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলো সম্পর্কে ভালোভাবে জানা এবং সেই জানাকে মানায় পরিণত করা।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মতকে কল্যাণের বিষয়গুলো জানিয়েছেন তেমনি অকল্যাণের বিষয়গুলো সম্পর্কেও সাবধান করেছেন। অনেক হাদীসে তিনি মানুষের  ঐসকল কর্ম ও স্বভাবকে চিহ্নিত করেছেন, যা দ্বীনদারিকে ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত করে। একটি হাদীসে তিনি বলেছেন, ‘সম্পদ ও মর্যাদার লালসা মানুষের দ্বীনদারিকে যেভাবে তছনছ করে দিতে পারে দুটো ক্ষুধার্ত বাঘও পারে না একটি ছাগলের পালকে তার চেয়ে বেশি তছনছ করতে।’ -জামে তিরমিযী, হদীস ২৩৭৬; মুসনাদে আহমাদ, হাদীস ১৫৭৮৪   
এই হাদীস যেন সম্পদ ও সম্মানের মোহের কারণে ক্ষতিগ্রস্ত দ্বীনদারির দৃশ্যটি একেবারে প্রত্যক্ষ করে দিয়েছে। দ্বীনদারির ক্ষতিগ্রস্ততা যেহেতু চর্মচক্ষে দেখার মতো বিষয় নয়, তাই দ্বীনী অন্তর্দৃষ্টির অভাব থাকলে তা খুব সহজে ধরা পড়ে না। এ কারণেও এ বিষয়ে অধিক সতর্কতা এবং দ্বীনী অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের শরণাপন্নতা কাম্য।
সম্পদের মোহগ্রস্ত মানুষ যেমন হালাল-হারামের তোয়াক্কা করে না তেমনি পদ ও নেতৃত্বের মোহগ্রস্ত মানুষও জায়েয-না জায়েযের চিন্তা করে না। এইসব চিন্তা তখন গৌণ হয়ে যায়; অর্থ-বিত্ত আর প্রভাব-প্রতিপত্তি অর্জনই মুখ্য হয়ে ওঠে। আর এ কারণে নিজেও যেমন বিচ্যুতির পথে ধাবিত হয়, আরো অনেককে ধাবিত করে। একে একে সব রকমের না জায়েয ও অবৈধ কাজই সংঘটিত হতে থাকে। তখন নিজের অন্যায়-অপরাধের দায় তো নিজের কাঁধে চাপেই, অন্যদের অন্যায়-অপরাধের দায়ও- যাদের সে প্ররোচিত করেছে- কাঁধে চাপে। যদিও একারণে সেই অন্ধ অনুসারীদেরও দায়মুক্তি ঘটে না। কী ভয়াবহ ব্যাপার!
একটু গভীরভাবে তাকালে দ্বীনদারির এই ভয়াবহ ক্ষতিগ্রস্ততার বিভিন্ন দৃষ্টান্ত চোখে পড়বে। জাগতিক ক্ষেত্রেও, ধর্মীয় ক্ষেত্রেও। এখন দেশব্যাপী যে নির্বাচনী তোড়জোড় চলছে- কে না জানে এই নির্বাচন ও রাজনীতির ধারায় কত মানুষের দ্বীনদারি বিপর্যস্ত হয়েছে! কটূক্তি-মিথ্যাচার ও অর্থের অবৈধ লেনদেন থেকে শুরু করে কোন্ অনাচারটা আছে, যা এসময় এই ক্ষেত্রে সংঘটিত হয় না? এত সব অনাচার-পাপাচারের পিছনে সম্পদের লিপ্সা আর ক্ষমতার মোহ ছাড়া আর কী আছে?
যুগ যুগ ধরে রাজনীতিতে যে অহেতুক দ্বন্দ্ব-সংঘাত এ তো পার্থিব পদ-পদবী, ক্ষমতা ও কর্তৃত্ব-লিপ্সারই উদাহরণ। ধর্মীয় ক্ষেত্রেও সম্প্রতি যে বিরোধটি ব্যাপক রূপ ধারণ করেছে এরও গোড়ায় কি এই লিপ্সাই কার্যকর নয়? ধর্মীয় নেতৃত্ব-লিপ্সাও তো পার্থিব লালসাই। শুধু ক্ষেত্র ও প্রকারটি ভিন্ন। এটাও মানুষের দ্বীনদারিকে ঐভাবে তছনছ করতে পারে, যেভাবে পারে রাজনৈতিক কর্তৃত্ব ও ক্ষমতার লিপ্সা। কোনো কোনো দিক থেকে তো এটা প্রথমটার চেয়েও ভয়াবহ। কারণ এক্ষেত্রের অনাচার-পাপাচারগুলো তখন সংঘটিত হয় দ্বীনের নামে ও ধর্মের ছদ্মাবরণে। তেমনি যে মানুষগুলো একটা সময় পর্যন্ত শান্তশিষ্টভাবে দ্বীন মেনে চলার চেষ্টা করেছে তারাই এর চক্করে পড়ে বরবাদ হয়। কে না বুঝবে যে, দ্বীনের নামে অনাচার আর দ্বীনদারের বেদ্বীনীর শিকার হওয়ার চেয়ে মর্মান্তিক ব্যাপার আর কিছুই হতে পারে না!
মুসলিমসমাজে দ্বীন প্রচারের যত মেহনত সব তো এজন্যই যে, মানুষ যেন দ্বীনদার হয়, সত্যবাদী হয়, সত্যনিষ্ঠ হয়, আল্লাহর হক ও বান্দার  হক সম্পর্কে সচেতন হয়। এখন -খোদা নাখাস্তা- কোনো দ্বীনী মেহনতে জড়িত লোকদেরই একটি দল যদি মিথ্যাচার ও প্রতারণা এবং দ্বীনের অপব্যাখ্যা ও সেই অপব্যাখ্যার পক্ষাবলম্বনের মত ভয়াবহ বিষয়ে লিপ্ত হয় তাহলে বুঝতে হবে, এরা এই মেহনতের আসল পথ থেকে বিচ্যুত। এই বিচ্যুতি, বিচ্যুতির পক্ষপাত এবং তৎপ্রসূত বিবাদ-বিসংবাদ যখন সামনে আসে তখন অনেক বেশি সতর্কতা জরুরি হয়ে পড়ে। আর তা জরুরি হয় নিজের দ্বীনদারি রক্ষার স্বার্থে। দ্বীনের মেহনতটি রক্ষার স্বার্থে।
এ অবস্থায় যেমন বিভেদ-বিসংবাদের স্বরূপ বোঝা এবং বিবাদমান পক্ষগুলোর সঠিক ও নির্মোহ মূল্যায়ন জরুরি হয়ে পড়ে, তেমনি সকল পক্ষের স্ব স্ব দ্বীনদারি রক্ষার স্বার্থে চিন্তা ও কর্ম এবং আচরণ ও উচ্চারণে আরো সংযমী হওয়াও জরুরি হয়ে পড়ে। বলাবাহুল্য, এটা উম্মতের জন্য অনেক বড় এক পরীক্ষার মুহূর্ত। কাজেই এই পরিস্থিতি ক্রোধ ও জিঘাংসার পরিস্থিতি নয়, আল্লাহর দরবারে রোনাজারি, সর্বোচ্চ সংযম ও ন্যায়নিষ্ঠার পরিচয় দেওয়ার পরিস্থিতি।
বিভেদ-বিসংবাদের সঠিক মূল্যায়ন একারণেও জরুরি যে, অজ্ঞতাবশত কারো কর্ম ও তৎপরতা যেন অন্যায় ও বিচ্ছিন্নতার পক্ষে চলে না যায়। সেক্ষেত্রে শুধু দ্বীনী বিষয়ে বিচ্ছিন্নতা প্রচারের দায়ই বর্তাবে না; এই বিভেদকে শক্তিশালী করার দায়ও বর্তাবে। কারণ বিবাদ-বিসংবাদ দূর হওয়ার যৌক্তিক উপায় হচ্ছে ন্যায়ের পক্ষে সকলের একমত হয়ে যাওয়া। অন্যায়ের পক্ষে সমর্থন ও সহযোগিতা প্রত্যাহার করে নেওয়া। কাজেই এধরনের ক্ষেত্রে মৌলিকভাবে দুটো বিষয়ের অপরিহার্যতা যে কেউ বুঝবেন; একটি হচ্ছে, দ্বন্দ্ব-সংঘাতের ক্ষেত্রে হক্বকে বোঝা ও হক্বের উপর থাকা। আর দুই. সব রকমের জুলুম-অবিচার থেকে বেঁচে থাকা।
নীতিগতভাবে প্রত্যেকেই স্বীকার করেন যে, আমাদেরকে সর্বাবস্থায় হক্বের উপরই থাকতে হবে। বর্তমানে তাবলীগ জামাতে যে বিভেদ-বিশৃঙ্খলা এতে ন্যায়-অন্যায়ের বিষয়টি অস্পষ্ট নয়। কাজেই নীতিগতভাবে যা প্রত্যেকে স্বীকার করেন, সদিচ্ছা থাকলে প্রায়োগিক ক্ষেত্রেও তার অনুসরণ কঠিন নয়।
শুরুতে বিষয়টি ব্যাপকভাবে সামনে না এলেও এখন তো দারুল উলূম দেওবন্দের পরিষ্কার সিদ্ধান্ত এবং প্রাজ্ঞ ও স্বীকৃত উলামায়ে কেরামের অবস্থান সবার সামনে রয়েছে। কাজেই অস্পষ্টতার অজুহাত এখন অবান্তর।
হযরত ওমর ইবনে আব্দুল আযীয রাহ.-এর একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। তিনি তাঁর সঙ্গীদের জিজ্ঞাসা করলেন, বল তো সবচেয়ে বুদ্ধিহীন মানুষ কে? তারা বললেন, ‘যে দুনিয়ার জন্য দ্বীন বিসর্জন দেয়।’ তিনি বললেন, আমি কি বলব, এর চেয়েও নির্বোধ কে? ‘যে অন্যের দুনিয়ার জন্য নিজের দ্বীন বিসর্জন দেয়।’ -হিলইয়াতুল আউলিয়া ৫/৩২৫
হযরত ওমর ইবনে আব্দুল আযীয রাহ. এই উক্তিটি যে কোনো পর্যায়ের শায ও বিচ্ছিন্ন মতের অন্ধ অনুসারী ও অতি উৎসাহী কর্মীদের ক্ষেত্রেও বিশেষভাবে প্রযোজ্য।
শায ও বিচ্ছিন্ন মতের লোকেরা অজ্ঞতাবশত কিংবা নেতৃত্বের লিপ্সা বা অন্য যে কোনো কারণে ঐ শুযূয ও বিচ্ছিন্নতা অবলম্বন করে থাকুক, এদের অন্ধ অনুসরণের দ্বারা যারা নিজেদের দুনিয়া-আখিরাত বরবাদ করছেন তাদের কি চিন্তা করা উচিত নয় যে, অন্যের দুনিয়া সাজিয়ে দেয়ার জন্য কেন তারা নিজেদের দুনিয়া-আখিরাত বরবাদ করবেন? কেন নিজেদেরকে জুমহুরে আহলে হক্ব থেকে বিচ্ছিন্ন ও একঘরে করবেন? কেন নিজেদেরকে আহলে হক্বের কাছে অবাঞ্ছিত করে রাখবেন?
আপনার ইতিপূর্বের পরিচয় যা-ই হোক- সাধারণ শিক্ষায় শিক্ষিত দ্বীনদার কিংবা মাদরাসায় পড়া দ্বীনদার, আপনার যদি আত্মমর্যাদা থাকে, দ্বীন ও ইলমে দ্বীনের দিকে নিসবতের মর্যাদা থাকে, তাহলে বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা করুন। নিজের সাথে নিজে বোঝাপড়া করুন। আল্লাহর কাছে সঠিক পথের সন্ধান প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সঠিক পথের সন্ধান  দেবেন।
বর্তমান পরিস্থিতির আরেক করণীয় হচ্ছে, প্রত্যেকে নিজের আচরণ-উচ্চারণে পূর্বের চেয়েও বেশি সতর্ক হওয়া। বিষয়টি যেহেতু বিবাদ-বিসংবাদের রূপ গ্রহণ করেছে এবং অন্যায় হলেও পক্ষ-বিপক্ষের ব্যাপার দাঁড়িয়ে গেছে কাজেই এখানে আলোচনা-পর্যালোচনা ও সংলাপের প্রসঙ্গ আসতেই পারে। এক্ষেত্রে ‘মুজাদালা বিল আহসান’-উত্তম পন্থায় বিতর্কের পথই অবলম্বন করতে হবে। শরীয়তে আলোচনা-পর্যালোচনা নিষিদ্ধ নয়, প্রয়োজনের ক্ষেত্রে তা কাম্যও বটে, তবে তা হতে হবে শরীয়তের উসূল ও আদাব অনুসারে, উত্তম পন্থায়। নিয়ত, কর্মপন্থা ও ফলাফল সব এখানে নজরে রাখতে হবে। এখানে যেমন অন্যায় পক্ষপাত ও অন্যায়ের প্রতি পক্ষপাতের অবকাশ নেই তেমনি অন্যায় কাদা ছোড়াছুড়ি, অসংযত শব্দ-বাক্য ব্যবহারেরও সুযোগ নেই।
এধরনের মতভেদের ক্ষেত্রে বিতর্কের অন্যতম সাধারণ উসূল হচ্ছে, হক্ব ও সত্য প্রতিষ্ঠার নিয়ত, হক্বের প্রতি ওফাদারি এবং আল্লাহর বান্দাদের প্রতি কল্যাণকামিতার চেতনা। আর একারণেই শরয়ী দলীল-প্রমাণ এবং শরীয়তের মাহির ব্যক্তিবর্গের সিদ্ধান্তই এখানে ফয়সালার মূল উপকরণ।
কাজেই অপ্রয়োজনীয় ও অসংযত কথাবার্তা উভয় পক্ষকেই বর্জন করতে হবে। আল্লাহকে হাজির নাজির জেনে নিজের আখিরাতকে সামনে রেখে অগ্রসর হতে হবে। মনে রাখতে হবে, বিবাদ-বিসংবাদের ক্ষেত্রগুলো পদস্খলনের বড় ক্ষেত্র। ঈমান-আমল বরবাদ হওয়ারও বড় ক্ষেত্র। কাজেই প্রত্যেকে সংযত হোন, সংযমী হোন, নিজের আখিরাতকে স্মরণ করুন এবং দ্বীনদারি রক্ষা করুন।
আল্লাহ তাআলা সকলকে তাওফীক দান করুন- আমীন।

ঝরে যাওয়া ফুলের প্রতি এ কেমন অবজ্ঞা

ঝরে যাওয়া ফুলের প্রতি এ কেমন অবজ্ঞা! কেমন অকৃতজ্ঞতা!! যখন বাগানের ফুল ছিলাম, পাপড়ি-মেলা তাজা ফুল, তখন তো ভালোবাসতে! অন্তত ভালোবাসার কথা বলতে!! একটু সুবাস-সান্নিধ্যের জন্য ছুটে আসতে!!!
সুবাস দিতে কার্পণ্য করেছি?!
যখন ডাল থেকে ছিঁড়ে ফুলদানিতে সাজাতে চাইলে, ব্যথা পেলাম, তবু অস্বীকার করিনি। তোমার ঘরে বসে তোমাকে সুবাস দিয়েছি। যখন শুকিয়ে গেলাম, ফুলদানি থেকেও ছুঁড়ে ফেললে! হায়রে নিষ্ঠুর!! হায়রে অকৃতজ্ঞ!!
আমি শুকনো ফুল, মাটির সঙ্গে মিশে গিয়েছি, ভাবছো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে! নাহ, এখনো পারি তোমাকে সুবাস দিতে, যদি একটু কৃতজ্ঞ থাকো। কৃতজ্ঞতা এখনো ফুল ফোটায়, গোলাব, বেলি, শিউলি, সব রকম ফুল।
বিশ্বাস হলো না! তাহলে যা বলেছি সব ভুল। দয়া করে ভুলে যাও শুকনো ফুলের ভুল। 
 রুচিশীল সাহিত্য-সাধকের চিন্তা হয়ে থাকে খুবই উন্নত, গভীর ও সুদূর প্রসারী। তিনি উপলব্ধি করেন নির্বাক জড়বস্তুর অভিব্যক্তি এবং তাতে আপ্লুত হন। কখনো অন্যকেও আপ্লুত করেন। ঠিক যেমনটি কবি বলেছেন-
خدا اگر دل فطرت شناس دے تجهكو + سكوت لالہ وگل سے كلام پيدا كر
অর্থ : খোদা যদি তোমায় দান করেন প্রকৃতি-বৎসল হৃদয়
তবেই বুঝবে লালা ও গোলাবের ভাষাহীন বাণী।

মাদরাসাতুল মদীনাহ হযরতপুর প্রাঙ্গণে আছে ছোট্ট একটি শিউলি ফুলগাছ। অবিরাম অসংখ্য ফুল দ্বারা যা গোটা পরিবেশকে সুবাসিত করে রেখেছে। ফুল তো সবাই দেখে এবং তার সৌন্দর্য উপভোগ করে, কিন্তু তা থেকে নিত্যনতুন উপলব্ধি গ্রহণ তাওফীকপ্রাপ্ত মানুষের কাজ। উপরের সংক্ষিপ্ত লেখায় এ ধরনেরই এক ভিন্নধর্মী উপলব্ধির সাথে আমাদের পরিচিত করা হয়েছে। আল্লাহ তাআলা তাঁকে উত্তম বিনিময় দান করুন। সুস্থতা ও নিরাপত্তার সাথে নেক ও দীর্ঘ হায়াত দান করুন। আমীন।
এ লেখা থেকে গ্রহণ করার মতো অনেক কিছুই আছে। তবে প্রথমেই আমার মনে যে দুটি বিষয় এসেছে তা এখানে তুলে ধরছি।
এক. সবকিছুর মধ্যেই সবর ও কোমলতা গুরুত্বপূর্ণ সুন্নত। কিন্তু অনেক সময় আমাদের অভ্যাস হল, দীর্ঘদিন ব্যবহারের পর কোনো বস্তু ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে তা নির্দয়ভাবে ছুঁড়ে ফেলি। কোনো কিছু পুরনো হয়ে গেলে বা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে সাধারণত তার ব্যবহারের সমাপ্তি ঘটাতেই হয়। কিন্তু তা হওয়া চাই কোমলভাবে, কৃতজ্ঞতা ও কৃতার্থতার সাথে। যখন কোনো সাথীকে পুরোনো কলমটা নির্দয়ভাবে ছুঁড়ে মারতে দেখি তখন খুব কষ্ট হয়। এটা হয়তো হাদীসে শেখানো স্থিরতা ও গাম্ভীর্যের পরিপন্থী। হাদীসে দস্তরখানা উঠানোর সময় নিম্নোক্ত দুআর তালকীন করা হয়েছে-
اَلْحَمْدُ لِلهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ، غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا .
এই দুআর মধ্যে غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا অংশের প্রতিটি বাক্য থেকে উপরোক্ত শিক্ষাই পাওয়া যাচ্ছে।
দুই. যার জীবন ফুলসম তাঁর কাছ থেকে গ্রহণ অব্যহত রাখা উচিত।
ফুলের মতো যার জীবন তার উপরও বিভিন্ন পরিস্থিতি আসতে পারে। এমনকি তার মৃত্যুও হতে পারে। তখন এমন হওয়া উচিত নয় যে, সসম্মানে সমাহিত করেই তার সাথে সব সম্পর্ক শেষ। বরং তাঁর ফুল থেকে আমরা যে সুবাসিত হচ্ছি তার শুকরিয়াস্বরূপ তাঁর জন্য ইস্তিগফার ও ঈসালে সওয়াবের ধারা চালু রাখা। আর ফুলের যে সুবাস তিনি সদকায়ে জারিয়ারূপে রেখে গেছেন তা থেকেও ইস্তেফাদা অব্যাহত রাখা উচিত।
আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর প্রতিটি নিআমত কাজে লাগানোর এবং নিআমতের কৃতজ্ঞতা প্রকাশের তাওফীক দান করুন। ফুলের যথাযোগ্য মর্যাদা দান এবং ফুলের মতো জীবন অবলম্বনের তাওফীক দান করুন। আমীন।



Popular Posts

একটু চিন্তা করুন ।

                      أعوذ بالله من الشيطان الرجيم                           بسم الله الرحمن الرحيم                 সকল মুসলিম ভাই বোন ক...

Search This Blog

Followers